তাসনিম জারার নির্বাচনী ইশতেহার নিয়ে জনকণ্ঠের নামে সম্পাদিত ফটোকার্ড প্রচার

সম্প্রতি, ‘ঢকা-৯ আসনে তাসনিম জারার নির্বাচনী ইশতেহার ঘোষণা, যৌন রোগীদের চিকিৎসা ফ্রি’ শীর্ষক দাবিতে সংবাদমাধ্যমে জনকণ্ঠের লোগো সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘ঢকা-৯ আসনে তাসনিম জারার নির্বাচনী ইশতেহার ঘোষণা, যৌন রোগীদের চিকিৎসা ফ্রি’ শীর্ষক শিরোনামে জনকণ্ঠ কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, জনকণ্ঠের ভিন্ন ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তার সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে জনকণ্ঠের লোগো এবং এটি প্রকাশের তারিখ ২৪ জানুয়ারি, ২০২৬ উল্লেখ রয়েছে। এর সূত্রে জনকণ্ঠের ফেসবুক পেজে ২৪ জানুয়ারি ‘ঢকা-৯ আসনে তাসনিম জারার নির্বাচনী ইশতেহার ঘোষণা’ শীর্ষক তথ্য বা শিরোনাম সংবলিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।

ফটোকার্ডটি পর্যালোচনা করে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের ছবি ও গ্রাফিক্যাল ডিজাইনের সাথে এর সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। তবে আলোচিত ফটোকার্ডটিতে ‘ঢাকা-৯ আসনে তাসনিম জারার নির্বাচনী ইশতেহার ঘোষণা, যৌন রোগীদের চিকিৎসা ফ্রি’ শীর্ষক বাক্যের পরিবর্তে ‘ঢাকা-৯ আসনে তাসনিম জারার নির্বাচনী ইশতেহার ঘোষণা’ শীর্ষক বাক্য লেখা রয়েছে।
অর্থাৎ, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় জনকণ্ঠের ফটোকার্ড সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
মূল ফটোকার্ড সংবলিত পোস্টটির কমেন্টে পাওয়া সংবাদ প্রতিবেদন থেকে জানা যায়, আসন্ন ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিশিষ্ট চিকিৎসক ডা. তাসনিম জারা তাঁর নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছেন। ‘ফুটবল’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা ডা. জারা পেশাদার রাজনীতিকদের চিরাচরিত ধারার বাইরে এসে নাগরিক অধিকার ও জনসেবা নিশ্চিতের একগুচ্ছ সুনির্দিষ্ট পরিকল্পনা তুলে ধরেছেন। ঢাকা-৯ আসনকে অবহেলিত এলাকা হিসেবে চিহ্নিত করে তিনি তাঁর ইশতেহারে গ্যাস সংকট, জলাবদ্ধতা, স্বাস্থ্যসেবার দৈন্যদশা এবং নিরাপত্তাঝুঁকি মোকাবিলায় বৈপ্লবিক পরিবর্তনের অঙ্গীকার করেছেন।
তবে এই প্রতিবেদন এবং অন্যান্য গণমাধ্যম সূত্রে আলোচিত দাবিটির বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
সুতরাং, ‘ঢাকা-৯ আসনে তাসনিম জারার নির্বাচনী ইশতেহার ঘোষণা, যৌন রোগীদের চিকিৎসা ফ্রি’ শীর্ষক দাবিতে জনকণ্ঠের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Rumor Scanner’s analysis
- Janakantho – Facebook Page
- Janakantho – Website
- Janakantho – ঢকা-৯ আসনে তাসনিম জারার নির্বাচনী ইশতেহার ঘোষণা

