পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফরে ৩২টি চুক্তি সই হওয়ার দাবিতে একাত্তর টিভির নামে সম্পাদিত ফটোকার্ড প্রচার

গত ৭ এপ্রিল ভারত সফরে যান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এরই প্রেক্ষিতে সম্প্রতি, “পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফর নিয়ে যা জানালেন মন্ত্রণালয়ের মুখপাত্র ৩২ টা চুক্তি সই হবে” শীর্ষক শিরোনামে মূলধারার সংবাদমাধ্যম একাত্তর টিভির ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে প্রচার করা হয়েছে। 

এরূপ দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, “পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফর নিয়ে যা জানালেন মন্ত্রণালয়ের মুখপাত্র ৩২ টা চুক্তি সই হবে” শীর্ষক তথ্যে বা শিরোনামে একাত্তর টিভি কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি বরং, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় একাত্তর টিভির ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনার মাধ্যমে এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে একাত্তর টিভির লোগো এবং ফটোকার্ডটি প্রচারের তারিখ হিসেবে ৭ এপ্রিল ২০২৬ উল্লেখ রয়েছে।

একাত্তর টিভির লোগোর সূত্র ধরে একাত্তর টিভির ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত শিরোনাম সংলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও একাত্তর টিভির ওয়েবসাইট বা অন্য কোনো গণমাধ্যমেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

তবে, গত ৭ এপ্রিলে “পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফর নিয়ে যা জানালেন মন্ত্রণালয়ের মুখপাত্র” শীর্ষক শিরোনামে একাত্তর টিভির ফেসবুক পেজে প্রচারিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। ফটোকার্ডটি পর্যালোচনা করে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের ছবি ও গ্রাফিক্যাল ডিজাইনের সাথে এর সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। তবে মূল ফটোকার্ডটিতে ‘৩২ টা চুক্তি সই হবে’ শব্দগুচ্ছ না থাকলেও আলোচিত ফটোকার্ডটিতে ‘৩২ টা চুক্তি সই হবে’ শব্দগুচ্ছ লেখা হয়েছে। এছাড়া, উক্ত শব্দগুচ্ছের ফন্টেও অমিল রয়েছে।

অর্থাৎ, একাত্তর টিভির এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফরে ‘৩২টি চুক্তি’ সই হওয়ার বিষয়ে মূলধারার গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। একাত্তর টিভির ফটোকার্ড পোস্টটির মন্তব্য সেকশনে থাকা লিঙ্কের প্রতিবেদনে বলা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস এম মাহবুবুল আলম জানান, এ সফরে দ্বিপাক্ষিক ও টেকসই সম্পর্কের বিষয়ে আলোচনা হবে। এসব বৈঠকে পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও স্বার্থের ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্কের স্থিতিশীলতা ও ধারাবাহিক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হবে বলেও জানান তিনি।

এছাড়াও, এ বিষয়ে জাগোনিউজ২৪ এর ওয়েবসাইটে গত ৮ এপ্রিলে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং তার প্রতিনিধিদল। বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে। এছাড়াও, খলিলুর রহমানের ভারত সফরে আয়োজিত সংশ্লিষ্ট বৈঠকগুলোতে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে। আলোচনার ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হবে ব্যবসা-বাণিজ্য, ট্রান্সশিপমেন্ট সুবিধা পুনঃপ্রবর্তন, জ্বালানি নিরাপত্তা, গঙ্গার পানিচুক্তির নবায়ন, সীমান্তে হত্যা বন্ধে পদক্ষেপ, বাংলাদেশি নাগরিকদের জন্য সব ধরনের ভারতীয় ভিসা প্রবর্তন, ওসমান হাদির হত্যাকারীদের প্রত্যর্পণ, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দেশটিতে মানবতাবিরোধী অভিযোগে সাজাপ্রাপ্ত আওয়ামী লীগের নেতাদের দেশে ফেরানো, শীর্ষ নেতাদের সফর বিনিময় এবং জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় ভারতের সমর্থন নিশ্চিতকরণ।

তবে ৩২টি চুক্তি সই হওয়ার বিষয়ে কোনো তথ্যের উল্লেখ পাওয়া যায়নি এসব প্রতিবেদনে।

সুতরাং, “পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফর নিয়ে যা জানালেন মন্ত্রণালয়ের মুখপাত্র ৩২ টা চুক্তি সই হবে” শীর্ষক দাবিতে একাত্তর টিভির নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।

তথ্যসূত্র

Share: