শেখ হাসিনার কাছে জামায়াত আমীরের ক্ষমা চাওয়ার দাবিটি ভুয়া, প্রচারিত ভিডিওটি সম্পাদিত

সম্প্রতি, সাংবাদিক খালেদ মুহিউদ্দীনের একটি টকশোতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান নিজের ভুলের জন্যে শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছেন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি টকশোর ভিডিও প্রচারিত হতে দেখে রিউমর স্ক্যানার। ভিডিওটিতে খালেদ মুহিউদ্দীন ও ডা. শফিকুর রহমানের পাশাপাশি শেখ হাসিনাকেও দেখতে পাওয়া যায়। তবে ভিডিওর কোথাও ডা. শফিকুর রহমানকে শেখ হাসিনার কাছে ক্ষমা প্রার্থনা করতে দেখা যায়নি।

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
টিকটকে প্রচারিত একই ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, সম্প্রতি কোনো টকশোতে শেখ হাসিনা, খালেদ মুহিউদ্দিন ও ডা. শফিকুর রহমান একইসাথে মুখোমুখি হননি। প্রকৃতপক্ষে, খালেদ মুহিউদ্দিন ও ডা. শফিকুর রহমানের একটি টকশোর ভিডিওর সাথে শেখ হাসিনার ভিন্ন একটি ফুটেজ যুক্ত করে দিয়ে তা আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
জামায়াতে ইসলামীর আমীর টকশোতে শেখ হাসিনার কাছে প্রকাশ্যে ক্ষমা চাইলে সেটি স্বাভাবিকভাবে দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি করবে এবং গণমাধ্যমগুলোতেও সেটি গুরুত্বসহকারে প্রচার করা হবে। তবে অনুসন্ধানে গণমাধ্যম কিংবা অন্যকোনো নির্ভরযোগ্য সূত্রে এমন কোনো তথ্য পাওয়া যায়নি।
পরবর্তীতে ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে ঠিকানায় খালেদ মুহিউদ্দীন নামক ইউটিউব চ্যানেলে ২০২৫ সালের ২৪ জুন প্রচারিত ডা. শফিকুর রহমান ও খালেদ মুহিউদ্দীনের একটি টকশোর ভিডিও পাওয়া যায়। টকশোর বেশকিছু অংশের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর ফুটেজের মিল পাওয়া যায়। তবে পুরো টকশোর কোথাও তাকে শেখ হাসিনার কাছে ক্ষমা প্রার্থনা করতে শোনা যায়নি। বরং, টকশোতে তাকে একাত্তরের সময় জামায়াতের ভূমিকা নিয়ে সবার কাছে ক্ষমা চাওয়া বিষয়ে তাকে কথা বলতে শোনা যায়। এছাড়াও ভিডিওটিতে আলোচিত ভিডিওর মত শেখ হাসিনাকেও দেখতে পাওয়া যায়নি।

অর্থাৎ, ঠিকানায় খালেদ মুহিউদ্দীন টকশোর উক্ত পর্বের অংশ বিশেষের সাথে শেখ হাসিনার ভিন্ন ফুটেজ যুক্ত করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে। তবে অনুসন্ধানে আলোচিত ভিডিওতে দেখতে পাওয়া শেখ হাসিনার ফুটেজটি খুঁজে পায়নি রিউমর স্ক্যানার।
সুতরাং, টকশোতে শেখ হাসিনার কাছে জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের ক্ষমা চাওয়ার দাবিটি মিথ্যা ও উক্ত দাবিতে প্রচারিত ভিডিওটি সম্পাদিত।
তথ্যসূত্র
- ঠিকানায় খালেদ মুহিউদ্দীন Youtube Channel: মুখোমুখি জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান
- Rumor Scanner’s Analysis

