নির্বাচন প্রসঙ্গে সেনাপ্রধানের মন্তব্য দাবিতে এখন টিভির সম্পাদিত ফটোকার্ড প্রচার

সম্প্রতি, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ‘আপনারা ভোট দিয়ে দুর্নীতিবাজ, সন্ত্রাসী ও চাঁদাবাজদের সংসদে পাঠাবেন-আর তারপর আমাদের কাছে নিরাপত্তা চাইবেন? এটা কেমন কথা?’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে এখন টিভির ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন ফটোকার্ড দেখুন এখানে, এখানে এবং এখানে।
একই দাবিতে টিকটক প্রাচারিত পোস্ট দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত শিরোনামে এখন টিভি কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানও এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, এখন টিভির ফেসবুক পেজে প্রচারিত ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে এখন টিভির লোগো দেখতে পাওয়া যায়। পাশাপাশি ফটোকার্ডটি প্রকাশের তারিখ হিসেবে ‘১ ফেব্রুয়ারি, ২০২৬’ উল্লেখ পাওয়া যায়।
প্রাপ্ত তথ্যগুলোর সূত্র ধরে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে গত ১ ফেব্রুয়ারি কিংবা সাম্প্রতিক সময়ে এমন কোনো ফটোকার্ড প্রচারিত হতে দেখা যায়নি। এছাড়াও সংবাদমাধ্যমটির ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল কিংবা অন্যকোনো গণমাধ্যমে উল্লিখিত দাবি সমর্থিত কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
তবে, এখন টিভির ফেসবুক পেজে গত ১ ফেব্রুয়ারি ‘খেলাধুলার সঙ্গে জড়িত কোনো খেলোয়াড়কে কখনো খারাপ কাজে দেখিনি – সেনাপ্রধান’ শিরোনামে প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। ফটোকার্ডটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের ছবি ও গ্রাফিক্যাল ডিজাইনের সাথে এর সাদৃশ্য রয়েছে।

তবে, উভয় ফটোকার্ডে শিরোনামে পার্থক্য রয়েছে। এখন টিভির ফটোকার্ডে ‘খেলাধুলার সঙ্গে জড়িত কোনো খেলোয়াড়কে কখনো খারাপ কাজে দেখিনি – সেনাপ্রধান’ শিরোনাম থাকলেও আলোচিত ফটোকার্ডে ‘আপনারা ভোট দিয়ে দুর্নীতিবাজ, সন্ত্রাসী ও চাঁদাবাজদের সংসদে পাঠাবেন-আর তারপর আমাদের কাছে নিরাপত্তা চাইবেন? এটা কেমন কথা? – সেনাপ্রধান’ শীর্ষক বাক্য লেখা রয়েছে।
এছাড়াও এখন টিভির প্রচলিত ফটোকার্ডের শিরোনামে ব্যবহৃত ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডটির শিরোনামে ব্যবহৃত ফন্টের পার্থক্যও স্পষ্ট। যা থেকে নিশ্চিত হওয়া যাচ্ছে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে উক্ত ফটোকার্ডটির শিরোনাম পরিবর্তন করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
মূল ফটোকার্ড সংবলিত এখন টিভির ফেসবুক পোস্টের মন্তব্যের ঘরে পাওয়া গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, খেলাধুলার সঙ্গে জড়িত কোনো খেলোয়াড়কে কখনো খারাপ কাজে লিপ্ত হতে দেখিনি। আমাদের দেশের যুবকদের চরিত্র গঠনের জন্য অন্যতম মাধ্যম খেলাধুলা, তাই যুবকদের আমরা বেশি বেশি খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করতে চাই। ১ ফেব্রুয়ারি দুপুরে ময়মনসিংহের ত্রিশালে আনুষ্ঠানিকভাবে প্রায় ১৭৩ একর জমিতে অলিম্পিক কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উদ্বোধী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তবে উক্ত প্রতিবেদনে আলোচিত দাবি সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।
এখন টিভি এক ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছে যে ফটোকার্ডটি তাদের তৈরি নয়।
সুতরাং, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে সেনাপ্রধানের মন্তব্য দাবিতে এখন টিভির নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।

