শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে আরটিভির একাধিক সম্পাদিত ফটোকার্ড প্রচার

সম্প্রতি, “১৭ মে বাংলাদেশে ফিরছেন শেখ হাসিনা” শিরোনামে বা তথ্যে আরটিভির ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

এছাড়া, “দেশে কবে ফিরবেন তারিখ জানালেন শেখ হাসিনা” শিরোনামে বা তথ্যেও আরটিভির ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হতে দেখা যায়।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ১৭ মে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরছেন কিংবা তিনি দেশে কবে ফিরবেন তারিখ জানিয়েছেন- এমন দাবিতে আরটিভি কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি বরং, আরটিভির ভিন্ন একটি ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডগুলো তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে এতে আরটিভির লোগো ও ওয়েবসাইটের ঠিকানা উল্লেখ থাকতে দেখা যায়। এরই সূত্র ধরে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজ এবং ওয়েবসাইট পর্যবেক্ষণ করে এমন কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি।

তবে, আলোচিত ফটোকার্ডগুলোর ডান দিকের নিচের অংশে একটি কিউআর কোড দেখা যায়। কিউআর কোডগুলো স্ক্যান করলে ‘সন্ধ্যার মধ্যে ৯ জেলায় ঝোড়ো হাওয়ার আভাস’ শিরোনামের একটি সংবাদ নিয়ে যায়। উক্ত সূত্র ধরে আরটিভির ফেসবুক পেজ পর্যবেক্ষণ করলে গতকাল (১১ মে) এক‌ই শিরোনামে প্রচারিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।

আরটিভির মূল ফটোকার্ডটিতে ‘সন্ধ্যার মধ্যে ৯ জেলায় ঝোড়ো হাওয়ার আভাস’ শীর্ষক বাক্য থাকলেও প্রচারিত ফটোকার্ডগুলো এর পরিবর্তে ‘১৭ মে বাংলাদেশে ফিরছেন শেখ হাসিনা’ এবং ‘দেশে কবে ফিরবেন তারিখ জানালেন শেখ হাসিনা’ শীর্ষক বাক্যগুলো লেখা হয়েছে। অর্থাৎ, আরটিভির এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডগুলো তৈরি করা হয়েছে।

সুতরাং, ‘১৭ মে বাংলাদেশে ফিরছেন শেখ হাসিনা’ এবং ‘দেশে কবে ফিরবেন তারিখ জানালেন শেখ হাসিনা’ শিরোনামে আরটিভির নামে প্রচারিত ফটোকার্ড দুইটি সম্পাদিত।

তথ্যসূত্র

  • Rumor Scanner’s analysis 
  • Rtv । আরটিভি- Facebook Post
Share: