সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘জুনায়েদ আহমেদ পলক’ নামের একটি ফেসবুক পেজ থেকে সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের আইনজীবীদের সঙ্গে তোলা একটি ছবি প্রকাশ করা হয়। পোস্টটির ক্যাপশনে দাবি করা হয়, “আলহামদুলিল্লাহ, ডিপ স্টেটের হস্তক্ষেপে দায়ের করা মিথ্যা মামলায় ঈদের আগেই জামিনে কারামুক্ত হলাম।”
উক্ত ছবির ফেসবুক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আইনজীবীদের সাথে জুনাইদ আহমেদ পলকের আলোচিত ছবিটি আসল নয় এবং পলকের কারাগার থেকে মুক্তি পাওয়ার দাবিটিও সত্য নয়। প্রকৃতপক্ষে, ভিন্ন একটি ছবিকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে সম্পাদনা করে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে, ছবিটি এআই দ্বারা সম্পাদিত কিনা তা যাচাইয়ের জন্য এআই কনটেন্ট শনাক্তকারী টুল Hive Moderation-এ বিশ্লেষণ করা হয়। এতে প্রাপ্ত ফলাফলে দেখা যায়, ছবিটি এআই দিয়ে তৈরি বা সম্পাদিত হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ এবং এটি তৈরিতে গুগলের Gemini 3 এআই মডেল ব্যবহারের জোরালো ইঙ্গিত পাওয়া গেছে।
পরবর্তী অনুসন্ধানে সুপ্রিম কোর্টের একজন আইনজীবী ফারজানা ইয়াসমিনের ২০২৫ সালের ১১ ডিসেম্বর প্রকাশিত একটি ফেসবুক পোস্ট পাওয়া যায়। উক্ত পোস্টের একটি ছবির সঙ্গে বর্তমানে প্রচারিত ছবির অধিকাংশ উপাদানের সাদৃশ্য লক্ষ্য করা যায়। তবে মূল ছবিতে জুনাইদ আহমেদ পলকের পরিবর্তে অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আজগর আলীকে দেখা যায়।
উক্ত পোস্টে ফারজানা ইয়াসমিন লিখেছেন, “আজ আমার চেম্বারে আমাদের শিক্ষাগুরু, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ শ্রদ্ধেয় আজগর আলী স্যারের উপস্থিতিতে আনন্দঘন ও প্রাণবন্ত একটি মুহূর্ত কাটল। শিক্ষকের সান্নিধ্য মানে বিশ্ববিদ্যালয়ের সেই পুরোনো দিনের স্মৃতি, নতুন কিছু শেখা এবং গভীর কৃতজ্ঞতার অনুভূতি।”
অর্থাৎ, এই ছবিটিকেই সম্পাদনা করে সেখানে জুনাইদ আহমেদ পলকের ছবি সংযোজন করে আলোচিত দাবিতে প্রচার করা হয়। ‘জুনায়েদ আহমেদ পলক’ নামের যে ফেসবুক পেজ থেকে ছবিটি প্রচার করা হয়েছে, সেটিও কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র নয়। এটি একটি ভুয়া পেজ।
এছাড়া গত ৪ জুন জাগো নিউজ২৪ এর প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে বিচারিক কার্যক্রম চলমান রয়েছে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, উক্ত মামলায় জুনায়েদ আহমেদ পলক বর্তমানে কারাগারে রয়েছেন এবং আগামী ১৫ জুন জয় ও পলকের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারিত হয়েছে।
সুতরাং, ঈদের আগেই সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক কারাগার থেকে মুক্ত হয়েছেন দাবিতে প্রচারিত ছবিটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Farzana Yeasmin – Facebook Post
- Hive Moderation: Hive Detect AI
- Jaago News24 – মানবতাবিরোধী অপরাধের মামলায় জয় ও পলকের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৫ জুন


