একটা বাচ্চাও প্রধানমন্ত্রীর মেয়ের নাম জানে না শীর্ষক মন্তব্য করেননি শিক্ষামন্ত্রী

সম্প্রতি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনকে উদ্ধৃত করে ‘গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকার শিক্ষা ব্যবস্থাকে একেবারে ধ্বংস করে দিয়েছে, একটা বাচ্চা ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ের নাম জানে না!’ শিরোনামে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকার শিক্ষা ব্যবস্থাকে একেবারে ধ্বংস করে দিয়েছে, একটা বাচ্চা ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ের নাম জানে না!’ শীর্ষক মন্তব্য করেননি এহছানুল হক মিলন। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যাঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া পোস্টকে আসল খবর দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টটি পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট বিশ্বস্ত কোনো সূত্রেও আলোচিত দাবিতে কোনো সংবাদ বা তথ্য পাওয়া যায়নি।উক্ত ফটোকার্ডের সূত্রপাত অনুসন্ধানে জানা যায়, ‘দৈনিক মোল্লার দেশ’ নামের একটি ফেসবুক পেজে ১৪ এপ্রিল আলোচিত ফটোকার্ডটি পোস্ট করা হয়। ‘দৈনিক মোল্লার দেশ’ পেজটি পর্যবেক্ষণ করলে পেজের ধরনে উল্লেখ পাওয়া যায়, ‘এটি একটি স্যাটায়ার ও প্যারোডি বা ব্যঙ্গানুকরণ পেজ।’

এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এরূপ আরো অনেক ব্যঙ্গাত্মক পোস্ট পেজটিতে রয়েছে। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে, আলোচিত পোস্টটিও মূলত ব্যাঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন এমন কোনো মন্তব্য করেছেন কিনা তা যাচাই করতে এহছানুল হক মিলনের মিডিয়া সেল এবং তার ফেসবুক পেজে পর্যবেক্ষণ করেও আলোচিত দাবির পক্ষে কোনো পোস্ট বা তথ্য পাওয়া যায়নি।

সুতরাং, ড. আ ন ম এহছানুল হক মিলনকে উদ্ধৃত করে ‘গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকার শিক্ষা ব্যবস্থাকে একেবারে ধ্বংস করে দিয়েছে, একটা বাচ্চা ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ের নাম জানে না!’ শিরোনামে প্রচারিত মন্তব্যটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

Share: