আজ ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬। এরই প্রেক্ষিতে ইন্টারনেটে ছড়িয়ে পড়া অপতথ্যের বিপরীতে সঠিক তথ্য তাৎক্ষণিকভাবে তুলে ধরতে রিউমর স্ক্যানারের এই লাইভ আপডেট।
কুইক লিংকনির্বাচন বিষয়ক সকল ফ্যাক্টচেকগণভোট বিষয়ক সকল ফ্যাক্টচেকপরিসংখ্যান
ফ্যাক্টচেক ১ : রাত ১২ টা ১০ মিনিট

দাবি: সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে দাবি করা হয় যে, সেনাপ্রধান নির্বাচন স্থগিত ও বাতিলের জরুরি ঘোষণা দিয়েছেন।
ফ্যাক্ট: সেনাপ্রধানের এমন কোনো বক্তব্য গণমাধ্যম কিংবা বিশ্বাসযোগ্যসূত্রে পাওয়া যায়নি। ব্লগস্পটের ফ্রি ডোমেইন সাইটের মাধ্যমে ভুয়া তথ্য ছড়ানো হয়েছে।
ফ্যাক্টচেক ২ : রাত ১২ টা ২০ মিনিট

দাবি: আগামী ১২ তারিখের নির্বাচন হবে না, রাজধানী ঢাকায় ১ কোটির বেশি নেতাকর্মী নিয়ে ছাত্রলীগের শোডাউন।
ফ্যাক্ট: এটি সাম্প্রতিক সময়ের কোনো ভিডিও নয়। প্রকৃতপক্ষে, ২০২২ সালের ডিসেম্বর মাসে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদককে স্বাগত জানিয়ে সিলেট জেলা ছাত্রলীগের মিছিলের পুরোনো ভিডিওকে সম্প্রতি নির্বাচন ইস্যুর সাথে জড়িয়ে প্রচার করা হচ্ছে।
ফ্যাক্টচেক ৩ : রাত ১২ টা ২৫ মিনিট

দাবি : একটি ফেসবুক পোস্টে দাবি করা হয়েছে যে নাসীরুদ্দীন পাটওয়ারীকে ঢাকা সেনানিবাস থেকে গ্রেফতার করা হয়েছে।
ফ্যাক্ট: নাসীরুদ্দীন পাটওয়ারীকে গ্রেফতারের দাবিটি মিথ্যা। কিছুক্ষণ আগেই তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে লাইভে এসেছেন।
ফ্যাক্টচেক ৪ : রাত ১২ টা ৪৮ মিনিট

দাবি: অবশেষে শাপলা কলি মার্কায় ১১ দলিয় জোটের প্রার্থী সুলতান মোহাম্মদ জাকারিয়াকে সমর্থন দিয়ে কাপ পিরিচ মার্কায় স্বতন্ত্র প্রার্থী কাজী মোহাম্মদ মফিজুর রহমান নির্বাচন থেকে সরে দাঁড়ালেন।
ফ্যাক্ট: দাবিটি ভুয়া। নিজের ফেসবুক প্রোফাইল থেকে লাইভে এসে তিনি জানান, নির্বাচন থেকে সরে দাঁড়াননি তিনি।
ফ্যাক্টচেক ৫ : রাত ১২টা ৫৯ মিনিট

দাবি: মূলধারার গণমাধ্যম যুগান্তরের লোগো সংবলিত একটি ফটোকার্ডের মাধ্যমে দাবি করা হচ্ছে তারেক রহমান বলেছেন, ‘আমার অতীতের হাজার কোটি টাকা দুর্নীতির দায়ে যে অভিযোগ এসেছে, সারা দেশবাসীর কাছে নিঃস্বার্থভাবে ক্ষমা চাই। আমি আর এসব দেশবিরোধী কর্মকাণ্ডের সাথে যুক্ত হবো না।’।
ফ্যাক্ট: দাবিটি ভুয়া। যুগান্তর এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি এবং তারেক রহমানও এ ধরনের কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, যুগান্তরের ফেসবুক পেজে প্রকাশিত ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনা করে তারেক রহমানের নামে আলোচিত মন্তব্যটি প্রচার করা হচ্ছে।
ফ্যাক্টচেক ৬: রাত ১ টা ৩ মিনিট

