এপস্টিন ফাইলে আরব আমিরাতের রাষ্ট্রপতির আপত্তিকর ছবি দাবিতে ছড়ানো হলো সম্পাদিত ছবি

আলোচিত এপস্টিন ফাইলে নারীদের সাথে আপত্তিকর অবস্থায় সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের ছবি পাওয়া গিয়েছে দাবিতে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, এপস্টিন ফাইলে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের আপত্তিকর ছবি পাওয়ার দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, মারুয়ান চামাখ নামের প্রাক্তন এক মরোক্কান ফুটবলারের পুরোনো ছবিকে প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে।
আলোচিত দাবিটির বিষয়ে অনুসন্ধানে আন্তর্জাতিক কোনো গণমাধ্যম কিংবা কোনো নির্ভরযোগ্য সূত্রে এপস্টিন ফাইলে এমন ছবির সন্ধান মেলার কোনো তথ্য পাওয়া যায়নি।
পরবর্তীতে ছবিটির বিষয়ে অনুসন্ধানে Save Morocco নামের একটি ফেসবুক একাউন্টে ২০১২ সালের ২৫ জানুয়ারি একটি ছবি খুঁজে পাওয়া যায়। ছবিটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত দাবিতে প্রচারিত ছবিটি সাথে প্রাপ্ত ছবিটির বেশ মিল রয়েছে। উভয় ছবিতেই একই টি- শার্ট পরিহিত একজন ব্যক্তিকে একই দুই নারীকে একই ভঙ্গিতে চুমু খেতে দেখা যায়। তবে উক্ত ছবিতে দেখতে পাওয়া ব্যক্তির সাথে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতির চেহারার মিল নেই।

প্রচারিত এই পোস্টটি শিরোনাম থেকে জানা যায়, ছবিতে দেখতে পাওয়া ব্যক্তির নাম চামাখ। তিনি একজন ফুটবলার। পোস্টটিতে নারীদের সাথে তার মেলামেশার কারণে কোনো একটি খেলায় বাজে পারফরমেন্সের কথা বলা হয়।
উক্ত ব্যক্তির বিষয়ে অনুসন্ধানে দুটি ভিন্ন ভিন্ন মরোক্কান গণমাধ্যমে একই খেলোয়াড়ের ছবির সন্ধান পাওয়া যায়। প্রতিবেদনগুলোতেও মরোক্কান ফুটবল দলের পারফরমেন্সের সমালোচনা করতে দেখা যায়। পাশাপাশি অনুসন্ধানে জানা যায়, আলোচিত ছবিতে দেখতে পাওয়া মরোক্কান ফুটবলারের পুরো নাম মারুয়ান চামাখ।
মূলত, মারুয়ান চামাখের এই ছবিতে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় আমিরাতের রাষ্ট্রপতির মুখমন্ডল বসিয়ে আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে।
সুতরাং, এপস্টিন ফাইলে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের আপত্তিকর ছবির সন্ধান পাওয়ার দাবিটি মিথ্যা এবং উক্ত দাবিতে প্রচারিত ছবিটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Save Morocco Facebook Post
- Rumor Scanner’s Analysis

