‘ইন্ডিয়ার চাপে বাদ দেওয়া হচ্ছে তাজুল ইসলামকে’ শিরোনামে দৈনিক ইত্তেফাকের নামে সম্পাদিত ফটোকার্ড প্রচার 

সম্প্রতি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদ্য বিদায়ী চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের ছবি সংযুক্ত করে ‘ইন্ডিয়ার চাপে বাদ দেওয়া হচ্ছে আইসিটির চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে’ শীর্ষক দাবিতে সংবাদমাধ্যম ‘দৈনিক ইত্তেফাক’ এর ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘ইন্ডিয়ার চাপে বাদ দেওয়া হচ্ছে আইসিটির চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে’ শিরোনামে দৈনিক ইত্তেফাক কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। বরং, দৈনিক ইত্তেফাকের ভিন্ন একটি ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে সংবাদমাধ্যম দৈনিক ইত্তেফাকের লোগো দেখা যায়। এরই সূত্র ধরে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজ এবং ওয়েবসাইট পর্যবেক্ষণ করে এমন কোনো ফটোকার্ড পাওয়া যায়নি।

তবে, দৈনিক ইত্তেফাকের ফেসবুক পেজে গত ২৩ ফেব্রুয়ারি তাজুল ইসলামের ছবি সংযুক্ত ‘বাদ দেওয়া হচ্ছে আইসিটির চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে’ শিরোনামে প্রচারিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।

উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, আলোচিত ফটোকার্ডের সাথে উক্ত ফটোকার্ডের শিরোনাম ব্যতীত বাকি সকল উপাদানের মিল রয়েছে। দৈনিক ইত্তেফাকের মূল ফটোকার্ডটিতে ‘বাদ দেওয়া হচ্ছে আইসিটির চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে’ শীর্ষক বাক্য থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে এর পরিবর্তে ‘ইন্ডিয়ার চাপে বাদ দেওয়া হচ্ছে আইসিটির চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে’ শীর্ষক বাক্য লেখা হয়েছে।

অর্থাৎ, দৈনিক ইত্তেফাকের এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

মূল ফটোকার্ড সংবলিত দৈনিক ইত্তেফাকের পোস্টের মন্তব্যের ঘরে পাওয়া গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের নতুন সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) নতুন প্রধান প্রসিকিউটর নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। বর্তমান প্রধান প্রসিকিউটর তাজুল ইসলামকে সরিয়ে এই পদে অ্যাডভোকেট আমিনুল ইসলামের নাম বিবেচনায় রয়েছে বলে জানা গেছে।

সুতরাং,‘ইন্ডিয়ার চাপে বাদ দেওয়া হচ্ছে আইসিটির চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে’ শীর্ষক শিরোনামে দৈনিক ইত্তেফাকের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।

তথ্যসূত্র

Share: