বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের ৫২তম অঙ্গরাজ্য হিসেবে ট্রাম্প পোস্ট করেননি, সম্পাদিত ফটোকার্ড প্রচার

সম্প্রতি, “বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের ৫২তম অঙ্গরাজ্য হিসেবে ‘ট্রুথ সোশ্যালে’ ট্রাম্পের পোস্ট” শিরোনামে মূলধারার সংবাদমাধ্যম যুগান্তরের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

এরূপ দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, “বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের ৫২তম অঙ্গরাজ্য হিসেবে ‘ট্রুথ সোশ্যালে’ ট্রাম্পের পোস্ট” তথ্যে বা শিরোনামে যুগান্তর কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি বরং, যুগান্তরের ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনার মাধ্যমে এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে যুগান্তরের লোগো ও ফটোকার্ড প্রচারের তারিখ হিসেবে ১৩ মে ২০২৪ এর উল্লেখ রয়েছে।

এরই সূত্র ধরে যুগান্তরের ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও যুগান্তরের ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল বা অন্য কোনো গণমাধ্যমেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

তবে, গত ১৩ মে “ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হিসেবে ‘ট্রুথ সোশ্যালে’ ট্রাম্পের পোস্ট” শিরোনামে একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। ফটোকার্ডটি পর্যালোচনা করে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের ছবি ও গ্রাফিক্যাল ডিজাইনের সাথে এর সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। তবে যুগান্তরের আসল ফটোকার্ডে ট্রাম্পের পাশে ভেনেজুয়েলার মানচিত্র দেখা যায় এবং আলোচিত ফটোকার্ডটিতে ‘ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হিসেবে ‘ট্রুথ সোশ্যালে’ ট্রাম্পের পোস্ট’ বাক্যের পরিবর্তে ‘বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের ৫২তম অঙ্গরাজ্য হিসেবে ‘ট্রুথ সোশ্যালে’ ট্রাম্পের পোস্ট’ বাক্য লেখা হয়েছে।

অর্থাৎ, যুগান্তরের এই ফটোকার্ডটি সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে যুগান্তরের আসল ফটোকার্ডের মন্তব্য বিভাগে সংযুক্ত লিঙ্কের প্রতিবেদন থেকে জানা যায়, ‘মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার তার সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে একটি মানচিত্রের গ্রাফিক পোস্ট করেছেন। ওই পোস্টে ভেনেজুয়েলার মানচিত্রের মাঝে একটি আমেরিকান পতাকা ও সেটিকে ‘৫১তম অঙ্গরাজ্য’ হিসেবে দেখানো হয়েছে। খবর এএফপি। বুধবার (১৩ মে) ট্রাম্প একটি উচ্চ-পর্যায়ের শীর্ষ সম্মেলনে যোগ দিতে চীনে যাওয়ার পথে এই উস্কানিমূলক পোস্টটি প্রকাশিত হয়।’

ট্রাম্পের ট্রুথসোশ্যাল অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করলে গত ১৩ মে তারিখে ভেনেজুয়েলার মানচিত্রের মাঝে একটি আমেরিকান পতাকা ও সেটিকে ‘৫১তম অঙ্গরাজ্য’ হিসেবে দেখানোর পোস্টটি পাওয়া যায়। তবে বাংলাদেশ বিষয়ক এমন কোনো পোস্ট পাওয়া যায়নি।

সুতরাং, ‘বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের ৫২তম অঙ্গরাজ্য হিসেবে ‘ট্রুথ সোশ্যালে’ ট্রাম্পের পোস্ট’ দাবিতে যুগান্তরের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।

তথ্যসূত্র

Share: