কনডম নিয়ে উপদেষ্টা রিজওয়ানার মন্তব্য দাবিতে প্রথম আলোর সম্পাদিত ফটোকার্ড প্রচার

সম্প্রতি, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ‘বাজারে নকল ও মানহীন কনডম, জনস্বাস্থ্য হুমকিতে’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে সংবাদমাধ্যম প্রথম আলোর লোগো ও ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। 

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘বাজারে নকল ও মানহীন কনডম, জনস্বাস্থ্য হুমকিতে’ শীর্ষক কোনো মন্তব্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান করেননি এবং উক্ত শিরোনামে প্রথম আলোও কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, রিজওয়ানা হাসানকে নিয়ে প্রকাশিত প্রথম আলোর ভিন্ন ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তার সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে প্রথম আলোর লোগো এবং এটি প্রকাশের তারিখ ৫ ফেব্রুয়ারি, ২০২৬ উল্লেখ রয়েছে। এর সূত্রে প্রথম আলোর ফেসবুক পেজে ৫ ফেব্রুয়ারি রিজওয়ানা হাসানের ছবি সংবলিত এমন কোনো ফটোকার্ড পাওয়া যায়নি। তবে ‘বাজারে নকল ও মানহীন কনডম, জনস্বাস্থ্য হুমকিতে’ শিরোনাম সংবলিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।

ফটোকার্ডটি পর্যালোচনা করে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ড ব্যবহৃত ছবির সাথে উক্ত ফটোকার্ডে ব্যবহৃত ছবির মিল নেই। বাকি সকল উপদানের মিল থাকলেও প্রথম আলোর এই ফটোকার্ডটিতে রিজওয়ানার ছবির পরিবর্তে একটি কনডমের প্যাকেটের ছবি রয়েছে।

অর্থাৎ, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় প্রথম আলোর এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

মূল ফটোকার্ড সংবলিত পোস্টটির কমেন্টে পাওয়া সংবাদ প্রতিবেদনে বলা হয়, রাজধানীর তেজতুরী বাজারের একটি ওষুধের দোকান। বস্তিসংলগ্ন এ জায়গায় সন্ধ্যার দিকে ক্রেতাদের ভিড়ে এক তরুণ লাজুক ভঙ্গিতে দোকানির দিকে ঝুঁকে কনডম চান। দোকানি কোনো প্রশ্ন না করেই কাউন্টারের নিচ থেকে একটি প্যাকেট বের করে দেন। মোড়কে লেখা একটি অপরিচিত ব্র্যান্ডের নাম, কিন্তু ভেতরের কনডমে ছাপা রয়েছে ভিন্ন নাম। প্যাকেটে তিনটি কনডম আছে, দাম ১০ টাকা। তরুণটি না জেনেই কিনে নেন। তিনি জানেন না, এ কনডমই হয়তো তাঁর ভবিষ্যতের বড় স্বাস্থ্যঝুঁকির কারণ হয়ে দাঁড়াতে পারে।

তবে এই প্রতিবেদন এবং অন্যান্য গণমাধ্যম সূত্রে আলোচিত দাবি সমর্থিত কোনো তথ্য পাওয়া যায়নি।

সুতরাং, উপদেষ্টা রিজওয়ানা হাসান ‘বাজারে নকল ও মানহীন কনডম, জনস্বাস্থ্য হুমকিতে’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে প্রথম আলোর নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।

তথ্যসূত্র

Share: