‘হাদি হত্যায় তারেক রহমানের সংশ্লিষ্টতা পাওয়া গেছে’ দাবিতে নিউজ২৪ এর নামে সম্পাদিত ফটোকার্ড প্রচার

গত বছরের ১২ ডিসেম্বর দুপুরে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে গুলিবিদ্ধ হন। এরপর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর তিনি মারা যান। এরই প্রেক্ষিতে সম্প্রতি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ছবি সংযুক্ত করে ‘হাদী হত্যার সংশ্লিষ্টতা পাওয়া গেছে তারেক রহমানের! তদন্ত প্রতিবেদন প্রকাশ’ শিরোনামে মূলধারার সংবাদমাধ্যম নিউজ২৪ এর ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘হাদী হত্যার সংশ্লিষ্টতা পাওয়া গেছে তারেক রহমানের; তদন্ত প্রতিবেদন প্রকাশ’ দাবিতে নিউজ২৪ কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় নিউজ২৪ এর ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনা করে আলোচিত এই ফটোকার্ডটি তৈরি করে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডে নিউজ২৪ এর লোগো এবং ফটোকার্ডটি প্রচারের তারিখ হিসেবে ‘০৬ ফেব্রুয়ারি ২০২৬’ এর উল্লেখ থাকার সূত্রে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজ ও ওয়েবসাইট পর্যবেক্ষণ করে সাম্প্রতিক সময়ে উক্ত তথ্য সংবলিত কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। সংবাদমাধ্যমটির ইউটিউব চ্যানেলেও উক্ত দাবির বিষয়ে কোনো প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি। পাশাপাশি অন্য গণমাধ্যম বা বিশ্বস্ত সূত্রগুলোর বরাতেও আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য বা সংবাদ পাওয়া যায়নি৷
তবে, গত ৬ ফেব্রুয়ারিতে “দেড় কোটি কৃষকের হাতে কৃষক কার্ড দিতে চাই: তারেক রহমান” শিরোনামে নিউজ২৪ এর ফেসবুক পেজে প্রচারিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। ফটোকার্ডটি পর্যালোচনা করে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের ছবি ও গ্রাফিক্যাল ডিজাইনের সাথে এর সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। তবে আলোচিত ফটোকার্ডটিতে ‘দেড় কোটি কৃষকের হাতে কৃষক কার্ড দিতে চাই: তারেক রহমান’ শীর্ষক বাক্যের পরিবর্তে ‘হাদী হত্যার সংশ্লিষ্টতা পাওয়া গেছে তারেক রহমানের! তদন্ত প্রতিবেদন প্রকাশ’ শীর্ষক বাক্য লেখা হয়েছে। এছাড়া, লেখার ফন্টেও অমিল রয়েছে।

অর্থাৎ, নিউজ২৪ এর এই ফটোকার্ডটি সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
উক্ত ফটোকার্ড সংবলিত পোস্টের মন্তব্যের ঘরে পাওয়া গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ‘বিএনপি ক্ষমতায় এলে দেশের দেড় কোটি কৃষকের হাতে কৃষক কার্ড তুলে দেওয়ার অঙ্গীকার করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, এসব উদ্যোগ কৃষি খাতের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর সোনারগাঁও হোটেলে ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঘোষিত বিএনপির নির্বাচনী ইশতেহার-২০২৬-এ এসব প্রতিশ্রুতি তুলে ধরেন তিনি।’
সুতরাং, “হাদী হত্যার সংশ্লিষ্টতা পাওয়া গেছে তারেক রহমানের; তদন্ত প্রতিবেদন প্রকাশ” দাবিতে নিউজ২৪ এর নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র
- News24 – Facebook Post
- News24 – দেড় কোটি কৃষকের হাতে কৃষক কার্ড দিতে চাই: তারেক রহমান

