মিশর-আর্জেন্টিনা ম্যাচে ফিফা সভাপতির প্রতিক্রিয়ার ভিডিও দাবিতে ভিন্ন দুই ম্যাচের ভিডিও প্রচার

গত ৭ জুলাই ফিফা বিশ্বকাপ ২০২৬ এর শেষ ষোলোর লড়াইয়ে মিশরকে ৩-২ গোলে হারিয়ে দেয় আর্জেন্টিনা। ম্যাচের প্রথমার্ধে একটি পেনাল্টি মিস করেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। এরই প্রেক্ষিতে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করে দাবি করা হয়েছে, ভিডিওটি মেসির পেনাল্টি মিসের পর ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্টিনোর প্রতিক্রিয়ার দৃশ্যের। প্রচারিত ভিডিওতে দেখা যায় ফিফা সভাপতি কয়েকবার হাততালি দিয়ে শান্তভাবে বসে আছেন।
এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট : ইনফোগ্রাম।
এছাড়াও, ফিফা সভাপতির আরেকটি ভিডিও প্রচার করে দাবি করা হয়েছে, ভিডিওটি মিশরের দ্বিতীয় গোল নিয়ে ফিফা সভাপতির প্রতিক্রিয়ার দৃশ্যের। এ ভিডিওতে দেখা যায় ফিফা সভাপতি একবার হাততালি দিয়ে বেশ শান্তভাবে বসে আছেন।
এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
এরূপ দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত দাবিগুলো সঠিক নয়। মেসির পেনাল্টি মিসের পর ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্টিনোর প্রতিক্রিয়ার দৃশ্য দাবিতে প্রচারিত ভিডিও প্রকৃতপক্ষে গত ৪ জুলাই মরক্কো বনাম কানাডা ম্যাচে মরক্কোর গোলের পরের দৃশ্য। এবং মিশরের দ্বিতীয় গোল নিয়ে ফিফা সভাপতির প্রতিক্রিয়ার দৃশ্য দাবিতে প্রচারিত ভিডিওটি প্রকৃতপক্ষে গত ৩০ জুনে মরক্কো বনাম নেদারল্যান্ডস ম্যাচের দৃশ্য।
১ম ভিডিও যাচাই:
মেসির পেনাল্টি মিসের পর ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্টিনোর প্রতিক্রিয়ার দৃশ্য দাবিতে প্রচারিত ভিডিওর বিষয়ে অনুসন্ধানে মরক্কো ভিত্তিক সংবাদমাধ্যম ‘Le360′ এর এক্স অ্যাকাউন্টে গত ৫ জুলাইয়ে প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওতে প্রদর্শিত দৃশ্যের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল পাওয়া যায়। এ বিষয়ে ভিডিওর ক্যাপশনে বলা হয়, ‘কানাডার বিপক্ষে আজ্জেদিন উনাহির গোলের পর ফৌজি লেকজার আনন্দ!’ (স্বয়ংক্রিয়ভাবে অনূদিত)

প্রসঙ্গত, আজ্জেদিন উনাহি মরক্কোর ফুটবলার এবং ফৌজি লেকজা মরক্কোর ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি।
এছাড়াও, মরক্কোর সংবাদমাধ্যম ‘Akhbarona’ এর ফেসবুক পেজেও গত ৫ জুলাইয়ে প্রচারিত একটি দৃশ্য পাওয়া যায় যার সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল রয়েছে। পোস্টেও এটি মরক্কো বনাম কানাডার ম্যাচের দৃশ্য বলা হয়েছে। উল্লেখ্য যে, গত ৪ জুলাই বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে কানাডাকে ৩-০ গোলে হারিয়েছে মরক্কো এবং ম্যাচে আজ্জেদিন উনাহি জোড়া গোল করেছেন। এদিকে ভিডিওটি অনলাইনে প্রচারের প্রায় দুইদিন পর গত ৭ জুলাই আর্জেন্টিনা বনাম মিশরের ম্যাচটি খেলা হয়েছে।
২য় ভিডিও যাচাই:
একই দাবির দ্বিতীয় ভিডিওর বিষয়ে অনুসন্ধানে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার একটি এক্স অ্যাকাউন্ট ‘AJE Sports’ এ গত ২ জুলাইয়ে প্রচারিত একটি ভিডিও পোস্ট পাওয়া যায়। উক্ত ভিডিওতে প্রদর্শিত দৃশ্যের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল পাওয়া যায়।

ভিডিওর বিষয়ে আল জাজিরার পোস্টের ক্যাপশনে বলা হয়েছে, ‘বিশ্বকাপ থেকে মরক্কোর কাছে নেদারল্যান্ডসের বাদ পড়ে যাওয়ার পর, ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্টিনোর প্রতিক্রিয়া দেখানোর এই ক্লিপটি (ভিডিও ক্লিপ) ইন্টারনেট দুনিয়ায় বেশ আলোচনার জন্ম দিয়েছে।’ (অনূদিত)
এছাড়াও, অনুসন্ধানে ‘Al-Estiklal English’ নামের একটি সংবাদমাধ্যমের এক্স অ্যাকাউন্টে গত ১ জুলাইয়ে আলোচিত ঘটনার একটি ভিডিও প্রচার হতে দেখা যায়। ভিডিওটির বিষয়ে ক্যাপশনে বলা হয়, এটি নেদারল্যান্ডসের বিপক্ষে মরক্কোর জয়সূচক গোলের পর ফিফা সভাপতির প্রতিক্রিয়ার দৃশ্য।
উল্লেখ্য যে, গত ৩০ জুন ‘রাউন্ড অফ ৩২’ এর ম্যাচে নেদারল্যান্ডসের সাথে ১-১ গোলে ড্র করে মরক্কো। পরবর্তীতে টাইব্রেকারে নেদারল্যান্ডসকে ৩-২ গোলে হারায় মরক্কো। এদিকে ভিডিওটি অনলাইনে প্রচারের প্রায় ৬ দিন পর গত ৭ জুলাই আর্জেন্টিনা বনাম মিশরের ম্যাচটি খেলা হয়েছে।
সুতরাং, ভিন্ন দুই ম্যাচে ফিফা সভাপতির প্রতিক্রিয়ার দৃশ্য আর্জেন্টিনা বনাম মিশরের ম্যাচে ফিফা সভাপতির প্রতিক্রিয়ার দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Le360 – X Post
- AJE Sports – X Post
- Akhbarona – Facebook Post
- Al-Estiklal English – X Post
- ESPN – Morocco vs Canada
- ESPN – Argentina vs Egypt
- ESPN – Morocco vs Netherlands

