বাউলদের ওপর হামলার প্রতিবাদে ওসমান হাদি কনসার্ট আয়োজনের পোস্ট করেনি, সম্পাদিত স্ক্রিনশট প্রচার

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে গ্রেফতার হওয়া বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে প্রতিবাদ সমাবেশে যোগ দিতে এসে হামলার শিকার হয়েছেন একাধিক বাউল শিল্পী। গত ২৬ নভেম্বর দুপুরে ঠাকুরগাঁও আদালত প্রাঙ্গণে চায়ের দোকানের সামনে এ হামলার ঘটনা ঘটে। এরই পরিপ্রেক্ষিতে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি শিল্প-সংস্কৃতি ও বাউল সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে ‘কনসার্ট ফর ঢাকা-৮’ শীর্ষক একটি কনসার্ট আয়োজন করেছেন এবং সেটি তার ফেসবুক পেজে পোস্ট করেছেন, এমন দাবি সংবলিত একটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হয়েছে।

উক্ত দাবির ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত স্ক্রিনশটটি সম্পাদিত এবং হাদি এমন কোনো পোস্ট করেননি। যদিও ওসমান হাদি তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে কনসার্ট ফর ঢাকা-৮ এর একটি পোস্টার শেয়ার করেছেন এবং পরবর্তী সময়ে সেটি ডিলিট করে দিয়েছেন, তাতে লেখা ছিল “কনসার্ট ফর ঢাকা-৮ MUSIC BY BANGLADESH REBELS”, তবে শিল্প-সংস্কৃতি ও বাউল সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত কনসার্ট” এ ধরনের কোনো লেখা পোস্টারটিতে ছিল না। উক্ত পোস্টের স্ক্রিনশট নিয়ে সেটি সম্পাদনা করে আলোচিত স্ক্রিনশটটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে, ওসমান হাদির ভেরিফাইড ফেসবুক পেজে এমন কোনো পোস্ট খুঁজে পাওয়া যায়নি। ওসমান হাদি-ঢাকা-৮ এবং Osman Hadi Squad নামের দুটি ফেসবুক পেজে কনসার্ট ফর ঢাকা-৮ এর পোস্টার খুঁজে পাওয়া যায় (১,২)। উক্ত পোস্টারের সঙ্গে প্রচারিত স্ক্রিনশটের অধিকাংশ বিষয় মিল থাকলেও, “শিল্প-সংস্কৃতি ও বাউলদের ওপর হামলার প্রতিবাদে” এই লাইনটি সেখানে উল্লেখ নেই।

এ বিষয়ে আরও অনুসন্ধানে, জাতীয় দৈনিক পত্রিকা যুগান্তরের ওয়েবসাইটে ২৮ নভেম্বর প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, গতকাল ওসমান হাদি নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে একটি ভ্যান র্যালির আয়োজন করেন। র্যালিটি বিকেল ৪টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এসে শেষ হয় এবং একইদিনে সন্ধ্যায়, জাতীয় জাদুঘরের সামনে ‘কনসার্ট ফর ঢাকা ৮’ শিরোনামে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেন। প্রতিবেদনের কোথাও এটিকে শিল্প-সংস্কৃতি ও বাউলদের ওপর হামলার প্রতিবাদে কনসার্ট হিসেবে উল্লেখ করা হয়নি।
এছাড়া, অনলাইন গণমাধ্যম ঢাকা ট্রিবিউনের ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, কনসার্ট ফর ঢাকা-৮ এর ব্যানারের সামনে স্টেজে দাঁড়িয়ে ওসমান হাদি বক্তব্য দিচ্ছেন। ভিডিওর পোস্টের ক্যাপশনে লেখা ছিল, “নির্বাচনী প্রচারণায় ওসমান হাদি।” পাশাপাশি ব্যানারের পাশে হ্যাশট্যাগ ব্যবহার করা হয়েছিল #VoteForHadi, #VoteForChange। এগুলো থেকে নিশ্চিত করা যে, কনসার্টের মূল উদ্দেশ্য ছিল হাদির নির্বাচনি প্রচারণাকে সমর্থন করা।
সুতরাং, শিল্প-সংস্কৃতি ও বাউলদের ওপর হামলার প্রতিবাদে ওসমান হাদির ফেসবুক পেজ থেকে কনসার্ট আয়োজনের পোস্ট দাবিতে প্রচারিত স্ক্রিনশটটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Osman Hadi-Dhaka-8 – Facebook Post
- Jugantor – ভ্যান র্যালিতে হাদির নির্বাচনি প্রচারণা
- Dhaka Tribune – Facebook Video