দাবি: নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান খান আঙ্গুর ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম আজাদকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
ফ্যাক্ট: আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি বাস্তব নয়। ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে দিয়ে তৈরি করা হয়েছে। তাছাড়া, এক ভিডিও বক্তব্যে এই দাবিকে মিথ্যা বলে জানিয়েছেন তিনি।
ফ্যাক্টচেক ৭ : রাত ১ টা ১৮ মিনিট

দাবি: চট্টগ্রাম ৮ ভোটারদের জন্য সুখবর। এটা আমার গ্রামের বাড়ির আসন। দাঁড়িপাল্লা মার্কায় জামায়াতে ইসলামীর প্রার্থী ডা: আবু নাসেরকে সমর্থন জানিয়ে প্রতিদ্বন্দ্বিতা হতে সরে দাঁড়িয়েছেন শাপলা কলির এনসিপি প্রার্থী আরিফ।
ফ্যাক্ট: দাবিটি ভুয়া৷ আরিফ এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন।
ফ্যাক্টচেক ৮ : রাত ১ টা ৪১ মিনিট

দাবি: “তারেক রহমান এর নির্দেশে সারাদেশে চলছে বিএনপির নেতাকর্মীদের তাণ্ডব” শিরোনামে বাংলা ভিশনের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।
ফ্যাক্ট: “তারেক রহমান এর নির্দেশে সারাদেশে চলছে বিএনপির নেতাকর্মীদের তাণ্ডব” শিরোনামে বাংলা ভিশন কোনো ফটোকার্ড কিংবা সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, বাংলা ভিশনের ফেসবুক পেজে প্রচারিত ভিন্ন একটি ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত দাবি সংবলিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
ফ্যাক্টচেক ৯ : রাত ১ টা ৪৫ মিনিট

দাবি: একই ভিডিও ছড়িয়ে দুই ধরনের দাবি করা হয়েছে। একটিতে বলা হচ্ছে, এটি ঢাকা-৮ আসনে বিএনপি ও ১১ দলীয় জোটের প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের দৃশ্য। অন্য দাবিতে বলা হয়, এটি কুমিল্লা-৬ আসনে এজেন্টদের ওপর যুবদল নেতার হামলার ঘটনা।
ফ্যাক্ট: দুই দাবিই ভুয়া। ভিডিওটি গত ৬ ফেব্রুয়ারির, ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের। সেদিন একই স্থান থেকে ধারণ করা আরেকটি ভিডিও পর্যালোচনার মাধ্যমে প্রাথমিকভাবে বিষয়টি নিশ্চিত হয়। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রিউমর স্ক্যানার প্রতিনিধির মাধ্যমে নিশ্চিত হওয়া যায়, এটি ঢাবির শহীদ ওসমান হাদি হল থেকে ধারণ করা ভিডিও। একাধিক প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলেও একই তথ্য পাওয়া গেছে। একই ঘটনার সময় ধারণ করা অন্যান্য ভিডিওর সঙ্গেও আলোচিত ভিডিওটির দৃশ্যগত মিল রয়েছে।
ফ্যাক্টচেক ১০ : রাত ০২ টা ১১ মিনিট

দাবি: জনসমর্থন না থাকায় প্রার্থীতা প্রত্যাহার করলেন বরগুনা-২ আসনের বিএনপি’র প্রার্থী নুরুল ইসলাম মনি।
ফ্যাক্ট: প্রথম আলোর ভুয়া ফটোকার্ডের মাধ্যমে দাবিটি ছড়িয়েছে। তবে মনির নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কোনো তথ্য মেলেনি। তাকে আজ ভোট দিতে ভোটারদের আহ্বান জানাতে দেখা গেছে ফেসবুক পোস্টে।
ফ্যাক্টচেক ১১ : রাত ২ টা ২৪ মিনিট

দাবি: অনলাইন গণমাধ্যম বার্তা বাজারের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড প্রচার করে দাবি করা হচ্ছে- “ঢাকা ১৭ তারেক রহমানের কর্মী যুবদল নেতা গোপনে ধানের শীষের ব্যালট পেপারে সিল মারতেছে।”
ফ্যাক্ট: বার্তা বাজার এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় বার্তা বাজারের ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনা করে এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
ফ্যাক্টচেক ১২ : রাত ০২ টা ৩৭ মিনিট

