শিক্ষামন্ত্রী নামাজ-রোজার বিরুদ্ধে বক্তব্য দেননি, প্রচারিত ভিডিওটি সম্পাদিত

সম্প্রতি শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘নামাজ, রোজা, হজ, যাকাত করে বেহেশতে যাওয়া হবে নাকি, এ ভুয়া কথা শুনবেন না।’ 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে, এখানে, এখানে, এখানে

একই দাবিতে অন্যান্য প্ল্যাটফর্মে প্রচারিত পোস্ট দেখুন: টিকটক, ইউটিউব, ইন্সটাগ্রাম

মুফতী কাওছার আহমেদ জিহাদী নামের এক ইসলামিক বক্তার আলোচনায়ও এই ভিডিওর প্রসঙ্গ উঠে আসে। তার বক্তব্য দেখুন: এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, নামাজ, রোজা, হজ ও যাকাত সম্পর্কে তিনি এ ধরনের মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে নির্বাচনী প্রচারণার সময় বিরোধী দলের সমালোচনা করে দেওয়া তার একটি পুরোনো বক্তব্য খণ্ডিত ও সম্পাদনা করে প্রচার করা হয়েছে।

দাবিটির বিষয়ে অনুসন্ধানে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের ভেরিফায়েড ফেসবুক পেজে গত ৬ ফেব্রুয়ারি প্রকাশিত একই বক্তব্যের দীর্ঘ সংস্করণের একটি ভিডিও পাওয়া যায়। মূল ভিডিওটির একটি নির্দিষ্ট অংশ কেটে এবং সেটিতে মিরর ইফেক্ট (ভিডিওটি অনুভূমিকভাবে উল্টে দিয়ে) আলোচিত দাবির ভিডিওটি প্রচার করা হয়েছে।

পূর্ণাঙ্গ ভিডিওতে দেখা যায়, তিনি বোরকা পরিহিত কয়েকজন নারীর উদ্দেশ্যে প্রশ্ন করেন, পাল্লায় ভোট দিলে বেহেশতের টিকিট পাবেন, যাবেন? উপস্থিত নারীরা জবাবে বলেন, না। তখন তিনি প্রশ্ন করেন, তাহলে কিভাবে যাবেন? উত্তরে তারা বলেন, নামাজ রোজা করে। এরপর তিনি বলেন, নামাজ, রোজা, হজ, যাকাত করে বেহেশতে যাওয়া হবে নাকি? উপস্থিত সবাই উচ্চস্বরে বলেন, জ্বি। তারপর তিনি মন্তব্য করেন, এই ভুয়া কথা শুনবেন না।

পূর্ণাঙ্গ ভিডিও থেকে স্পষ্ট হয়, তিনি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিলেই বেহেশতে যাওয়া যাবে এমন প্রচারণাকে ভুয়া বলেছেন। নামাজ, রোজা, হজ ও যাকাতকে তিনি ভুয়া বলেননি। তবে আলোচিত দাবির ভিডিওতে ‘পাল্লায় ভোট’ প্রসঙ্গটি কেটে দেওয়া হয়েছে এবং উপস্থিত ব্যক্তিদের সম্মতিসূচক জবাবও বাদ দেওয়া হয়েছে, ফলে বক্তব্যের অর্থ বিকৃত হয়েছে।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। চাঁদপুর-১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচন করেন এহছানুল হক মিলন। বক্তব্যে ‘পাল্লা’ দিয়ে তিনি তার প্রতিদ্বন্দ্বী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীককে ইঙ্গিত করেছিলেন।

সুতরাং, নামাজ, রোজা, হজ ও যাকাত প্রসঙ্গে শিক্ষামন্ত্রীর নামে প্রচারিত ভিডিওটি সম্পাদিত।

তথ্যসূত্র

  • Anm Ehsanul Hoque Milon – Facebook Post
  • Rumor Scanner’s analysis.
Share: