সম্প্রতি, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা ‘শহীদ হাদির পর কার নাম আসবে ঝুমা?’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে অনলাইন সংবাদমাধ্যম বার্তা বাজারের লোগো সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন ফটোকার্ড দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত দাবিতে বার্তা বাজার কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। পাশাপাশি রুমিন ফারহানাও এমন কোনো মন্তব্য করেনি। প্রকৃতপক্ষে, ‘শহীদ হাদির পর কার নাম আসবে জানি না: রুমিন ফারহানা’ শিরোনামে প্রচারিত বার্তা বাজারের একটি ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে অনলাইন সংবাদমাধ্যম বার্তা বাজারের লোগো এবং প্রকাশের তারিখ হিসেবে ২০ ডিসেম্বর ২০২৫ উল্লেখ রয়েছে।
প্রাপ্ত তথ্যের সূত্র ধরে বার্তা বাজারের ফেসবুক পেজ ও ওয়েবসাইট পর্যালোচনা করে এ ধরনের কোনো ফটোকার্ড বা সংবাদ পাওয়া যায়নি। তবে গণমাধ্যমটির ফেসবুক পেজে গত ২০ ডিসেম্বর ‘শহীদ হাদির পর কার নাম আসবে জানি না: রুমিন ফারহানা’ শিরোনামের প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।

ফটোকার্ডটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটির ছবি ও গ্রাফিক্যাল ডিজাইনের সঙ্গে এর সাদৃশ্য রয়েছে। তবে শিরোনামে পার্থক্য রয়েছে। মূল ফটোকার্ডে ‘শহীদ হাদির পর কার নাম আসবে জানি না: রুমিন ফারহানা’ শিরোনাম থাকলেও আলোচিত ফটোকার্ডে লেখা রয়েছে ‘শহীদ হাদির পর কার নাম আসবে ঝুমা? রুমিন ফারহানা’।
অর্থাৎ, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় বার্তা বাজারের মূল ফটোকার্ড সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এছাড়া মূল ফটোকার্ড সংবলিত পোস্টের কমেন্টে পাওয়া সংবাদ প্রতিবেদন থেকে জানা যায়, গত ২০ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে রুমিন ফারহানার হাদির ওপর হামলার ইস্যু টেনে বলেন, ‘ওসমান হাদির পর কার নাম আসবে, আমি জানি না। নির্বাচন বানচাল করতে পতিত স্বৈরাচারের দোসররা যেমন চেষ্টা করছে, তেমনি দেশের ভেতরেও ষড়যন্ত্র থেমে নেই।’ মূলত রুমিন ফারহানার এই বক্তব্যকেই উদ্ধৃত করে বার্তা বাজার ফটোকার্ড প্রকাশ করে। যা সম্পাদনা করে পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়।
সুতরাং, রুমিন ফারহানা ‘শহীদ হাদির পর কার নাম আসবে ঝুমা?’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে বার্তা বাজারের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Barta Bazar Facebook Post
- Rumor Scanner’s Analysis


