তাজুল ইসলামের নিয়োগ বাতিল প্রসঙ্গে আমার দেশের নামে সম্পাদিত ফটোকার্ড প্রচার

সম্প্রতি, “আওয়ামীলীগের মামলাগুলোকে অসমাপ্ত রেখেই বাদ দেয়া হচ্ছে, চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে, নেপথ্যে ভারত’ সরকারের পক্ষথেকে লীগের বিরুদ্ধে তিনি একা আইনগত লড়াই চালিয়েছেন” শিরোনামে সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) এর সাবেক চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামকে উদ্ধৃতি দিয়ে আমার দেশ এর লোগো সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত শিরোনামে দৈনিক আমার দেশ কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় আমার দেশের ফটোকার্ড ডিজাইন নকল করে আলোচিত দাবি সংবলিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে আমার দেশ লোগো এবং এটি প্রকাশের তারিখ ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ উল্লেখ রয়েছে।

উক্ত তথ্যাবলীর সূত্র ধরে আমার দেশের ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত তারিখে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, আমার দেশের ওয়েবসাইটইউটিউব চ্যানেলে উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

তবে, আমার দেশের ফেসবুক পেজে একই তারিখে ‘বাদ দেওয়া হচ্ছে আইসিটির চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে’ শিরোনামে একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।

উক্ত ফটোকার্ডটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত ফটোকার্ডটির সঙ্গে এর তারিখ, ব্যবহৃত তাজুল ইসলামের ছবি, ডিজাইন ও লোগোর মিল রয়েছে। পার্থক্য কেবল শিরোনামে।

পাশাপাশি, ফটোকার্ডটি বিশ্লেষণে সংবাদমাধ্যমটির প্রচলিত ফটোকার্ডগুলোর সাথে এটির শিরোনামে ব্যবহৃত ফন্টের অমিল পরিলক্ষিত হয়।

অর্থাৎ, মূল ফটোকার্ডের শিরোনাম সম্পাদনা করেই আলোচিত দাবির ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

সুতরাং, ‘আওয়ামীলীগের মামলাগুলোকে অসমাপ্ত রেখেই বাদ দেয়া হচ্ছে, চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে, নেপথ্যে ভারত’ সরকারের পক্ষথেকে লীগের বিরুদ্ধে তিনি একা আইনগত লড়াই চালিয়েছেন’ শিরোনামে আমার দেশের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।

তথ্যসূত্র

Share: