সম্প্রতি, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের মন্তব্য দাবিতে “বাংলাদেশের পরীক্ষা কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা থাকবে ঠীকই কিন্তু কারেন্ট থাকবে না তাই চিন্তা থেকে বেরিতে আসো” শিরোনামে মূলধারার সংবাদমাধ্যম সময় টিভির ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড অনলাইনে প্রচার করা হয়েছে।
এরূপ দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, “বাংলাদেশের পরীক্ষা কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা থাকবে ঠীকই কিন্তু কারেন্ট থাকবে না তাই চিন্তা থেকে বেরিতে আসো” শিরোনামে সময় টিভি কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি বরং, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সময় টিভির ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনার মাধ্যমে এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে সময় টিভির লোগো এবং ফটোকার্ডটি প্রচারের তারিখ হিসেবে ০৭ মে মে ২০২৬ উল্লেখ রয়েছে, যা অস্বাভাবিক। গুগলের জেমিনি এআই বলছে, “এটি যে ভবিষ্যতের একটি সময় নির্দেশ করছে, এটি একটি বড় অসঙ্গতি।” জেমিনির মতে, ফটোকার্ডটির ফন্ট এবং টেক্সট লেআউট দেখে মনে হচ্ছে এটি কোনো মোবাইল অ্যাপ বা এডিটিং সফটওয়্যার দিয়ে তৈরি করা হয়েছে। এআই এর চেয়ে এটি কোনো মানুষের করা কারসাজি হওয়ার সম্ভাবনা বেশি।
ফটোকার্ডে সময় টিভির লোগোর সূত্র ধরে গণমাধ্যমটির ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত শিরোনাম সংলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি।
তবে, গত ০৭ এপ্রিলে “স্কুল-কলেজে অনলাইন-অফলাইন ক্লাস নিয়ে নতুন যে তথ্য দিলেন শিক্ষামন্ত্রী” শিরোনামে সময় টিভির ফেসবুক পেজে প্রচারিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। ফটোকার্ডটি পর্যালোচনা করে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের ছবি ও গ্রাফিক্যাল ডিজাইনের সাথে এর সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। তবে মূল ফটোকার্ডটিতে ‘স্কুল-কলেজে অনলাইন-অফলাইন ক্লাস নিয়ে নতুন যে তথ্য দিলেন শিক্ষামন্ত্রী’ লেখা থাকলেও আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডে ‘বাংলাদেশের পরীক্ষা কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা থাকবে ঠীকই কিন্তু কারেন্ট থাকবে না তাই চিন্তা থেকে বেরিতে আসো’ লেখা হয়েছে। এছাড়া, উক্ত বাক্যগুলোর ফন্টেও অমিল রয়েছে।

অর্থাৎ, সময় টিভির এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
সময় টিভির ফটোকার্ড পোস্টটির মন্তব্য সেকশনে থাকা লিঙ্কের প্রতিবেদনে বলা হয়, দেশের মেট্রোপলিটন এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাসের বিষয়ে স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ৬ এপ্রিল ময়মনসিংহে এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্রসচিবদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা জানান তিনি।
তবে প্রতিবেদনটিতে আলোচিত দাবির বিষয়ে কোনো তথ্যের উল্লেখ পাওয়া যায়নি।
সুতরাং, ‘বাংলাদেশের পরীক্ষা কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা থাকবে ঠীকই কিন্তু কারেন্ট থাকবে না তাই চিন্তা থেকে বেরিতে আসো’ শীর্ষক শিরোনামে সময় টিভির নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Somoy News : Facebook Post


