বাউলের মুক্তির দাবিতে প্রচারিত প্ল্যাকার্ডের লেখা সম্পাদনা করে অ্যাক্টিভিস্টের নামে অপপ্রচার

মানিকগঞ্জের ঘিওরের এক ইমামের করা ধর্ম অবমাননার মামলায় গত বৃহস্পতিবার (২০ নভেম্বর) বাউলশিল্পী আবুল সরকারকে গ্রেফতার করেছে পুলিশ। এই গ্রেফতারের ঘটনায় সরকারের প্রতি ক্ষোভ জানিয়ে তার মুক্তির দাবি জানিয়েছে নানা পেশার মানুষ। এরই প্রেক্ষিতে ‘এই দেশ বাউলদের, এই দেশ সুন্নিয়তের, এই দেশ ওহাবি আর নবীর দুশমন মৌদ্দীর নয়! Free Abul Sarkar!’ শীর্ষক লেখা প্ল্যাকার্ড হাতে অ্যাক্টিভিস্ট তাপসী দে প্রাপ্তির একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
একই দাবিতে ইন্সটাগ্রামে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বাউল আবুল সরকারের মুক্তির দাবি সংবলিত আলোচিত প্ল্যাকার্ডের ছবিটি বাস্তব নয় বরং, বাউলের মুক্তির দাবি নিয়ে ভিন্ন লেখা সংবলিত প্ল্যাকার্ডের লেখা প্রযুক্তির সহায়তায় মুছে দিয়ে তাতে আলোচিত লেখাগুলো যুক্ত করা হয়েছে। মূল প্ল্যাকার্ডে ‘এই দেশ সুন্নিয়তের, এই দেশ ওহাবি আর নবীর দুশমন মৌদূদীর নয়!’ শীর্ষক বাক্য লেখা নেই।
অনুসন্ধানের শুরুতে অ্যাক্টিভিস্ট তাপসী দে প্রাপ্তির ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করে গত ২৩ নভেম্বর বাউলশিল্পী আবুল সরকারের মুক্তির দাবি জানানো সংক্রান্ত দুইটি পৃথক পোস্ট খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্টগুলোতে যুক্ত ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবিতে থাকা প্ল্যাকার্ডের লেখা ব্যতীত বাকি অংশের হুবহু মিল রয়েছে।
উল্লেখিত পোস্টগুলোর ছবিতে থাকা প্ল্যাকার্ডে ‘এই দেশ বাউলের কিন্তু এই সরকার কাদের। হামলাকারীদের বিচার করো FREE ABUL SARKAR NOW!’ শীর্ষক লেখা রয়েছে।

অর্থাৎ, বাউল আবুল সরকারের মুক্তি দাবি সংবলিত এই প্ল্যাকার্ডের লেখা মুছে দিয়ে তাতে
‘এই দেশ সুন্নিয়তের, এই দেশ ওহাবি আর নবীর দুশমন মৌদূদীর নয়!’ শীর্ষক বাক্য যুক্ত করে আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে।
সুতরাং, বাউল আবুল সরকারের মুক্তির দাবি নিয়ে অ্যাক্টিভিস্ট তাপসী প্রাপ্তির নামে প্রচারিত এই প্ল্যাকার্ডের ছবিটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Prapti Taposhi- Facebook Post
- taaposhee- Instagram Post

