শেখ হাসিনাকে জড়িয়ে ভ্লাদিমির পুতিনের মন্তব্য দাবিতে নাগরিক টিভির সম্পাদিত ফটোকার্ড প্রচার

সম্প্রতি, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকেও টার্গেট করা হয়েছিল’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে নাগরিক টিভির লোগো সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে, এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভ্লাদিমির পুতিন ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকেও টার্গেট করা হয়েছিল’ শীর্ষক মন্তব্য করেননি এবং উক্ত শিরোনামে নাগরিক টিভিও কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ভিন্ন ইস্যুতে পুতিন বক্তব্য নিয়ে প্রকাশিত নাগরিক টিভির ভিন্ন ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তার সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে নাগরিক টিভির লোগো এবং এটি প্রকাশের তারিখ ১ মার্চ, ২০২৬ উল্লেখ রয়েছে। এর সূত্রে নাগরিক টিভির ফেসবুক পেজে ১ মার্চ ‘খামেনির নৃশংস হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন: পুতিন’ শিরোনাম সংবলিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।

উক্ত ফটোকার্ডটি পর্যালোচনা করে দেখা যায়, এটির সাথে প্রচারিত ফটোকার্ডের শিরোনাম ব্যতীত বাকি সকল উপাদানের মিল রয়েছে। নাগরিক টিভির মূল ফটোকার্ডটিতে ‘খামেনির নৃশংস হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন: পুতিন’ শীর্ষক বাক্য থাকলেও আলোচিত ফটোকার্ড এর পরিবর্তে ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকেও টার্গেট করা হয়েছিল: পুতিন’ শীর্ষক বাক্য লেখা রয়েছে।
অর্থাৎ, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় নাগরিক টিভির এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
নাগরিক টিভির মূল ফটোকার্ড সংবলিত পোস্টের কমেন্টে কোনো সংবাদ প্রতিবেদন পাওয়া যায়নি। তবে একই শিরোনামে সমকালের সংবাদ প্রতিবেদন থেকে জানা যায়, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি হত্যাকাণ্ডের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রোববার এক বিবৃতিতে খামেনির হত্যাকাণ্ডকে মানবিক নৈতিকতা ও আন্তর্জাতিক আইনের সব নীতির নিষ্ঠুর লঙ্ঘন বলে আখ্যায়িত করেছেন তিনি।
রুশ রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাস নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুতে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কাছে গভীর শোক প্রকাশ করেছেন রুশ প্রেসিডেন্ট। প্রতিবেদনে বলা হয়, ভ্লাদিমির পুতিন খামেনির এই মৃত্যুকে একটি ‘নৃশংস হত্যাকাণ্ড’ অভিহিত করে বলেছেন, এই ঘটনা মানবিক নৈতিকতার সব আদর্শ এবং আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন।
তবে এই প্রতিবেদন কিংবা অন্যান্য গণমাধ্যম সূত্রে আলোচিত মন্তব্যটির বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
সুতরাং, ভ্লাদিমির পুতিন ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকেও টার্গেট করা হয়েছিল’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে নাগরিক টিভির নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Rumor Scanner’s analysis
- Nagorik tv : Facebook Post
- Nagorik tv : Website
- Samakal : খামেনির নৃশংস হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন: পুতিন

