নাসীরুদ্দিন পাটোয়ারীকে মির্জা আব্বাসের হত্যার হুমকি দাবিতে কালের কণ্ঠের নামে সম্পাদিত ফটোকার্ড প্রচার

সম্প্রতি, ‘নাসিরুদ্দিন পাটোয়ারীকে মির্জা আব্বাসের সরাসরি হত্যার হুমকি’ শীর্ষক দাবিতে কালের কণ্ঠের লোগো সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘নাসিরুদ্দিন পাটোয়ারী’কে মির্জা আব্বাসের সরাসরি হত্যার হুমকি’ শীর্ষক শিরোনামে কালের কণ্ঠ কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, কালের কণ্ঠের ভিন্ন ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তার সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে কালের কণ্ঠের লোগো এবং এটি প্রকাশের তারিখ ২৭ জানুয়ারি, ২০২৬ উল্লেখ রয়েছে। এর সূত্রে কালের কণ্ঠের ফেসবুক পেজে ২৭ জানুয়ারি ‘আমাকে ডিম মেরেছে, ঘু/ষি দিয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী’ শীর্ষক তথ্য বা শিরোনাম সংবলিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।

ফটোকার্ডটি পর্যালোচনা করে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের ছবি ও গ্রাফিক্যাল ডিজাইনের সাথে এর সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। তবে আলোচিত ফটোকার্ডটিতে ‘আমাকে ডিম মেরেছে, ঘু/ষি দিয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী’ শীর্ষক বাক্যের পরিবর্তে ‘নাসিরুদ্দিন পাটোয়ারী’কে মির্জা আব্বাসের সরাসরি হত্যার হুমকি’ শীর্ষক বাক্য লেখা রয়েছে।
অর্থাৎ, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় কালের কণ্ঠের ফটোকার্ড সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
২৭ জানুয়ারি বিকেল কালের কণ্ঠের ওয়েবসাইটে এই ঘটনার একটি সংবাদ প্রকাশিত হয়। ‘বাংলাদেশের কাছে হামলার বিচার দিলাম : নাসীরুদ্দীন পাটওয়ারী’ প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়, মঙ্গলবার দুপুর ১২টার রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজের একটি অনুষ্ঠানে গেলে নাসীরুদ্দীন পাটওয়ারী ও তার সমর্থকদের ওপর ডিম নিক্ষেপ করে কতিপয় যুবক। এ ঘটনাকে কেন্দ্র করে কলেজ প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এই ঘটনার প্রেক্ষিতে মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর ফকিরাপুল এলাকার একটি মিলনায়তনে জরুরি এক সংবাদ সম্মেলন আসেন নাসীরুদ্দীন পাটওয়ারী। এসময় তিনি অভিযোগ করে বলেন, ‘হাবিবুল্লাহ বাহার কলেজে মির্জা আব্বাসের বাহিনী আমাদের ওপর অতর্কিত হামলা করেছে। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তারেক রহমানের কাছে মির্জা আব্বাসের বহিষ্কারের দাবি জানাই। এখন সিদ্ধান্ত নিতে হবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে, দলে সন্ত্রাসীদের প্রশ্রয় দেবেন নাকি তাদের বহিষ্কার করবেন।’
সংবাদ সম্মেলনে হামলার শিকারের ঘটনায় বিএনপি প্রার্থী মির্জা আব্বাসকে দায়ী করলেও ‘সরাসরি হত্যার হুমকি’ দিয়েছেন শীর্ষক কোনো মন্তব্য নাসীরুদ্দিন পাটোয়ারী করেননি এবং দেশের অন্যান্য বিশ্বস্ত গণমাধ্যমগুলোতেও আলোচিত দাবিটির বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
সুতরাং, ‘নাসিরুদ্দিন পাটোয়ারী’কে মির্জা আব্বাসের সরাসরি হত্যার হুমকি’ শিরোনামে কালের কণ্ঠের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Rumor Scanner’s analysis
- Kaler Kantho- Facebook Page
- Kaler Kantho- Website
- Kaler Kantho- ‘বাংলাদেশের কাছে হামলার বিচার দিলাম : নাসীরুদ্দীন পাটওয়ারী’