দাবি: জনসমর্থন না থাকায় বরগুনা-২ আসনের জামায়াত প্রার্থী ডা. সুলতান আহমেদ প্রার্থিতা প্রত্যাহার করেছেন।
ফ্যাক্ট: দাবিটি ভুয়া। যুগান্তর এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। পাশাপাশি, আমার দেশ তাদের নামে প্রচারিত ফটোকার্ডটিকে ভুয়া বলে জানিয়েছে। ডা. সুলতান আহমেদ নিজেও একাধিক ফেসবুক পোস্টে প্রার্থিতা প্রত্যাহারের দাবি নাকচ করেছেন।
ফ্যাক্টচেক ১৩ : রাত ২ টা ৪২ মিনিট

দাবি: নির্বাচনের আগের রাতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট প্রদানের ভিডিও।
ফ্যাক্ট: দাবিটি সত্য নয়। ভিডিওটি মূলত ২০২৪ সালের ৫ জুন ফেনীর ছাগলনাইয়া উপজেলা পরিষদ নির্বাচনে জাল ভোট দেওয়ার দৃশ্য।
ফ্যাক্টচেক ১৪ : রাত ০২ টা ৫২ মিনিট

দাবি: নোয়াখালী-১ আসনে ব্যরিস্টার মাহাবুব উদ্দিন খোকনকে সমর্থন দিয়ে সরে গেলেন হাতপাখার প্রার্থী জহিরুল ইসলাম। (কালের কণ্ঠ ফটোকার্ড)
ফ্যাক্ট: কালের কণ্ঠের ভুয়া ফটোকার্ডের মাধ্যমে দাবিটি ছড়িয়েছে। তবে জহিরুলের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কোনো তথ্য মেলেনি। তাকে আজ ভোট দিতে ভোটারদের আহ্বান জানাতে দেখা গেছে ফেসবুক পোস্টে।
ফ্যাক্টচেক ১৫ : রাত ৩ টা ১৭ মিনিট

দাবি: নির্বাচনে প্রথম লাশ! নোয়াখালীর হাতিয়ায় এনসিপি নেতা হান্নান মাসউদের কর্মীদের হাতে বিএনপি কর্মী নিহত হয়েছে।
ফ্যাক্ট: নির্বাচনী সহিংসতায় নোয়াখালীর হাতিয়ায় বিএনপি কর্মী নিহতের দাবিটি গুজব। হাতিয়ায় বিএনপি ও এনসিপি সমর্থকদের মধ্যে সংঘর্ষে কেউ নিহত হননি বলে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিউমর স্ক্যানারকে নিশ্চিত করেছেন।
ফ্যাক্টচেক ১৬ : রাত ৩ টা ২৪ মিনিট

দাবি: শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ মহিলা পোলিং এজেন্ট আটক।
ফ্যাক্ট: দাবিটি সঠিক নয়। ভিডিওটি মূলত শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াত কর্মী আটকের ঘটনার। ভিডিওতে দেখতে পাওয়া নারীর নাম লাকি দাস। তিনি উপজেলা সহকারী কমিশনার।
ফ্যাক্টচেক ১৭ : রাত ৩ টা ৩৩ মিনিট

দাবি: হাতিয়ায় এক বিএনপি কর্মী নিহত হয়েছেন দাবি ওঠার পর তাকে জীবিত দেখিয়ে হাস্যোজ্জ্বল একটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।
ফ্যাক্ট: ওই ব্যক্তি জীবিত থাকার দাবি সত্য। তবে তাকে জীবিত প্রমাণের উদ্দেশ্যে প্রচারিত ছবিটি আসল নয়; এটি এআই দিয়ে তৈরি। ছবিটিতে একাধিক এআই-জনিত অসংগতি (যেমন: পোশাকের অস্বাভাবিক পরিবর্তন) দেখা গেছে। পাশাপাশি, গুগলের সিন্থআইডি প্রযুক্তির মাধ্যমে যাচাই করে জানা যায়, ছবিটি গুগলের এআই ব্যবহার করে তৈরি।
ফ্যাক্টচেক ১৮ : রাত ৩ টা ৩৬ মিনিট

দাবি : ১২ ফেব্রুয়ারি রাত ৩টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘নির্বাচন বর্জনের সিদ্ধান্ত; জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি’ শিরোনামে যমুনা টেলিভিশনের লোগোসংবলিত একটি ফটোকার্ড প্রচার করা হয়। ফটোকার্ডে ১২ ফেব্রুয়ারি তারিখ উল্লেখ করা হয়।
ফ্যাক্ট: উক্ত শিরোনামে ১২ ফেব্রুয়ারি যমুনা টেলিভিশন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। এমন কোনো সিদ্ধান্তও দলটি নেয়নি। তবে ১১ ফেব্রুয়ারি যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে ‘রাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি’ শিরোনামে একটি ফটোকার্ড প্রকাশিত হয়েছিল।
ফ্যাক্টচেক ১৯ : রাত ৩ টা ৪৪ মিনিট

দাবি: শেষ মূহুর্তে এসে ঢাকা-৭ আসনে ধানের শীষের প্রার্থীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী ইসহাক সরকার।
ফ্যাক্ট: ঢাকা-৭ আসনে স্বতন্ত্র প্রার্থী ইসহাক সরকার নির্বাচন থেকে সরে দাড়াঁননি। প্রকৃতপক্ষে, এটি একটি মিথ্যা ও বিভ্রান্তিমূলক তথ্য বলে তিনি নিজেই এক ভিডিও বার্তায় নিশ্চিত করেছেন। পাশাপাশি, কেন্দ্রে এসে ভোটারদের ট্রাক মার্কায় ভোট দিতে উৎসাহিত করেন তিনি।
ফ্যাক্টচেক ২০ : রাত ৩ টা ৪৬ মিনিট

দাবি: দৈনিক যুগান্তরের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড প্রচার করে দাবি করা হচ্ছে, “ঢাকা ১৭ এই মুহূর্তে তারেক রহমানের বিশেষসহকারী জাল ভোটের ব্যালট বাক্সসহ পুলিশের হাতে আটক।”
ফ্যাক্ট: যুগান্তর এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, যুগান্তরের ফেসবুক পেজে ‘আশুলিয়ায় ভোট কেন্দ্র দখ/লচেষ্টা, সেনাবাহিনীর হাতে বিএনপির ১৩ নেতাকর্মী আটক’ শিরোনামে প্রকাশিত ফটোকার্ডটি সম্পাদনা করে এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
ফ্যাক্টচেক ২১ : রাত ৩ টা ৫৩ মিনিট

দাবি: দৈনিক কালের কণ্ঠের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড প্রচার করে দাবি করা হচ্ছে, “তারেক রহমানের নির্দেশে কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী আতিকুল আলম শাওন।”
ফ্যাক্ট: কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের স্বতন্ত্র প্রার্থী আতিকুল আলম শাওন নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন দাবি করে কালের কণ্ঠ এরূপ কোনো ফটোকার্ড প্রকাশ করেনি এবং এই তথ্য প্রচার অবধিশাওনও নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেননি। প্রকৃতপক্ষে, কালের কণ্ঠের ফটোকার্ড ডিজাইন নকল করে এই ভুয়া ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
ফ্যাক্টচেক ২২ : রাত ৪ টা ০৮ মিনিট

দাবি: পটুয়াখালী-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ও বহিষ্কৃত বিএনপি নেতা হাসান মামুন নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। এই আসনে বিএনপি-সমর্থিত প্রার্থী গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর একই দাবিতে একটি ফটোকার্ড শেয়ার করেছেন।
ফ্যাক্ট: হাসান মামুন নির্বাচন থেকে সরে দাঁড়াননি। বরং ভোটারদের ভোট দিতে আহ্বান জানিয়ে এক ভিডিও বার্তা দিতে দেখা গেছে তাকে।
ফ্যাক্টচেক ২৩ : সকাল ০৮ টা ৪৫ মিনিট

দাবি: অসুস্থতার কারণে নির্বাচন থেকে সরে দাড়ালেন, জামালপুর-৩ মেলান্দহ মাদারগঞ্জ আসনে ইসলামি আন্দোলনের হাতপাখার প্রার্থী, ইন্জিনিয়ার দৌলতুজ্জামান আনসারী।
ফ্যাক্ট: দাবিটি ভুয়া। গতকাল এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করা হয়।
ফ্যাক্টচেক ২৪ : সকাল ০৯ টা ২৭ মিনিট

