সম্প্রতি, “বাংলাদেশের মানুষকে ইন্ডিয়ার তাবেদার থেকে রক্ষা করতে অবশ্যই আমরা পাশে থাকবো” শীর্ষক মন্তব্য ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন করেছেন দাবিতে এনটিভির লোগো সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে।
ফ্যাক্টচেক
রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, “বাংলাদেশের মানুষকে ইন্ডিয়ার তাবেদার থেকে রক্ষা করতে অবশ্যই আমরা পাশে থাকবো” শিরোনামে এনটিভি কোনো ফটোকার্ড প্রকাশ করেনি এবং রাষ্ট্রদূত ইয়াও ওয়েনও এমন মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, এনটিভির ভিন্ন একটি ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনের মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয় অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে এনটিভির লোগো ও প্রকাশের তারিখ হিসেবে ‘২২ ফেব্রুয়ারি, ২০২৬’ উল্লেখ রয়েছে।
উক্ত তথ্যাবলীর সূত্র ধরে এনটিভির ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত তারিখে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, এনটিভির ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
তবে এনটিভির ফেসবুক পেজে গত ২২ ফেব্রুয়ারি “বাংলাদেশের সঙ্গে সম্পর্কে তৃতীয় দেশের হস্তক্ষেপ মানবে না চীন” শীর্ষক তথ্য সংবলিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।
উক্ত ফটোকার্ডটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত ফটোকার্ডের সাথে উক্ত ফটোকার্ডের তারিখ, ডিজাইন এবং লোগোর মিল রয়েছে। এনটিভির মূল ফটোকার্ডটিতে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনকে উদ্ধৃত করে “বাংলাদেশের সঙ্গে সম্পর্কে তৃতীয় দেশের হস্তক্ষেপ মানবে না চীন” শীর্ষক বাক্য থাকলেও আলোচিত ফটোকার্ডে “বাংলাদেশের মানুষকে ইন্ডিয়ার তাবেদার থেকে রক্ষা করতে অবশ্যই আমরা পাশে থাকবো- চীন” শীর্ষক বাক্য লেখা হয়েছে।

অর্থাৎ, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় এনটিভির মূল ফটোকার্ডটির লেখা পরিবর্তন বা এডিট করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
মূল ফটোকার্ড সংবলিত এনটিভির ফেসবুক পোস্টের মন্তব্য ঘরে থাকা প্রতিবেদনে বলা হয়,
ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, ‘বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে চীনের সম্পর্কে কোনো তৃতীয় দেশের হস্তক্ষেপ মানবে না বেইজিং। নতুন সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে পাশে থাকবে চীন।’ গত ২২ ফেব্রুয়ারি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চীনের রাষ্ট্রদূত এ কথা বলেন। উক্ত প্রতিবেদনে আলোচিত দাবির কোনো উল্লেখ পাওয়া যায়নি।
অর্থাৎ, “বাংলাদেশের মানুষকে ইন্ডিয়ার তাবেদার থেকে রক্ষা করতে অবশ্যই আমরা পাশে থাকবো- চীন” শিরোনামে এনটিভির নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Rumor Scanner’s analysis
- Ntv- Facebook Page
- Ntv- Website
- Ntv- YouTube


