জাবের ও জুমাকে জড়িয়ে বাংলাদেশ টাইমসের নামে সম্পাদিত ফটোকার্ড প্রচার

সম্প্রতি, ‘ইনকিলাব মঞ্চের জাবের ও জুমা একত্রে থাকা নিয়ে : মুখ খুললেন জুমা’ শীর্ষক দাবিতে সংবাদমাধ্যমে বাংলাদেশ টাইমস’র লোগো সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘ইনকিলাব মঞ্চের জাবের ও জুমা একত্রে থাকা নিয়ে : মুখ খুললেন জুমা’ শীর্ষক শিরোনামে বাংলাদেশ টাইমস কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, বাংলাদেশ টাইমস’র ভিন্ন ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তার সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে বাংলাদেশ টাইমস’র লোগো এবং এটি প্রকাশের তারিখ ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ উল্লেখ রয়েছে। এর সূত্রে বাংলাদেশ টাইমস’র ফেসবুক পেজে ১৫ ফেব্রুয়ারি ‘ইনকিলাব মঞ্চের জাবেরকে নিয়ে জুমার পোস্ট ভাইরাল’ শীর্ষক তথ্য বা শিরোনাম সংবলিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।
ফটোকার্ডটি পর্যালোচনা করে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের ছবি ও গ্রাফিক্যাল ডিজাইনের সাথে এর সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। তবে আলোচিত ফটোকার্ডটিতে ‘ইনকিলাব মঞ্চের জাবের ও জুমা একত্রে থাকা নিয়ে : মুখ খুললেন জুমা’ শীর্ষক বাক্যের পরিবর্তে ‘ইনকিলাব মঞ্চের জাবেরকে নিয়ে জুমার পোস্ট ভাইরাল’ শীর্ষক বাক্য লেখা রয়েছে।

অর্থাৎ, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় বাংলাদেশ টাইমস’র ফটোকার্ড সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
মূল ফটোকার্ড সংবলিত পোস্টটির কমেন্টে পাওয়া সংবাদ প্রতিবেদন থেকে জানা যায়, ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবেরকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক এবং ইনকিলাব মঞ্চের কর্মী ফাতিমা তাসনিম জুমা। তিনি জাবেরকে দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন।
১৫ ফেব্রুয়ারি ৪টা ৫১ মিনিটে নিজের প্রোফাইলে তিনি লিখেছেন, ‘আব্দুল্লাহ আল জাবের, ক্যান্ডিডেট, ঢাকা সাউথ।’ মুহূর্তেই পোস্টটি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।
তবে এই প্রতিবেদন এবং অন্যান্য গণমাধ্যম সূত্রে আলোচিত দাবিটির বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
সুতরাং, ‘ইনকিলাব মঞ্চের জাবের ও জুমা একত্রে থাকা নিয়ে : মুখ খুললেন জুমা’ শীর্ষক দাবিতে বাংলাদেশ টাইমস’র নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Rumor Scanner’s analysis
- Bangladesh Times : Facebook Post
- Bangladesh Times : Website
- Bangladesh Times : ইনকিলাব মঞ্চের জাবেরকে নিয়ে জুমার পোস্ট ভাইরাল

