পাকিস্তানের ডাকাতির খবরে তারেক রহমানের কান্নার দৃশ্য দাবিতে ডিবিসি নিউজের নামে সম্পাদিত ফটোকার্ড প্রচার

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তানের খারান শহরে একাধিক স্থাপনা দখলের চেষ্টাকালে গত ১৫ জানুয়ারি সেনা অভিযানে অন্তত ১২ সন্ত্রাসী নিহত হয়েছে। কালের কণ্ঠের এ সংক্রান্ত একটি খবরের স্ক্রিনশট ব্যবহার করে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘স্টেজে ফুপিয়ে ফুপিয়ে কাঁদলেন তারেক রহমান পাকিস্তানের ডাকাতির খবর শুনে’ শিরোনামে মূল ধারার সংবাদমাধ্যম ডিবিসি নিউজের ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘স্টেজে ফুপিয়ে ফুপিয়ে কাঁদলেন তারেক রহমান পাকিস্তানের ডাকাতির খবর শুনে’ শিরোনামে ডিবিসি নিউজ কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ডিবিসি নিউজের ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনা করে ভুয়া ফটোকার্ডটি তৈরি করে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডে ডিবিসি নিউজের লোগো ও তারিখ হিসেবে ১৭ জানুয়ারি, ২০২৬ উল্লেখ পাওয়া যায়। উক্ত সূত্রগুলো ধরে অনুসন্ধানে ডিবিসির ফেসবুক পেজ থেকে গত ১৭ জানুয়ারি প্রকাশিত এমন ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, ডিবিসির ওয়েবসাইটেও এ সংক্রান্ত কোনো তথ্য বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। তবে, ডিবিসির ফেসবুক পেজে ১৭ জানুয়ারি স্টেজে ফুপিয়ে ফুপিয়ে কাঁদলেন তারেক রহমান শীর্ষক তথ্য বা শিরোনাম সংবলিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।

উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, আলোচিত ফটোকার্ডটির শিরোনামের প্রথম অংশটি ঠিক থাকলেও নিচের লেখার ফন্ট ভিন্ন এবং আকারেও খানিকটা পার্থক্য লক্ষ্য করা যায়। এ ছাড়াও আসল ফটোকার্ডের সাথে সম্পাদনা করে একটি নিউজের ছবি যুক্ত করা হয়েছে। যা ডিবিসির মূল ফটোকার্ডে নেই।
মূল ফটোকার্ডটিতে ‘স্টেজে ফুপিয়ে ফুপিয়ে কাঁদলেন তারেক রহমান’ শীর্ষক বাক্য থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে নিচের অংশে সম্পাদনা করে এর সাথে `স্টেজে ফুপিয়ে ফুপিয়ে কাঁদলেন তারেক রহমান পাকিস্তানের ডাকাতির খবর শুনে’ শীর্ষক বাক্য যুক্ত করা হয়েছে।
অর্থাৎ, ডিবিসির এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
মূল ফটোকার্ড সংবলিত ডিবিসির ইউটিউবে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে শহীদ পরিবারের সদস্যদের সম্মানে আয়োজিত এক বিশেষ আলোচনা সভায় আবেগ ধরে রাখতে পারেননি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক এই আলোচনায় বাবাহারা এক সন্তানের হৃদয়বিদারক আকুতি শুনে মঞ্চেই ফুপিয়ে কাঁদতে দেখা যায় তাকে।
অনুষ্ঠানের এক পর্যায়ে শহীদ পরিবারের একজন সন্তান তার বক্তব্যে বাবাকে একবার জড়িয়ে ধরার আকুতি জানালে পুরো মিলনায়তনে নেমে আসে নীরবতা। সন্তানের কণ্ঠে সেই বেদনা ও হাহাকার শুনে আবেগাপ্লুত হয়ে পড়েন তারেক রহমান। তিনি চেয়ারে বসেই চোখের পানি ধরে রাখতে না পেরে কাঁদতে থাকেন। এ সময় মঞ্চ ও মিলনায়তনে এক গুমোট ও শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।
সুতরাং, ‘স্টেজে ফুপিয়ে ফুপিয়ে কাঁদলেন তারেক রহমান পাকিস্তানের ডাকাতির খবর শুনে’ দাবিতে ডিবিসি নিউজের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Rumor Scanner’s analysis
- dbcnews.tv: Facebook Post
- dbcnews.tv: Website
- dbcnews.tv: YouTube
- dbcnews.tv: স্টেজে ফুপিয়ে ফুপিয়ে কাঁদলেন তারেক রহমান

