ড. ইউনূসের জাতিসংঘে দেওয়া ভাষণ নিয়ে মির্জা ফখরুলের নামে ভুয়া মন্তব্য প্রচার

সম্প্রতি, ‘ড.ইউনুসের জাতিসংঘের ভাষন শুনে মনে হয়েছে, ফালতু টাকা খরচ করে এখানে মিথ্যা কথা বার্তা বলতে এসেছে।’- শীর্ষক মন্তব্যটি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর করেছেন দাবিতে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, জাতিসংঘে ড. মুহাম্মদ ইউনূসের দেওয়া ভাষণ নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, মির্জা ফখরুলের মন্তব্য নিয়ে চ্যানেল ২৪ কর্তৃক প্রকাশিত একটি ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। 

অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ড পর্যবেক্ষণ করে দেখা যায়, উক্ত ফটোকার্ডটি প্রকাশের তারিখ হিসেবে ২৮ সেপ্টেম্বর, ২০২৫ উল্লেখ রয়েছে। উক্ত সূত্র ধরে অনুসন্ধানে চ্যানেল ২৪ এর ফেসবুক পেজে গত ২৮ সেপ্টেম্বর প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটির সাথে এই ফটোকার্ডটির ডিজাইন ও ফটোকার্ডে ব্যবহৃত ছবির হুবহু মিল রয়েছে। চ্যানেল ২৪ এর মূল ফটোকার্ডটিতে “ড. ইউনুসের কথা শুনে মনে হয়েছে জিয়াউর রহমানের কথা শুনছি : মির্জা ফখরুল” শীর্ষক বাক্য থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে এর পরিবর্তে “ড. ইউনুসের জাতিসংঘের ভাষন শুনে মনে হয়েছে, ফালতু টাকা খরচ করে এখানে মিথ্যা কথা বার্তা বলতে এসেছে।’’ শীর্ষক বাক্য লেখা হয়েছে।

অর্থাৎ, চ্যানেল ২৪ এই ফটোকার্ডটিতে থাকা শিরোনাম ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

চ্যানেল ২৪ এর মূল ফটোকার্ডির মন্তব্যের ঘরে থাকা প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে ‘এনআরবি কানেক্ট ডে : এমপাওয়ারিং গ্লোবাল বাংলাদেশি’ শীর্ষক অনুষ্ঠানের একটি সেশনে দেওয়া বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বিজনেস ফোরামের সভায় ড. ইউনুসের বক্তব্য শুনে বারবার আমার মনে হচ্ছিল, আমি যেন এদেশের স্বাধীনতার ঘোষক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথাই শুনছি। গণতান্ত্রিক, সমৃদ্ধ ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার যে স্বপ্ন তিনি দেখেছিলেন, সেই স্বপ্নেরই প্রতিধ্বনি আমরা সেদিন ড. ইউনুসের কণ্ঠে শুনেছি।’

তিনি বলেন, ‘যেকোনো দুঃসময়ে বাংলাদেশের মানুষ লড়াই করতে জানে। জুলাই গণঅভ্যুত্থান তার প্রমাণ।’

বিএনপি মহাসচিব জানান, তার দল অন্তর্বর্তী সরকার গঠিত সংস্কার কমিশনগুলোর কাজে সহযোগিতা করছে। তিনি বলেন, ‘আমি সবার সামনে পরিষ্কার করে বলতে চাই- বিএনপি সেই কাজই করবে, যাতে বাংলাদেশ ও দেশের মানুষ উপকৃত হয়।’

মির্জা ফখরুল আরো বলেন, ‘দেশের তরুণ প্রজন্ম আধুনিকভাবে চিন্তা করে এবং বিএনপি তাদের আধুনিক চিন্তাভাবনা গ্রহণ করার মানসিকতা রাখে।’ তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণে তরুণ-তরুণীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’

এছাড়া, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি।

সুতরাং, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘‘ড. ইউনুসের জাতিসংঘের ভাষন শুনে মনে হয়েছে, ফালতু টাকা খরচ করে এখানে মিথ্যা কথা বার্তা বলতে এসেছে।’ শীর্ষক মন্তব্য করেছেন বলে প্রচারিত দাবিটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Share: