চরমোনাই পীরকে জড়িয়ে কাদের সিদ্দিকীর মন্তব্য দাবিতে একাত্তর টিভির নামে সম্পাদিত ফটোকার্ড প্রচার

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘চরমোনাই সাহেবের অবস্থা আমার মতো হতে পারে, বার বার দল বদলালে এমন হয়- কাদের সিদ্দিকী’ শিরোনামে সংবাদমাধ্যম একাত্তর টিভির ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক


রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘চরমোনাই সাহেবের অবস্থা আমার মতো হতে পারে, বার বার দল বদলালে এমন হয়- কাদের সিদ্দিকী’ শিরোনামে একাত্তর টিভি কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় একাত্তর টিভির ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনা করে ভুয়া ফটোকার্ডটি তৈরি করে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডে একাত্তর টিভির লোগো ও তারিখ হিসেবে ১৮ জানুয়ারি, ২০২৬ উল্লেখ পাওয়া যায়। উক্ত সূত্রগুলো ধরে অনুসন্ধানে একাত্তর টিভির ফেসবুক পেজ থেকে গত ১৮ জানুয়ারি প্রকাশিত এমন ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, একাত্তর টিভির ওয়েবসাইটেও এ সংক্রান্ত কোনো তথ্য বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

তবে, একাত্তর টিভির ফেসবুক পেজে গত বছরের ২৮ আগস্ট চব্বিশের আন্দোলনকারীদের ব্যবহারে দেশবাসী অতিষ্ঠ: কাদের সিদ্দিকী শীর্ষক তথ্য বা শিরোনাম সংবলিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।

উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, আলোচিত ফটোকার্ডটির ছবি ঠিক থাকলেও নিচের লেখার ফন্ট ভিন্ন এবং ফন্টের আকারে পার্থক্য লক্ষ্য করা যায়। যা একাত্তর টিভির মূল ফটোকার্ডের সাথে মিল নেই।

মূল ফটোকার্ডটিতে ‘চব্বিশের আন্দোলনকারীদের ব্যবহারে দেশবাসী অতিষ্ঠ: কাদের সিদ্দিকী’ শীর্ষক বাক্য থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে নিচের অংশে সম্পাদনা করে `চরমোনাই সাহেবের অবস্থা আমার মতো হতে পারে, বার বার দল বদলালে এমন হয়- কাদের সিদ্দিকী’ শীর্ষক বাক্য যুক্ত করা হয়েছে।

অর্থাৎ, একাত্তর টিভির এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

মূল ফটোকার্ড সংবলিত একাত্তর টিভির পোস্টে মন্তব্যের ঘরে পাওয়া গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, গত বছরের ২৮ আগস্ট কৃষক-শ্রমিক-জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, আমি দেশবাসী ও আন্তর্জাতিকভাবে বলতে চাই, চব্বিশের আন্দোলন আমি দেশ স্বাধীন হওয়ার কাছাকাছি মনে করি। তাদের সমর্থন করি। কিন্তু বর্তমানে চব্বিশের আন্দোলনকারীদের ব্যবহারে দেশবাসী অতিষ্ঠ হয়ে গেছে।

তিনি বলেন, আমি ভেবেছিলাম তাদের এই বিজয় হাজার বছর চিরস্থায়ী হবে। কিন্তু এক বছরে তাদের এই বিজয় ধ্বংসের দিকে চলে যাবে, এটা আমরা আশা করি নাই। আর যদি বলা যায়, আওয়ামী দোসর থেকে বর্তমান সরকারের দোসররা তো বড় স্বৈরাচার।

পাশাপাশি অন্য গণমাধ্যম এবং বিশ্বস্ত সূত্রে আলোচিত দাবির পক্ষে কোনো তথ্য বা সংবাদ পাওয়া যায়নি৷

সুতরাং, ‘চরমোনাই সাহেবের অবস্থা আমার মতো হতে পারে, বার বার দল বদলালে এমন হয়- কাদের সিদ্দিকী’ দাবিতে একাত্তর টিভির নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।

তথ্যসূত্র

Share: