জামায়াত মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে বলে মন্তব্য করেননি শফিকুর রহমান, যমুনা টিভির নামে ভুয়া ফটোকার্ড

সম্প্রতি, “জামায়াতে ইসলামী ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীনতায় নেতৃত্ব দিয়েছে-শফিকুর রহমান” শিরোনামে যমুনা টিভির ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘জামায়াতে ইসলামী ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীনতায় নেতৃত্ব দিয়েছে: শফিকুর রহমান’ শিরোনামে যমুনা টিভি কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে,ডিজিটাল প্রযুক্তির সহায়তায় যমুনা টিভির ফটোকার্ড ডিজাইনের আদলে ফটোকার্ড তৈরি করে ভুয়া এই দাবিটি প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডে যমুনা টিভির লোগো থাকলেও কোনো তারিখ উল্লেখ করা হয়নি। খোঁজ নিয়ে যমুনা টিভির ফেসবুক পেজ এবং ওয়াবসাইটে এই সংক্রান্ত কোনো প্রতিবেদন পাওয়া যায়নি।
পরবর্তীতে আলোচিত ফটোকার্ডে ব্যবহৃত শফিকুর রহমানের ছবিটি রিভার্স সার্চ করে বেসরকারি টেলিভিশন এটিএন নিউজের ইউটিউব চ্যানেলে জামায়াত আমিরের একটি বক্তব্যের ভিডিও পাওয়া যায়। সেই সুত্রে জানা যায়, গত ২৮ জানুয়ারি ঢাকার যাত্রাবাড়িতে জামায়াতের এক নির্বাচনী সভাতে বক্তব্য দেন তিনি। শফিকুর রহমানের সে বক্তব্য ও কর্মসূচি নিয়ে ‘চাঁদাবাজদেরও কর্মসংস্থান করবে জামায়াত ’শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে এটিএন নিউজ। সংবাদটি বিশ্লেষণ করে দেখা যায়, বক্তব্য চলাকালীন একটি ফুটেজ থেকে ছবির স্ক্রিনশট নিয়ে যমুনার ফটোকার্ড নকল করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়।

সুতরাং, ‘জামায়াতে ইসলামী ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীনতায় নেতৃত্ব দিয়েছে- শফিকুর রহমান’ শিরোনামে যমুনা টিভির নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া।
তথ্যসূত্র
- ATN News Youtube- ‘চাঁদাবাজদেরও কর্মসংস্থান করবে জামায়াত’

