নৌ ও বিমানবাহিনী প্রধান প্রধানমন্ত্রীর হাতে বঙ্গবন্ধুর ছবি তুলে দিচ্ছেন দাবিতে সম্পাদিত ছবি প্রচার

গত ২১ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নৌ ও বিমানবাহিনীর প্রধানদের সাক্ষাৎ হয়। ওই সাক্ষাতে নৌ ও বিমানবাহিনীর প্রধানরা তারেক রহমানকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি উপহার দিয়েছেন দাবিতে দুইটি ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, নৌ ও বিমানবাহিনীর প্রধানেরা সাক্ষাৎ করতে গিয়ে তারেক রহমানকে শেখ মুজিবুর রহমানের ছবি উপহার দেননি। বরং, বিমানবাহিনীর প্রধান জিয়াউর রহমান ও সাবেক বিমানবাহিনীর প্রধান মাহবুব আলী খানের একটি ছবি ও নৌবাহিনীর প্রধান একটি সম্মাননা স্মারক দেন। এসব উপহার দেওয়ার মুহূর্তের ছবিগুলো সম্পাদনা করে আলোচিত ছবিগুলো তৈরি করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে নৌ ও বিমানবাহিনীর প্রধানেরা তারেক রহমানকে শেখ মুজিবুর রহমানের ছবি দেওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি।
পরবর্তীতে গত ২১ ফেব্রুয়ারি আজকের পত্রিকার ওয়েবসাইটে “প্রধানমন্ত্রীর সঙ্গে নৌ ও বিমানবাহিনী প্রধানের সাক্ষাৎ” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে থাকা ছবিগুলোর সাথে আলোচিত ছবিগুলোর ব্যাকগ্রাউন্ড, পোশাক, ফ্রেমসহ আনুষাঙ্গিক সবকিছুর মিল রয়েছে।

এছাড়া, প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত ফেসবুক পেজ (১, ২) এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফেসবুক পেজ থেকেও সংশ্লিষ্ট ছবিগুলো পোস্ট করা হয়েছে। সেগুলোতেও বঙ্গবন্ধুর ছবি নয়, বরং ভিন্ন ছবি উপহার দিতে দেখা যায়।
অর্থাৎ, উক্ত ছবিগুলো ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত ছবিগুলো তৈরি করা হয়েছে।
সুতরাং, নৌ ও বিমানবাহিনীর প্রধানেরা তারেক রহমানকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি উপহার দিয়েছেন দাবিতে প্রচারিত ছবিগুলো সম্পাদিত।
তথ্যসূত্র
- Ajker Patrika- প্রধানমন্ত্রীর সঙ্গে নৌ ও বিমানবাহিনী প্রধানের সাক্ষাৎ
- Tareque Rahman- Facebook Post (1, 2)
- PMO- Facebook Post

