রাজধানীতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ ৫ শিবির কর্মী গ্রেফতারের দাবিতে একাত্তর টিভির নামে সম্পাদিত ফটোকার্ড প্রচার

সম্প্রতি, ‘মোহাম্মদপুরে সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ ৫ শিবির কর্মী গ্রেফতার’ শিরোনামে একাত্তর টিভির ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, রাজধানীতে সেনাবাহিনীর অভিযান দেশীয় অস্ত্রসহ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পাঁচজন কর্মী গ্রেফতারের দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, একাত্তর টিভির ফেসবুক পেজে প্রচারিত একটি ফটোকার্ড সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে একাত্তর টিভির’ লোগো রয়েছে। এছাড়া, এটি প্রকাশের তারিখ হিসেবে ‘৫ ফেব্রুয়ারি, ২০২৬’ উল্লেখ রয়েছে।

প্রাপ্ত তথ্যগুলোর সূত্র ধরে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে গত ৫ ফেব্রুয়ারি কিংবা সাম্প্রতিক সময়ে আলোচিত শিরোনামে কোনো ফটোকার্ড প্রচারিত হতে দেখা যায়নি। এছাড়াও সংবাদমাধ্যমটির ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল কিংবা অন্যকোনো গণমাধ্যমে উল্লিখিত দাবি সমর্থিত কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

তবে, একাত্তর টিভির ফেসবুক পেজে গত ৫ ফেব্রুয়ারি ‘মোহাম্মদপুরে সেনাবাহিনীর অভিযান, গ্রেপ্তার ৫’ শিরোনামে প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। ফটোকার্ডটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের ছবি ও গ্রাফিক্যাল ডিজাইনের সাথে এর সাদৃশ্য রয়েছে।

এছাড়াও একাত্তর টিভির প্রচলিত ফটোকার্ডের শিরোনামে ব্যবহৃত ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডটির শিরোনামে ব্যবহৃত ফন্টের পার্থক্যও স্পষ্ট। যা থেকে নিশ্চিত হওয়া যাচ্ছে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে উক্ত ফটোকার্ডটির শিরোনাম পরিবর্তন করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

পরবর্তীতে ফটোকার্ডটির মন্তব্যের ঘর থেকে প্রাপ্ত ভিডিও প্রতিবেদন পর্যালোচনা করে দেখা যায়, প্রতিবেদনে আটককৃতদের শিবিরের রাজনীতির সাথে জড়িত থাকার কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়া একাধিক গণমাধ্যমে প্রকাশিত সংবাদ পর্যালোচনা করে আটককৃতদের রাজনৈতিক সংশ্লিষ্টতার কোনো প্রমাণ পাওয়া যায়নি।

সুতরাং, রাজধানীতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পাঁচজন কর্মী গ্রেফতারের দাবিতে একাত্তর টিভির নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।

তথ্যসূত্র

  • Ekattor TV – Facebook Page
  • Ekattor TV – Website
  • Ekattor TV – YouTube Channel
  • Ekattor TV – Facebook Post
  • Rumor Scanner’s Analysis
Share: