“বিপ্লবের প্রস্তুতি নিচ্ছে বিরোধীদল”— সম্পাদিত কার্ডে প্রধানমন্ত্রীর নামে ভুয়া মন্তব্য

সম্প্রতি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানকে উধদৃত করে “আমরা লক্ষ করছি” বিরোধীদল দেশবাসীকে সঙ্গে নিয়ে সরকারের বিরুদ্ধে বিপ্লবের প্রস্তুতি নিচ্ছে” শিরোনামে মূলধারার গণমাধ্যম একাত্তর টিভির ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, “আমরা লক্ষ করছি” বিরোধীদল দেশবাসীকে সঙ্গে নিয়ে সরকারের বিরুদ্ধে বিপ্লবের প্রস্তুতি নিচ্ছে” শিরোনামে একাত্তর টিভি কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি এবং তারেক রহমানও এরূপ কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় একাত্তরের ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে, একাত্তর টিভির ফেসবুক পেজে গত ২৫ এপ্রিলে প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটির সাথে এই ফটোকার্ডটির ডিজাইন ও ফটোকার্ডে ব্যবহৃত ছবির মিল রয়েছে। তবে, ফটোকার্ড দুইটির শিরোনামে ভিন্নতা রয়েছে।

একাত্তর টিভির মূল ফটোকার্ডটিতে তারেক রহমানকে উদ্ধৃত করে ‘জুলাই সনদের প্রতিটি দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী’ শীর্ষক মন্তব্য থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে উক্ত বাক্যের পরিবর্তে তারেক রহমানকে উদ্ধৃত করে ‘আমরা লক্ষ করছি” বিরোধীদল দেশবাসীকে সঙ্গে নিয়ে সরকারের বিরুদ্ধে বিপ্লবের প্রস্তুতি নিচ্ছে’ শীর্ষক মন্তব্য যুক্ত করা হয়েছে।

এছাড়া, আলোচিত দাবিতে অন্য কোনো সংবাদমাধ্যমেও কোনো সংবাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। 


সুতরাং, তারেক রহমানকে উদ্ধৃত করে “আমরা লক্ষ করছি” বিরোধীদল দেশবাসীকে সঙ্গে নিয়ে সরকারের বিরুদ্ধে বিপ্লবের প্রস্তুতি নিচ্ছে” শিরোনামে একাত্তর টিভির নামে প্রচারিত এই ফটোকার্ডটি সম্পাদিত।

তথ্যসূত্র

Share: