পিলারে গ্রাফিতি এঁকে বিএনপিকে গালি দেওয়ার ভাইরাল ছবিটি সম্পাদিত

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি রাস্তার পিলারে কালো কালি দিয়ে ‘Bnp Cdi’ লেখা কথিত একটি গ্রাফিতির ছবি ভাইরাল হয়েছে। উক্ত ছবি সংযুক্ত করে প্রচারিত পোস্টে দাবি করা হয়েছে, উক্ত গ্রাফিতি দ্বারা বিএনপিকে গালি দেওয়া হয়েছে। 

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ‘BNP Cdi’ লেখা সংবলিত গ্রাফিতির ছবিটি আসল নয়। প্রকৃতপক্ষে ভিন্ন একটি ছবি সম্পাদনা করে তাতে পিলারের গায়ে ‘BNP Cdi’ লেখা হয়েছে। মূল ছবিতে এরূপ কোনো লেখা ছিল না।

আলোচিত ছবির বিষয়ে অনুসন্ধানে ‘আল নাফিজ রহমান রায়হান’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে গত ১৬ মে তারিখে দুইটি ছবির সংযুক্তিসহ প্রচারিত একটি পোস্ট পাওয়া যায়। ছবিগুলোর বিষয়ে পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, চট্টগ্রামের টাইগারপাস থেকে লালখান বাজার — ফ্লাইওভারের নিচে যে জুলাই গ্রাফিতি আঁকা হয়েছিল, সেটা মুছে দেওয়া হয়েছে।

উক্ত পোস্টের প্রথম ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবির তুলনা করলে কার, বাইক, বাইকে আরোহী, সিএনজি চালিত গাড়িসহ সবকিছুর অবস্থানের হুবহু মিল পাওয়া যায় কেবলমাত্র পিলারটি ছাড়া। উক্ত পিলারে এরূপ কোনো গ্রাফিতি দেখা যায়নি। বাকী পিলারগুলোর মতোই এটিও কোনো গ্রাফিতি ছাড়াই সাদা ও হলুদ রঙ করা, কেবলমাত্র নিচের হলুদ রঙের বামপাশে কিছুটা কালো কালি লাগানো।

এছাড়াও, অনুসন্ধানে সংবাদমাধ্যম ‘সময়ের আলো’ এর ওয়েবসাইটে গত ১৮ মে তারিখে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনে একটি ছবিরও সংযুক্তি পাওয়া যায় যার সাথে আলোচিত গ্রাফিতি ছাড়া বাকী প্রায় সবকিছুর মিল পাওয়া যায়। পাশাপাশি, আরো নানা ফেসবুক পোস্টে আলোচিত জায়গার একই মূহুর্তের ছবি পাওয়া যায়, তবে তাতে উক্ত গ্রাফিতির কোনো অস্তিত্ব নেই।

উপরোক্ত তথ্যপ্রমাণ বিশ্লেষণ করলে স্পষ্ট যে আসল ছবিতে এরূপ কোনো গ্রাফিতি ছিল না৷

সুতরাং, রাস্তার পিলারে কালো কালি দিয়ে ‘BNP Cdi’ লিখে বিএনপিকে গালি দেওয়া হয়েছে দাবিতে প্রচারিত ছবিটি সম্পাদিত।

তথ্যসূত্র

Share: