সম্প্রতি শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে দাবি প্রচার করা হয়েছে, ‘ব্রেকিং নিউজ : হাম রোগের কারণে দেশের সকল স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।’

এরূপ দাবিতে টিকটকে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)।
এই প্রতিবেদনটি প্রকাশ হওয়া অবধি আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি এককভাবে ১০ হাজারেরও অধিক বার দেখা হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, হাম রোগের কারণে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছেন শীর্ষক দাবি সঠিক নয়। প্রকৃতপক্ষে, কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ ছাড়াই আলোচিত দাবি প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্ট পর্যবেক্ষণ করলে তাতে আলোচিত দাবির সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণের উল্লেখ পাওয়া যায়নি। পাশাপাশি প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে মূলধারার গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রেও কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে এরূপ কোনো ঘোষণা দেওয়া হলে তা মূলধারার সংবাদমাধ্যমে ব্যাপকভাবে প্রচার করা হতো।
বরং অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম ‘একাত্তর টিভি’র ফেসবুক পেজে গত ২ এপ্রিলে প্রচারিত একটি সংবাদ প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনে বলা হয়, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, হামের কারণে স্কুল বন্ধের কোনো সিদ্ধান্ত হয়নি।
প্রসঙ্গত, হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখতে নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। গত ২ এপ্রিল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন আইনজীবী লুৎফে জাহান পূর্ণিমা।
সুতরাং, হাম রোগের কারণে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছেন শীর্ষক দাবি মিথ্যা।


