‘ধর্ম ও বর্ণভেদে নয়, বাংলাদেশ কোরবানির ঈদের আগে হবে রোহিঙ্গা দের’ শীর্ষক মন্তব্য করেননি প্রধান উপদেষ্টা, সম্পাদিত ফটোকার্ড প্রচার

সম্প্রতি সরস্বতী পূজা উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস হিন্দু সম্প্রদায়ের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এরই প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ‘ধর্ম ও বর্ণভেদে নয়, বাংলাদেশ কোরবানির ঈদের আগে হবে রোহিঙ্গা দের’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে মূলধারার সংবাদমাধ্যম কালের কণ্ঠের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) ।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রধান উপদেষ্টাকে উদ্ধৃত করে “ধর্ম ও বর্ণভেদে নয়, বাংলাদেশ কোরবানির ঈদের আগে হবে রোহিঙ্গা দের” শিরোনামে কালের কণ্ঠ কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি এবং ড. ইউনূসও এরূপ কোনো মন্তব্য করেননি। বরং, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় কালের কণ্ঠের ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনার মাধ্যমে এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে কালের কণ্ঠের লোগো এবং ফটোকার্ডটি প্রচারের তারিখ হিসেবে ২৩ জানুয়ারি, ২০২৬ উল্লেখ রয়েছে।
উল্লিখিত তথ্যাবলীর সূত্র ধরে কালের কণ্ঠের ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও কালের কণ্ঠের ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেলেও উক্ত দাবির সপক্ষে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
তবে, গত ২৩ জানুয়ারিতে “ধর্ম ও বর্ণভেদে নয়, বাংলাদেশ সব মানুষের নিরাপদ আবাসভূমি : প্রধান উপদেষ্টা” শিরোনামে একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। ফটোকার্ডটি পর্যালোচনা করে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের ছবি ও গ্রাফিক্যাল ডিজাইনের সাথে এর সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। তবে কালের কণ্ঠের এই ফটোকার্ডে ব্যবহৃত বাক্যের সাথে আলোচিত ফটোকার্ডে ব্যবহৃত বাক্যের পার্থক্য রয়েছে। কালের কণ্ঠের ফটোকার্ডটিতে ‘ধর্ম ও বর্ণভেদে নয়, বাংলাদেশ সব মানুষের নিরাপদ আবাসভূমি’ শীর্ষক বাক্য থাকলেও আলোচিত ফটোকার্ডটিতে“ধর্ম ও বর্ণভেদে নয়, বাংলাদেশ কোরবানির ঈদের আগে হবে রোহিঙ্গা দের” শীর্ষক বাক্য লেখা হয়েছে। এছাড়া, ফটোকার্ড দুইটির বাক্যে ব্যবহৃত ফন্টেও অমিল রয়েছে।

অর্থাৎ, কালের কণ্ঠের এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
উক্ত ফটোকার্ড সংবলিত পোস্টের মন্তব্যের ঘরে পাওয়া গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, “প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, এদেশ আমাদের সবার। ধর্ম ও বর্ণভেদে নয়—বাংলাদেশ সব মানুষের জন্য এক নিরাপদ ও শান্তিপূর্ণ আবাসভূমি।‘সরস্বতী পূজা’ উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধান উপদেষ্টা হিন্দু সম্প্রদায়ের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। হাজার বছর ধরে এদেশে জাতি-ধর্ম-বর্ণ-নির্বিশেষে সব ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যের সঙ্গে মিলেমিশে বসবাস করে আসছেন। ”
পাশাপাশি, আলোচিত দাবি সমর্থিত কোনো তথ্য অন্য কোনো গণমাধ্যমেও পাওয়া যায়নি।
সুতরাং, ড. মুহাম্মদ ইউনূস “ধর্ম ও বর্ণভেদে নয়, বাংলাদেশ কোরবানির ঈদের আগে হবে রোহিঙ্গা দের” শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে কালের কণ্ঠের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Kaler Kantho – Facebook Post
- Kaler Kantho – ধর্ম ও বর্ণভেদে নয়, বাংলাদেশ সব মানুষের নিরাপদ আবাসভূমি : প্রধান উপদেষ্টা
- Rumor Scanner’s analysis

