এআই দিয়ে ছবি সম্পাদনা করে জাইমা রহমানের নামে অপপ্রচার 

সম্প্রতি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে জড়িয়ে “অনন্য কৃতি গড়লেন তারেক কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। তার এই ঐতিহাসিক অর্জনে পুরো দেশবাসী গর্বিত” শীর্ষক শিরোনামে কিছু পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে। 

আলোচিত পোস্টগুলোর কমেন্ট সেকশনে “পর্নহাবের টপ ২০ তালিকায় বাংলাদেশী পর্ন তারকার নাম” শিরোনামে জাইমা রহমানের বিকিনি পরিহিত ছবি দাবিতে একটি ফটোকার্ড সংযুক্ত করা হয়েছে। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, জাইমা রহমানের বিকিনি পরিহিত আলোচিত ছবিটি আসল নয়। বরং তার ভিন্ন একটি ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে সম্পাদনা করে এটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবি সংবলিত ফটোকার্ডটিতে ‘NEWS 69’ শীর্ষক নাম ও লোগো’র অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। পাশাপাশি, এটি প্রকাশের তারিখ হিসেবে ‘০৩ জানুয়ারি ২০২৬’ উল্লেখ পাওয়া যায়।

উক্ত তথ্যাবলীর সূত্র ধরে অনুসন্ধানে ‘News Sixnine’ নামক ফেসবুক পেজে গত ০৩ জানুয়ারিতে প্রকাশিত একটি পোস্টে একই ফটোকার্ডটি খুঁজে পাওয়া যায়। পেজটির ইন্ট্রো সেকশন থেকে জানা যায়, আলোচিত পেজটিতে শুধুমাত্র বিনোদনমূলক কনটেন্ট প্রচার করা হয়।

এছাড়া, আলোচিত ফটোকার্ডটিতে ব্যবহৃত ছবির বিষয়ে অনুসন্ধানে ব্যারিস্টার জাইমা রহমানের অফিশিয়াল ফেসবুক পেজে গত বছরের ২৪ নভেম্বরে প্রকাশিত একটি ছবি খুঁজে পাওয়া যায়। প্রোফাইল পিকচারে সংযুক্ত এই ছবির সঙ্গে আলোচিত দাবি সংবলিত ফটোকার্ডের ছবিতে জাইমা রহমানের অঙ্গভঙ্গি ও পেছনের ব্যাকগ্রাউন্ডের মিল পাওয়া যায়।

অর্থাৎ, বিনোদনের নামে প্রচারিত ব্যঙ্গাত্মক কনটেন্টই পরবর্তীতে জাইমা রহমানের আসল ছবি দাবিতে ফেসবুকে প্রচার করা হয়েছে।

বিষয়টি অধিকতর নিশ্চিতে এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম ‘DeepFake-O-Meter’ এর মাধ্যমে ছবিটি পরীক্ষা দেখা যায়, এটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় ৯৯ শতাংশ।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে দেশে রাজনৈতিক ও বিনোদন অঙ্গনের একাধিক নারী এমন ভুয়া এডাল্ট কনটেন্টের মাধ্যমে অপপ্রচারের শিকার হয়েছেন। সেসব বিষয়ে ইতোমধ্যে বেশ কয়েকটি ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।

সুতরাং, জাইমা রহমানের নামে প্রচারিত আলোচিত ছবিটি সম্পাদিত।

তথ্যসূত্র

Share: