আসিফ নজরুল ওসমান হাদির স্ত্রীর দায়িত্ব নিতে চায় দাবিতে কালের কন্ঠের নামে সম্পাদিত ফটোকার্ড প্রচার

শরিফ ওসমান বিন হাদির হত্যার বিচার চেয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন তার স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা। এরই প্রেক্ষিতে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘শহীদ ওসমান হাদির স্ত্রীর ফেসবুক পোস্ট ভাইরাল আসিফ নজরুল তার দায়িত্ব নিতে চায়’ শিরোনামে সংবাদমাধ্যম কালের কন্ঠের ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘ওসমান হাদির স্ত্রীর ফেসবুক পোস্ট ভাইরাল আসিফ নজরুল তার দায়িত্ব নিতে চায়’ শিরোনামে কালের কণ্ঠ কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় কালের কণ্ঠের ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনা করে ভুয়া ফটোকার্ডটি তৈরি করে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডে কালের কণ্ঠের লোগো ও তারিখ হিসেবে ১৫ জানুয়ারি, ২০২৬ উল্লেখ পাওয়া যায়।উক্ত সূত্রগুলো ধরে অনুসন্ধানে কালের কণ্ঠের ফেসবুক পেজ থেকে গত ১০ জানুয়ারি প্রকাশিত এমন ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, কালের কণ্ঠের ওয়েবসাইটেও এ সংক্রান্ত কোনো তথ্য বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
তবে, কালের কণ্ঠের ফেসবুক পেজে ১৫ জানুয়ারি ওসমান হাদির স্ত্রীর ফেসবুক পোস্ট ভাইরাল শীর্ষক তথ্য বা শিরোনাম সংবলিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।

উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, আলোচিত ফটোকার্ডটির শিরোনামের প্রথম অংশটি ঠিক থাকলেও নিচের লেখার ফন্ট ভিন্ন এবং আকারেও খানিকটা পার্থক্য লক্ষ্য করা যায়। এ ছাড়াও আসল ফটোকার্ডের সাথে সম্পাদনা করে আসিফ নজরুল এবং একজন নারীর ছবি যুক্ত করা হয়েছে। যা কালের কণ্ঠের মূল ফটোকার্ডে নেই।
মূল ফটোকার্ডটিতে ‘শহীদ ওসমান হাদির স্ত্রীর ফেসবুক পোস্ট ভাইরাল’ শীর্ষক বাক্য থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে নিচের অংশে সম্পাদনা করে এর সাথে `শহীদ ওসমান হাদির স্ত্রীর ফেসবুক পোস্ট ভাইরাল আসিফ নজরুল তার দায়িত্ব নিতে চায়’ শীর্ষক বাক্য যুক্ত করা হয়েছে।
অর্থাৎ, কালের কণ্ঠের এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
মূল ফটোকার্ড সংবলিত কালের কণ্ঠের পোস্টে মন্তব্যের ঘরে পাওয়া গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, গত ১৪ জানুয়ারি শহীদ শরিফ ওসমান বিন হাদির হত্যার বিচার চেয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন তার স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা। দুপুর ২টা ৪০ মিনিটে এক স্ট্যাটাসে শম্পা প্রশ্ন করেন, ‘ওসমান হাদির হত্যার বিচার কি আদৌ হবে?’ তিনি আরও লেখেন, ‘আপনারা যারা ওসমান হাদিরে শুধু তার কথা শুনে, ভিডিও দেখে তাকে এত ভালোবাসেন, দোয়া করেন, কান্না করেন। তাহলে ভাবেন, ওসমান হাদির এই ভাই-বোনগুলোর মনের অবস্থা কী এখন! যাদের কাছে ভাই ছিল ২৪ ঘণ্টা ছায়ার মতো, তারা কোন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে! ওসমান হাদি এখন বেঁচে থাকলে হয়তো বলত, আমারে বলেন ঠিক আছে, কিন্তু আমার ইনকিলাব মঞ্চের ভাই-বোনগুলোরে নিয়ে কথা বলবেন না। তাহলে আমি সহ্য করব না।’
পাশাপাশি অন্য গণমাধ্যম এবং বিশ্বস্ত সূত্র গুলো বরাতেও আলোচিত দাবির পক্ষে কোনো তথ্য বা সংবাদ পাওয়া যায়নি৷
সুতরাং, ‘শহীদ ওসমান হাদির স্ত্রীর ফেসবুক পোস্ট ভাইরাল আসিফ নজরুল তার দায়িত্ব নিতে চায়’ দাবিতে কালের কণ্ঠের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Rumor Scanner’s analysis
- Kaler Kantho: Facebook Post
- Kaler Kantho: Website
- Kaler Kantho: ওসমান হাদির স্ত্রীর ফেসবুক পোস্ট ভাইরাল

