নিজ বাবা স্বাধীনতা বিরোধী ছিলেন বলে মির্জা ফখরুলের মন্তব্য দাবিতে একাত্তর টিভির সম্পাদিত ফটোকার্ড প্রচার

সম্প্রতি, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘১৯৭১ সালে আমার বাবা মির্জা রুহুল আমিন-স্বাধীনতা বিরোধী রাজাকার ছিল, কিন্তু আমিতো রাজাকার নই! বাবার অপকর্মের দায় সন্তানের উপর কেন চাপাচ্ছেন’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে একাত্তর টিভির ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন ফটোকার্ড দেখুন এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত শিরোনামে একাত্তর টিভি কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। এছাড়া মির্জা ফখরুল ইসলাম আলমগীরও এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, একাত্তর টিভির ফেসবুক পেজে প্রচারিত ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে একাত্তর টিভির লোগো দেখতে পাওয়া যায়। পাশাপাশি ফটোকার্ডটি প্রকাশের তারিখ হিসেবে ‘২৫ জানুয়ারি, ২০২৬’ উল্লেখ পাওয়া যায়।
প্রাপ্ত তথ্যগুলোর সূত্র ধরে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে গত ২৫ জানুয়ারি কিংবা সাম্প্রতিক সময়ে এমন কোনো ফটোকার্ড প্রচারিত হতে দেখা যায়নি। এছাড়াও সংবাদমাধ্যমটির ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেলেও আলোচিত দাবি সমর্থিত কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
তবে, একাত্তর টিভির ফেসবুক পেজে গত ২৫ জানুয়ারি ‘ঠাকুরগাঁওয়ে নির্বাচনী প্রচার/ ১৯৭১ সালে তারা কী করেছিল, তা ভেবে সিদ্ধান্ত নেবেন : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর’ শিরোনামে প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। ফটোকার্ডটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের ছবি ও গ্রাফিক্যাল ডিজাইনের সাথে এর সাদৃশ্য রয়েছে।

তবে, উভয় ফটোকার্ডে শিরোনামে পার্থক্য রয়েছে। এছাড়াও একাত্তর টিভির প্রচলিত ফটোকার্ডের শিরোনামে ব্যবহৃত ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডটির শিরোনামে ব্যবহৃত ফন্টের পার্থক্যও স্পষ্ট। যা থেকে নিশ্চিত হওয়া যাচ্ছে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে উক্ত ফটোকার্ডটির শিরোনাম পরিবর্তন করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
সুতরাং, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্য দাবিতে একাত্তর টিভির নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।

