নাহিদ ইসলামকে নিয়ে ডা. মাহমুদা মিতুর ভুয়া মন্তব্য যুক্ত করে সম্পাদিত ফটোকার্ড প্রচার

সম্প্রতি, ‘জামায়াতের সঙ্গে এনসিপি জোট বাঁধলেও আমি নাহিদকে ছেড়ে যাবো না চিকিৎসা কর: ডাঃমিতু’ শীর্ষক মন্তব্যটি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব ডা. মাহমুদা মিতু করেছেন দাবিতে অনলাইন সংবাদমাধ্যম বার্তা বাজারের লোগো সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন- এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘জামায়াতের সঙ্গে এনসিপি জোট বাঁধলেও আমি নাহিদকে ছেড়ে যাবো না চিকিৎসা কর: ডাঃমিতু’ শীর্ষক শিরোনামে বার্তা বাজার কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি এবং ডা. মাহমুদা মিতুও এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, বার্তা বাজারের ফেসবুক পেজে প্রচারিত ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে বার্তা বাজারের লোগো রয়েছে এবং এটি প্রকাশের তারিখ ২৭ ডিসেম্বর, ২০২৫ উল্লেখ করা হয়েছে। উক্ত তথ্যাবলীর সূত্র ধরে বার্তা বাজারের ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত তারিখে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, বার্তা বাজারের ওয়েবসাইট, ইউটিউব চ্যানেলেও এবং ডা. মাহমুদা মিতুর ফেসবুক অ্যাকাউন্টেও এসংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।
তবে, বার্তা বাজারের ফেসবুক পেজ থেকে গত ২৭ ডিসেম্বর মাহমুদা মিতুকে উদ্ধৃত করে ‘জামায়াতের সঙ্গে এনসিপি জোট বাঁধলেও আমরা নাহিদ ইসলামকে বিশ্বাস করি : ডা: মিতু’ শিরোনামে প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। ফটোকার্ডটি পর্যালোচনা করে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের ছবি ও গ্রাফিক্যাল ডিজাইনের সাথে এর সাদৃশ্য খুঁজে পাওয়া যায়।
বার্তা বাজারের মূল ফটোকার্ডটিতে ‘জামায়াতের সঙ্গে এনসিপি জোট বাঁধলেও আমরা নাহিদ ইসলামকে বিশ্বাস করি : ডা: মিতু’ শীর্ষক বাক্য থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে এর পরিবর্তে ‘জামায়াতের সঙ্গে এনসিপি জোট বাঁধলেও আমি নাহিদকে ছেড়ে যাবো না চিকিৎসা কর: ডাঃমিতু’ শীর্ষক বাক্য লেখা হয়েছে। তাছাড়া, বার্তা বাজারের প্রচলিত ফটোকার্ডের শিরোনামের ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডটির ফন্টের পার্থক্যও লক্ষ্য করা যায়।

অর্থাৎ, বার্তা বাজারের এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
উক্ত ফটোকার্ড সংবলিত পোস্টের মন্তব্যের ঘরে পাওয়া গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৭ ডিসেম্বর রাতে নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন এনসিপির যুগ্ম সদস্যসচিব ডা. মাহমুদা মিতু। ওই পোস্টে তিনি বলেন, ‘এই জুলাই এমনি এমনি আসেনি। এই নাহিদ ইসলামের থাইয়ের রক্ত জমাট দাগ আমরা ভুলিনি। উই বিলিভ নাহিদ ইসলাম।’
সুতরাং, ডা. মাহমুদা মিতুকে উদ্ধৃত করে ‘জামায়াতের সঙ্গে এনসিপি জোট বাঁধলেও আমি নাহিদকে ছেড়ে যাবো না চিকিৎসা কর: ডাঃমিতু’ শিরোনামে বার্তা বাজারের নামে প্রচারিত এই ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Barta Bazar- Facebook Page
- Barta Bazar- Website
- Barta Bazar- Youtube Channel
- Barta Bazar- Facebook Post
- Barta Bazar- জামায়াতের সঙ্গে এনসিপি জোট, আমরা নাহিদ ইসলামকে বিশ্বাস করি: ডা. মিতু
- ডা. মাহমুদা মিতু- Facebook Post

