সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টে করে দাবি করা হচ্ছে, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সরকার গরিব ও অসচ্ছল মানুষের জন্য গরুর মাংস কেনার উদ্দেশ্যে জনপ্রতি ৫ হাজার টাকা সহায়তা প্রদান করছে।

উক্ত দাবির টিকটক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)। প্রচারিত পোস্টটি এখন পর্যন্ত সাড়ে ৩ লক্ষাধিক বার দেখা হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ঈদুল আজহা উপলক্ষে গরিব-দুঃখীদের গরুর মাংস কেনার জন্য সরকার ৫ হাজার টাকা দিচ্ছে এমন দাবির কোনো সত্যতা নেই। প্রকৃতপক্ষে নির্ভরযোগ্য কোনো তথ্যপ্রমাণ ছাড়াই সামাজিক যোগাযোগমাধ্যমে দাবিটি প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম কিংবা নির্ভরযোগ্য কোনো সূত্রে আলোচিত দাবির পক্ষে কোনো তথ্য বা সংবাদ পাওয়া যায়নি। সাধারণ মানুষের জন্য সরকার এমন আর্থিক সহায়তা ঘোষণা করলে তা গণমাধ্যম ও সংশ্লিষ্ট সরকারি প্ল্যাটফর্মে প্রচার হওয়ার কথা।
গণমাধ্যম সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের ১৩টি সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের জন্য ‘ঈদ উপহার’ প্রদান করা হয়েছে। গত ২২ মে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ উপলক্ষে সিটি করপোরেশনের মেয়র ও প্রশাসকদের কাছে চেক হস্তান্তর করা হয় (১)।
এছাড়া, গত ২৩ মে ঈদুল আজহা-২০২৬ উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভাতাভোগী সদস্য ও কর্মচারীদের মাঝে ঈদ উপহারসামগ্রী বিতরণ করা হয়। দেশের ৬৪ জেলার মোট ২৮ হাজার ৩৬৫ জন সদস্য ও কর্মচারীর মধ্যে এসব উপহার বিতরণ করা হয়। প্রকাশিত তথ্য অনুযায়ী, উপহারের প্যাকেটে ছিল পোলাওয়ের চাল, সেমাই, সুজি, গুঁড়া দুধ, নুডলস, চিনি এবং বিভিন্ন ধরনের রান্নার মসলা (২)। তবে কোথাও সাধারণ জনগণকে সরকারিভাবে ৫ হাজার টাকা দেওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি।
এছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিশিয়াল ফেসবুক পেজ, সরকারি ওয়েবসাইট কিংবা বিএনপির অন্যান্য অফিসিয়াল প্ল্যাটফর্মেও এ ধরনের ঘোষণার অস্তিত্ব পাওয়া যায়নি।
সুতরাং, ঈদুল আজহা উপলক্ষে গরুর মাংস কেনার জন্য সরকার গরিব-দুঃখীদের ৫ হাজার টাকা দিচ্ছে দাবিতে প্রচারিত তথ্যটি মিথ্যা ও বানোয়াট।
তথ্যসূত্র
- PMO Bangladesh – Facebook Page
- RTV – পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী
- Amar Desh – ঈদ উপহার পেলেন আনসার-ভিডিপির ২৮ হাজার ৩৬৫ সদস্য ও কর্মচারী
- Rumor Scanner’s Analysis


