‘টাকা দিয়ে খাদ্য কেনার থেকে না খেয়ে থাকা ভালো’ বিদ্যুৎমন্ত্রীর মন্তব্য দাবিতে ডিবিসি নিউজের নামে সম্পাদিত ফটোকার্ড প্রচার

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘টাকা দিয়ে খাদ্য কেনার থেকে না খেয়ে থাকা ভালো: বিদ্যুৎ মন্ত্রী’ শিরোনামে মূল ধারার সংবাদমাধ্যম ডিবিসি নিউজের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘টাকা দিয়ে খাদ্য কেনার থেকে না খেয়ে থাকা ভালো: বিদ্যুৎ মন্ত্রী’ শিরোনামে ডিবিসি নিউজ কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ডিবিসি নিউজের ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডে ডিবিসি নিউজের লোগো ও তারিখ হিসেবে ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ উল্লেখ পাওয়া যায়। উক্ত সূত্রগুলো ধরে অনুসন্ধানে ডিবিসির ফেসবুক পেজ থেকে গত ২৭ ফেব্রুয়ারি প্রকাশিত এমন ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, ডিবিসির ওয়েবসাইটেও এ সংক্রান্ত কোনো তথ্য বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
তবে, ডিবিসির ফেসবুক পেজে ২৭ ফেব্রুয়ারি ‘ঋণে ডুবে থাকার চেয়ে লোডশেডিংয়ের কষ্ট সহ্য করা ভালো: বিদুৎমন্ত্রী’ শীর্ষক তথ্য বা শিরোনাম সংবলিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।

ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে দেখা যায়, আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটির শিরোনামের ফন্ট ভিন্ন এবং আকারেও খানিকটা পার্থক্য রয়েছে।
মূল ফটোকার্ডটিতে ‘ঋণে ডুবে থাকার চেয়ে লোডশেডিংয়ের কষ্ট সহ্য করা ভালো: বিদুৎমন্ত্রী’ শীর্ষক বাক্য থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে সম্পাদনা করে `টাকা দিয়ে খাদ্য কেনার থেকে না খেয়ে থাকা ভালো: বিদ্যুৎ মন্ত্রী’ শীর্ষক বাক্য লেখা হয়েছে।
অর্থাৎ, ডিবিসির এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
মূল ফটোকার্ড সংবলিত ডিবিসির ফেসবুকের মন্তব্যঘরে কোনো সংবাদ প্রতিবেদন না পাওয়া গেলেও একই শিরোনামে আরটিভির প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, জাতির ওপর বিশাল ঋণের বোঝা চাপিয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়ার চেয়ে লোডশেডিংয়ের কষ্ট সহ্য করা অনেক ভালো বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে ‘ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ’ (এফইআরবি)-এর এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বিগত সরকারের অপরিকল্পিত নীতি এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত না করে বিদ্যুৎকেন্দ্র স্থাপনের কড়া সমালোচনা করে তিনি বর্তমান পরিস্থিতিকে ‘একটি বিশৃঙ্খল অবস্থা’ হিসেবে বর্ণনা করেন।
সুতরাং, ‘টাকা দিয়ে খাদ্য কেনার থেকে না খেয়ে থাকা ভালো: বিদ্যুৎ মন্ত্রী’ দাবিতে ডিবিসি নিউজের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Rumor Scanner’s analysis
- dbcnews.tv: Facebook Post
- dbcnews.tv: Website
- dbcnews.tv: YouTube
- Rtv : ঋণে ডুবে থাকার চেয়ে লোডশেডিংয়ের কষ্ট সহ্য করা ভালো: বিদুৎমন্ত্রী

