‘চিকিৎসা নিতে ভারতের পরিবর্তে পাকিস্তান যাওয়া উচিত’ শীর্ষক মন্তব্য করেননি শিক্ষামন্ত্রী 

সম্প্রতি, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনকে উদ্ধৃত করে ‘পাকিস্তানের চিকিৎসা ব্যবস্থা দেখে আমি অবাক৷ এত উন্নত চিকিৎসা ব্যবস্থা ভারতেও নাই। আমাদের সবার চিকিৎসা নিতে ভারতের পরিবর্তে পাকিস্তান যাওয়া’ শিরোনামে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আলোচিত মন্তব্যটি করেননি। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া পোস্টকে আসল খবর দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টটি পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। এহছানুল হক মিলনের মতো ব্যক্তি এমন মন্তব্য করলে সে বিষয়ে গণমাধ্যমগুলোতে ঢালাওভাবে সংবাদ প্রচার হতো। গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট বিশ্বস্ত কোনো সূত্রেও আলোচিত দাবিতে কোনো সংবাদ বা তথ্য পাওয়া যায়নি।

আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের সূত্রপাতের বিষয়ে অনুসন্ধানে ‘Gupto Television’ নামের একটি ফেসবুক পেজে গত ১৯ মে আলোচিত ফটোকার্ডটি প্রথম প্রচার হতে দেখা যায়।

‘Gupto Television’ পেজটি পর্যবেক্ষণ করলে পেজের বায়োতে উল্লেখ পাওয়া যায়, ‘একটি স্যাটায়ার ও প্যারোডি প্ল্যাটফর্ম। সমস্ত কন্টেন্ট শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি। আমাদের কন্টেন্ট হাস্যরস, স্যাটায়ার এবং প্যারোডির মাধ্যমে উপস্থাপন করা হয়, যার একমাত্র উদ্দেশ্য হলো বিনোদন।’ (অনূদিত)

এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরো অনেক ব্যাঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে আলোচিত পোস্টটিও মূলত ব্যাঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।

পরবর্তীতে, ড. আ ন ম এহছানুল হক মিলন ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে আলোচিত দাবি সমর্থিত কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।

সুতরাং, শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের নামে প্রচারিত আলোচিত মন্তব্যটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

Share: