বিএনপি ক্ষমতায় গেলে দেশের মানুষ কেয়ামত দেখতে পাবে শীর্ষক মন্তব্য করেননি রুমিন ফারহানা, সম্পাদিত ফটোকার্ড প্রচার

সম্প্রতি, “বিএনপি ক্ষমতায় আসতে পারলে, নজিরবিহীন চাদাবাজি দখলবাজি দূর্নীতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে দেশের মানুষ কেয়ামত দেখতে পাবে- রুমিন ফারহানা” শীর্ষক শিরোনামে ইনডিপেনডেন্ট টেলিভিশনের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।  

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘বিএনপি ক্ষমতায় আসতে পারলে, নজিরবিহীন চাদাবাজি দখলবাজি দূর্নীতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে দেশের মানুষ কেয়ামত দেখতে পাবে – রুমিন ফারহানা’ শিরোনামে ইনডিপেনডেন্ট টেলিভিশনে কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। রুমিন ফারহানাও এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, গণমাধ্যমটির ফেসবুক পেজে প্রচারিত ভিন্ন একটি ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটিতে ইনডিপেনডেন্ট টেলিভিশনের লোগো থাকলেও প্রকাশের কোনো তারিখ উল্লেখ নেই। অনুসন্ধানে ইনডিপেনডেন্ট টেলিভিশনের ফেসবুক পেজ থেকে গত ২১ ডিসেম্বর বাবার মতো স্বতন্ত্র প্রার্থী হতে পারেন ইঙ্গিত রুমিন ফারহানার শীর্ষক শিরোনাম সংবলিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।

উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, আলোচিত ফটোকার্ডের সাথে উক্ত ফটোকার্ডের শিরোনাম এবং লেখার ফন্টে ভিন্নতা রয়েছে। তবে ফটোকার্ডে ব্যবহৃত রুমিন ফারহানার ছবি হুবহু মিল রয়েছে। অর্থাৎ, ইনডিপেনডেন্ট টেলিভিশনে এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

মূল ফটোকার্ড সম্বলিত ইনডিপেনডেন্ট টিভির মন্তব্যের ঘরে পাওয়া গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ২০ ডিসেম্বর রুমিন ফারহানা বলেন, আমি জানি না বাপের মতো বেটিরও কপাল আছে কি না—বাপ স্বতন্ত্র, বেটিও স্বতন্ত্র। সময়ই এর উত্তর দেবে।

পাশাপাশি, আলোচিত দাবি সমর্থিত কোনো তথ্য অন্য কোনো গণমাধ্যমেও পাওয়া যায়নি। রুমিন ফারহানার ফেসবুক অ্যাকাউন্টে এমন কোনো তথ্য খুঁজে পাওয়া যায় নি।

সুতরাং, ‘বিএনপি ক্ষমতায় আসতে পারলে, নজিরবিহীন চাদাবাজি দখলবাজি দূর্নীতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে দেশের মানুষ কেয়ামত দেখতে পাবে – রুমিন ফারহানা’ শিরোনামে ইনডিপেনডেন্ট টেলিভিশনের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।

তথ্যসূত্র

Share: