নাসীরুদ্দীন পাটওয়ারী গ্রেফতার হবেন দাবি করে আরটিভি কোনো ফটোকার্ড প্রকাশ করেনি, প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত

সম্প্রতি, জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক ও জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ডা. মাহমুদা আলম মিতুর ছবি সংযুক্ত করে ‘ গ্রেফতার হবে নাসির পাটোয়ারী’ শীর্ষক দাবিতে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
উল্লেখ্য, প্রচারিত ফটোকার্ডে মূলধারার গণমাধ্যম ‘আরটিভি’ এর ওয়েবসাইট লিঙ্ক (rtvonline.com) এর সংযুক্তি পাওয়া যায়।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘গ্রেফতার হবে নাসির পাটোয়ারী’ শিরোনামে আরটিভি কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। বরং, আরটিভির ভিন্ন একটি ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে গণমাধ্যম আরটিভির ওয়েবসাইটের ঠিকানা উল্লেখ পাওয়া যায়। এরই সূত্র ধরে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজ এবং ওয়েবসাইট পর্যবেক্ষণ করে এমন কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি।
তবে, আলোচিত ফটোকার্ডটির ডান দিকের নিচে একটি কিউআর কোড দেখা যায়। কিউআর কোডটি স্ক্যান করলে ‘প্রধানমন্ত্রীর সঙ্গে কোস্টগার্ড মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ’ শিরোনামের একটি সংবাদ নিয়ে যায়। উক্ত সূত্র ধরে আরটিভির ফেসবুক পেজ পর্যবেক্ষণ করলে গত ৩ মার্চ একই শিরোনামে প্রচারিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।

আরটিভির মূল ফটোকার্ডটিতে ‘প্রধানমন্ত্রীর সঙ্গে কোস্টগার্ড মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ’ শীর্ষক বাক্য থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে এর পরিবর্তে ‘গ্রেফতার হবে নাসির পাটোয়ারী’ শীর্ষক বাক্য লেখা হয়েছে।
অর্থাৎ, আরটিভির এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
সুতরাং, ‘গ্রেফতার হবে নাসির পাটোয়ারী’ শীর্ষক শিরোনামে আরটিভির নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Rumor Scanner’s analysis
- Rtv । আরটিভি- Facebook Post

