‘১২ তারিখ আমার আসল চেহারা দেখতে পাবে’ শীর্ষক মন্তব্য করেননি মির্জা আব্বাস, সম্পাদিত ফটোকার্ড প্রচার

সম্প্রতি, “আমার নির্বাচনী আসন ৮ এর অপজিট প্রার্থী আমার ধর্য্যের পরিক্ষা নিচ্ছে | নির্বাচনের দিন ১২ ফেব্রুয়ারিতে আমার আসল চেহারা দেখতে পাবে তারা” শিরোনামে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বক্তব্য দাবিতে মূলধারার সংবাদমাধ্যম কালের কণ্ঠের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, “আমার নির্বাচনী আসন ৮ এর অপজিট প্রার্থী আমার ধর্য্যের পরিক্ষা নিচ্ছে! নির্বাচনের দিন ১২ ফেব্রুয়ারিতে আমার আসল চেহারা দেখতে পাবে তারা। : মির্জা আব্বাস” তথ্যে বা শিরোনামে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বক্তব্য দাবিতে কালের কণ্ঠ কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি বরং, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় কালের কণ্ঠের ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনার মাধ্যমে এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। এছাড়া, মির্জা আব্বাসও এরূপ কোনো মন্তব্য করেননি।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে কালের কণ্ঠের লোগো এবং ফটোকার্ডটি প্রচারের তারিখ হিসেবে ২০ জানুয়ারি, ২০২৬ উল্লেখ রয়েছে।
কালের কণ্ঠের লোগোর সূত্র ধরে কালের কণ্ঠের ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও কালের কণ্ঠের ওয়েবসাইট বা অন্য কোনো গণমাধ্যমেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
তবে, গত ২০ জানুয়ারিতে “ধান্দাবাজদের হাতে দেশ দেব না: মির্জা আব্বাস” শিরোনামে একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। ফটোকার্ডটি পর্যালোচনা করে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের ছবি ও গ্রাফিক্যাল ডিজাইনের সাথে এর সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। শুধু আলোচিত ফটোকার্ডটিতে ‘ধান্দাবাজদের হাতে দেশ দেব না | মির্জা আব্বাস’ বাক্যের পরিবর্তে আমার নির্বাচনী আসন ৮ এর অপজিট প্রার্থী আমার ধর্য্যের পরিক্ষা নিচ্ছে | নির্বাচনের দিন ১২ ফেব্রুয়ারিতে আমার আসল চেহারা দেখতে পাবে তারা: মির্জা আব্বাস’ শীর্ষক বাক্য লেখা হয়েছে। এছাড়া, ফন্টেও অমিল রয়েছে।

অর্থাৎ, কালের কণ্ঠের এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
উক্ত ফটোকার্ড সংবলিত পোস্টের মন্তব্যের ঘরে পাওয়া গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, “বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, দেশ ও সার্বভৌমত্ব রক্ষায় জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কাজ করব। তবে কোনো প্রতারক, ধান্দাবাজ ও কসাইদের হাতে দেশকে পড়তে দেব না। মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।”
পাশাপাশি, আলোচিত দাবি সমর্থিত কোনো তথ্য অন্য কোনো গণমাধ্যমেও পাওয়া যায়নি।
সুতরাং, মির্জা আব্বাস বলেছেন “আমার নির্বাচনী আসন ৮ এর অপজিট প্রার্থী আমার ধর্য্যের পরিক্ষা নিচ্ছে | নির্বাচনের দিন ১২ ফেব্রুয়ারিতে আমার আসল চেহারা দেখতে পাবে তারা” শীর্ষক দাবিতে কালের কণ্ঠের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Kaler Kantho – Facebook Post
- Kaler Kantho – ধান্দাবাজদের হাতে দেশ দেব না : মির্জা আব্বাস
- Rumor Scanner’s analysis

