‘আমার বিরুদ্ধে ভোট দিলেও আপনাদের কপালে শনি আছে’ বলা হাসনাতের বক্তব্যের ভিডিওটি সম্পাদিত

সম্প্রতি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত ও জামায়াতসহ ১১ দলীয় নির্বাচনি ঐক্য সমর্থিত কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হাসনাত আবদুল্লাহর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে ইঙ্গিত দেওয়া হয়েছে, হাসনাত আবদুল্লাহর তার বিরুদ্ধে ভোট দেওয়া ভোটারদের সরাসরি হুমকি দিয়েছেন। প্রচারিত ভিডিওতে হাসনাত আবদুল্লাহকে বলতে শোনা যায়, ‘আপনারা এটা ভাইবেন না আপনারা আমার বিরুদ্ধে ভোট দিয়ে আপনারা বাঁইচা যাবেন। আমার বিরুদ্ধে ভোট দিলেও বাংলাদেশের যে জায়গায় থাকি না কেন আপনাদের কপালে শনি আছে।’

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

এরূপ দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, হাসনাত আবদুল্লাহর বক্তব্যের প্রচারিত ভিডিওটি তার বক্তব্যের একটি খণ্ডিত অংশ। প্রকৃতপক্ষে, মূল ভিডিওতে হাসনাত আবদুল্লাহ তার এলাকার মাদক ব্যবসায়ীদের উদ্দেশ্য আলোচিত হুঁশিয়ারিটি দিয়েছেন। এক্ষেত্রে হাসনাত আবদুল্লাহর বক্তব্যের মূল প্রেক্ষাপট বাদ দিয়ে খণ্ডিত অংশ প্রচার করা হয়েছে যা হাসনাতের বক্তব্যের বার্তা ভুলভাবে বহন করে।

এ বিষয়ে অনুসন্ধানে ‘কুমিল্লা টেলিস্কোপ২৪’ নামের একটি ফেসবুক পেজে গত ৮ জানুয়ারিতে ‘বিএনপির প্রার্থীর এলাকায় কী বললেন হাসনাত আব্দুল্লাহ’ শীর্ষক ক্যাপশনে ১৮ মিনিট ৪৮ সেকেন্ডের একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওটিতে প্রদর্শিত দৃশ্যের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটিতে প্রদর্শিত দৃশ্যের মিল পাওয়া যায়। ভিডিওটির ১ মিনিট ৩০ সেকেন্ড পরবর্তী সময়ে হাসনাত আবদুল্লাহকে বলতে শোনা যায়, “..এই মাদকের যারা ব্যবসা করেন, আপনারা এটা ভাইবেন না আপনারা আমার বিরুদ্ধে ভোট দিয়ে আপনারা বাঁইচা যাবেন। আমার বিরুদ্ধে ভোট দিলেও বাংলাদেশের যে জায়গায় থাকি না কেন আপনাদের কপালে শনি আছে। আপনারা আপনাদের ক্বিবলা চেঞ্জ করেন, বর্ডার চেঞ্জ করেন, বার চেঞ্জ করেন, জনমানুষের কাতারে নাইমা আসেন। পরিবারগুলোকে আর নষ্ট করিয়েন না।..”

এছাড়াও, ‘হয় দেবিদ্বার মাদক থাকবে, না হয় আমি থাকব | হাসনাত আবদুল্লাহ, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক, এনসিপি’ শীর্ষক শিরোনামে ‘ইত্তেহাদ নিউজ’ নামের একটি ফেসবুক পেজেও গত ১০ জানুয়ারিতে প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওতেও হাসনাত আবদুল্লাহকে একই কথা বলতে শোনা যায়। অর্থাৎ, এ থেকে বুঝা যায় যে, হাসনাত আবদুল্লাহ তার বক্তব্যে তার বিরুদ্ধে ভোট দেওয়া ভোটারদের হুমকি দেননি বরং, তার এলাকার মাদক ব্যবসায়ীদের উদ্দেশ্য হুঁশিয়ারি দিয়েছেন। হাসনাত আবদুল্লাহর বক্তব্যের ‘এই মাদকের যারা ব্যবসা করেন’ অংশ বাদ দিয়ে খণ্ডিত অংশ প্রচার করা হয়েছে যা হাসনাতের বক্তব্যের বার্তা ভুলভাবে বহন করে।

হাসনাত কবে এরূপ বক্তব্য দিয়েছেন এ বিষয়ে অনুসন্ধানে সংবাদমাধ্যম বার্তাবাজার সূত্রে জানা যায়, গত ৮ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুমিল্লার দেবিদ্বার পৌরসভার ইকরা নগরীতে ভারতীয় আগ্রাসনবিরোধী পদযাত্রার অংশ হিসেবে একটি উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে হাসনাত আবদুল্লাহ এসব কথা বলেন।

সুতরাং, হাসনাত আবদুল্লাহ তার বিরুদ্ধে ভোট দেওয়া ভোটারদের উদ্দেশ্য করে বলেছেন “আপনারা এটা ভাইবেন না আপনারা আমার বিরুদ্ধে ভোট দিয়ে আপনারা বাঁইচা যাবেন। আমার বিরুদ্ধে ভোট দিলেও বাংলাদেশের যে জায়গায় থাকি না কেন আপনাদের কপালে শনি আছে” শীর্ষক দাবিতে প্রচারিত ভিডিওটি সম্পাদিত।

তথ্যসূত্র

Share: