শাহবাগে সমকামিদের ওপর হামলায় জামায়াত আমীরের নিন্দা দাবিতে সম্পাদিত ফটোকার্ড প্রচার

রাজধানীর শাহবাগ এলাকায় জাতীয় জাদুঘরের সামনে ‘সমকামীদের’ সঙ্গে কিছু লোকজনের গত ১০ এপ্রিল রাতে সংঘর্ষ/হাতাহাতির ঘটনা ঘটেছে। এরই প্রেক্ষিতে সম্প্রতি, “শাহবাগে সমকামীদের উপর হামলার ঘটনায় জামাতের আমিরের নিন্দা” শীর্ষক শিরোনামে মূলধারার সংবাদমাধ্যম কালের কণ্ঠের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। 

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

এরূপ দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

এরূপ দাবিতে থ্রেডসে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, “শাহবাগে সমকামীদের উপর হামলার ঘটনায় জামাতের আমিরের নিন্দা” শীর্ষক তথ্যে বা শিরোনামে কালের কণ্ঠ কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি বরং, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় কালের কণ্ঠের ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনার মাধ্যমে এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। এছাড়া, জামায়াতের আমির শফিকুর রহমানও উক্ত ঘটনায় কোনো নিন্দা জানাননি।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে কালের কণ্ঠের লোগো এবং ফটোকার্ডটি প্রচারের তারিখ হিসেবে ‘০ এপ্রিল, ২০২৬’ উল্লেখ রয়েছে। উল্লেখ্য, প্রচারিত ফটোকার্ডের তারিখে ‘০ এপ্রিল’ এর আগের কিছু অংশ ঢাকা হয়েছে।

কালের কণ্ঠের লোগোর সূত্র ধরে পত্রিকাটির ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও কালের কণ্ঠের ওয়েবসাইট বা অন্য কোনো গণমাধ্যমেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

তবে, গত ১০ এপ্রিলে “ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের দুইজন রাজসাক্ষী পাওয়া গেছে: জামায়াত আমির” শীর্ষক শিরোনামে একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। ফটোকার্ডটি পর্যালোচনা করে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের ছবি ও গ্রাফিক্যাল ডিজাইনের সাথে এর সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। শুধু আলোচিত ফটোকার্ডটিতে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের দুইজন রাজসাক্ষী পাওয়া গেছে: জামায়াত আমির’ শীর্ষক বাক্যের পরিবর্তে ‘শাহবাগে সমকামীদের উপর হামলার ঘটনায় জামাতের আমিরের নিন্দা’ শীর্ষক বাক্য লেখা হয়েছে। এছাড়া, ফন্ট ডিজাইনেও খানিকটা অমিল রয়েছে।

অর্থাৎ, কালের কণ্ঠের এই ফটোকার্ডটি সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

উক্ত ফটোকার্ড সম্বলিত পোস্টের মন্তব্যের ঘরে পাওয়া কালের কণ্ঠের ভিডিওতে সংসদ থেকে ওয়াকআউটের পর জামায়াতের জরুরি সংবাদ সম্মেলনের ভিডিও পাওয়া যায়। এতে জামায়াত আমীরকে সরকার ও সংসদীয় নানা বিষয় নিয়ে কথা বলতে দেখা যায়। তবে শাহবাগে সমকামিদের ওপর হামলায় জামায়াত আমীরকে নিন্দা জানাতে দেখা যায়নি।

সুতরাং, ‘শাহবাগে সমকামীদের উপর হামলার ঘটনায় জামাতের আমিরের নিন্দা’ শীর্ষক দাবিতে কালের কণ্ঠের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।

তথ্যসূত্র

Share: