ঈদ প্রসঙ্গে হাদিকে নিয়ে জুমার‌ মন্তব্য দাবিতে কালের কণ্ঠের সম্পাদিত ফটোকার্ড প্রচার

সম্প্রতি, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক এবং ইনকিলাব মঞ্চের নেত্রী ফাতিমা তাসনিম জুমার ছবিসহ সংবাদমাধ্যম কালের কণ্ঠের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হতে দেখে রিউমর স্ক্যানার। এই ফটোকার্ডে দাবি করা হয়েছে জুমা বলেছেন, ‘হাদি ভাই ছাড়া ঈদ, বাংলাদেশের মানুষ আগের মত আর আনন্দ পাবে না।’

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত শিরোনামে কালের কণ্ঠ কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। এছাড়া ফাতিমা তাসনিম জুমাও এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, কালের কণ্ঠের ফেসবুক পেজে প্রচারিত ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে কালের কণ্ঠের লোগো দেখতে পাওয়া যায়। পাশাপাশি ফটোকার্ডটি প্রকাশের তারিখ হিসেবে ‘২০ মার্চ, ২০২৬’ উল্লেখ পাওয়া যায়।

প্রাপ্ত তথ্যগুলোর সূত্র ধরে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে গত ২০ মার্চ কিংবা সাম্প্রতিক সময়ে এমন কোনো ফটোকার্ড প্রচারিত হতে দেখা যায়নি। এছাড়াও সংবাদমাধ্যমটির ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল কিংবা অন্যকোনো গণমাধ্যমে উল্লিখিত দাবি সমর্থিত কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

তবে, কালের কণ্ঠের ফেসবুক পেজে গত ২০ মার্চ ‘দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন নাহিদ ইসলাম’ শিরোনামে প্রচারিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।

উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, আলোচিত ফটোকার্ডের সাথে উক্ত ফটোকার্ডের শিরোনাম ও ছবি ব্যতীত বাকি সকল উপাদানের মিল রয়েছে। যা থেকে নিশ্চিত হওয়া যাচ্ছে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে উক্ত ফটোকার্ডটির শিরোনাম ও ছবি পরিবর্তন করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। কালের কণ্ঠের মূল ফটোকার্ডটিতে ‘দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন নাহিদ ইসলাম’ শীর্ষক বাক্য থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে এর পরিবর্তে ‘হাদি ভাই ছাড়া ঈদ, বাংলাদেশের মানুষ আগের মত আর আনন্দ পাবে না’ শীর্ষক বাক্য লেখা হয়েছে।

অর্থাৎ, কালের কণ্ঠের এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

সুতরাং, ফাতিমা তাসনিম জুমা ‘হাদি ভাই ছাড়া ঈদ, বাংলাদেশের মানুষ আগের মত আর আনন্দ পাবে না’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে কালের কণ্ঠের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।

তথ্যসূত্র

Share: