ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬ এ জয়লাভ করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এরই প্রেক্ষিতে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি প্রচার করে দাবি করা হয়েছে ছবিটি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শেখ হাসিনার অভিনন্দন জানানোর ছবি। প্রচারিত ছবিতে দেখা যায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে একই কক্ষে শুভেন্দু অধিকারী ও ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বসে আছেন।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিটি শুভেন্দু অধিকারীকে শেখ হাসিনার অভিনন্দন জানানোর আসল ছবি নয়। প্রকৃতপক্ষে শুভেন্দু অধিকারী ও অমিত শাহর বৈঠকের পুরোনো একটি ছবিতে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমো শেখ হাসিনার ছবি সংযুক্ত করে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
আলোচিত ছবির বিষয়ে অনুসন্ধানে ছবিটি আসল হওয়ার সপক্ষে মূলধারার সংবাদমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। অনুসন্ধানে শুভেন্দু অধিকারীর এক্স অ্যাকাউন্টে গত বছরের ২৯ জানুয়ারিতে প্রচারিত একটি পোস্ট পাওয়া যায়। পোস্টে সংযুক্ত ছবিতে শুভেন্দু অধিকারী ও অমিত শাহকে বসে থাকতে দেখা যায়। পোস্টের ক্যাপশনে বলা হয়, ছবিটি নয়া দিল্লিতে অমিত শাহর বাসভবনে ধারণ করা হয়েছে এবং সাক্ষাৎকারে পশ্চিমবঙ্গের বিষয়ে আলোচনা হয়েছে। উক্ত ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবির তুলনা করলে শেখ হাসিনা ও তার চেয়ার ব্যতীত স্থান, পারিপার্শ্বিক অবস্থা, জিনিসপত্রসহ বাকী সবকিছুর মিল পাওয়া যায়।

এছাড়াও, অনুসন্ধানে ভারতীয় সংবাদমাধ্যম ‘সংবাদ প্রতিদিন’ এর ওয়েবসাইটে গত বছরের ২৯ জানুয়ারিতে প্রকাশিত এক প্রতিবেদনে শুভেন্দু অধিকারীর এক্স অ্যাকাউন্টের ছবির সংযুক্তি পাওয়া যায়। প্রতিবেদনে বলা হয়, ছবিটি ২০২৫ সালের ২৯ জানুয়ারিতে দিল্লি বিধানসভা নির্বাচনে প্রচারের ফাঁকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে সাক্ষাৎকারের সময়কালের ছবি। এছাড়া, আরো একাধিক ভারতীয় সংবাদমাধ্যমেও অমিত শাহর সাথে শুভেন্দু অধিকারীর ছবিটির সংযুক্তিসহ প্রতিবেদন পাওয়া যায়। তবে কোথাও তাতে শেখ হাসিনার উপস্থিতি পাওয়া যায়নি।
অর্থাৎ, এ থেকে নিশ্চিত হওয়া যায় যে শুভেন্দু অধিকারী ও অমিত শাহ এর পুরোনো উক্ত ছবি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে তাতে শেখ হাসিনার ছবি সংযুক্ত করা হয়েছে।
প্রসঙ্গত, প্রচারিত ছবিটি সম্পাদিত হলেও শুভেন্দু অধিকারীকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ায় গত ৯ মে তারিখে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন শেখ হাসিনা। বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে গত ৯ মে তারিখে প্রেস বিজ্ঞপ্তি আকারে শুভেচ্ছা বার্তাটি প্রচার করা হয়েছে।
সুতরাং, শুভেন্দু অধিকারীকে শেখ হাসিনার অভিনন্দন জানানোর দৃশ্য দাবিতে প্রচারিত ছবিটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Suvendu Adhikari – X Post
- Sangbad Pratidin – রাজ্য সভাপতি পদে ঘনিষ্ঠ কাউকে বসানোর ছক! দিল্লিতে শাহী দরবারে শুভেন্দু
- TV9 Bangla – Suvendu meets Shah: দিল্লিতে ‘চাণক্য’ শাহকে বাংলার পরিস্থিতি জানালেন শুভেন্দু
- Bangladesh Awami League – Facebook Post
- Rumor Scanner’s analysis