দাবি: জামায়াত আগেই ভোট দিয়ে ফেলতাছে, নারায়ণগঞ্জ-৩ আসনে সিদ্ধিরগঞ্জ ৮নং ওয়ার্ডের ধনকুণ্ডা স্কুল নির্বাচনী কেন্দ্রে ভোট আগেই দিয়ে দিচ্ছে।
ফ্যাক্ট: দাবিটি সত্য নয়। ঘটনাস্থল পরিদর্শন শেষে সহকারী রিটার্নিং কর্মকর্তা শাহিনা ইসলাম চৌধুরী বলেন, “নির্বাচনের আগে যেসব কাজ করতে হয়, তারা সেগুলোই করছিল। ভোটার তালিকা অনুযায়ী ব্যালট মিলিয়ে দেখতে হয়। এখানে বাইরের কেউ ছিল না। এখানে দলীয় কোনো আলোচনা হচ্ছিল না। আমি বিষয়টি ভালোভাবে যাচাই করে দেখেছি।”
ফ্যাক্টচেক ২৫: সকাল ৯ টা ৪৯ মিনিট

দাবি: নির্বাচন পর্যবেক্ষক হিসেবে ভারতকে নিষিদ্ধ করেছে বাংলাদেশ।
ফ্যাক্ট: দাবিটি ভুয়া। গত জানুয়ারির সংবাদ থেকে জানা যায়, সে সময় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণের জন্য ভারতসহ ২৬টি দেশের প্রতিনিধিকে আমন্ত্রণ জানায় নির্বাচন কমিশন। তবে ভারত সে আমন্ত্রণ গ্রহণ করেনি।
ফ্যাক্টচেক ২৬ : সকাল ১০ টা ২৫ মিনিট

দাবি: ভোলায় নির্বাচনের আগের রাতেই কেন্দ্র দখল নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষের ভিডিও
ফ্যাক্ট: দাবিটি মিথ্যা। ভিডিওটি মূলত গত ১০ জানুয়ারির। সেদিন ভোলার লালমোহনে নির্বাচনী প্রচারণা নিয়ে বিএনপি ও জামায়াত সমর্থিত বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।
ফ্যাক্টচেক ২৭: সকাল ১০ টা ৫১ মিনিট

দাবি: খাগড়াছড়ির স্বতন্ত্র প্রার্থী সমীরণ দেওয়ান নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
ফ্যাক্ট: দাবিটি ভুয়া। ডিপফেক ভিডিও ও ফেসবুক পোস্টের মাধ্যমে এই দাবি করা হচ্ছে। তবে রিউমর স্ক্যানার যাচাই করে দেখেছে, তিনি আজ সকালে ভোট দিতে গিয়েছেন। তার পিএস রিউমর স্ক্যানারকে নিশ্চিত করেছেন দাবিটি ভুয়া।
ফ্যাক্টচেক ২৮: সকাল ১১ টা ২২ মিনিট

দাবি: রাতের ভোটের দৃশ্য।
ফ্যাক্ট: এটি কোনো ‘রাতের ভোটের’ দৃশ্য নয়। ছবিতে থাকা সিল মারা ব্যালটটি সাধারণ ব্যালট পেপার নয়; এটি পোস্টাল ব্যালট। পোস্টাল ব্যালটের মাধ্যমে যোগ্য ভোটাররা ডাকযোগে ভোট প্রদান করতে পারেন। এবারের নির্বাচনে প্রবাসীরাও পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন। ১০ ফেব্রুয়ারির মধ্যে প্রায় ৫ লাখ প্রবাসীদের পোস্টাল ব্যালট দেশে পৌঁছায় এবং ২৬ জানুয়ারি থেকে দেশের অভ্যন্তরে পোস্টাল ব্যালট বিতরণ শুরু হয়। অর্থাৎ, ভোটারদের কাছে আগেই এসব ব্যালট পৌঁছানো হয়েছিল। তাই এ ছবির মাধ্যমে নির্বাচনের আগের রাতে ভোট দেওয়া হয়েছে দাবি করা সঠিক নয়।
ফ্যাক্টচেক ২৯: সকাল ১১ টা ২৫ মিনিট

দাবি: ‘বিএনপির হা’মলায় হান্নান মাসুদের ছোট ভাই শহীদ হয়েছেন’ শীর্ষক একটি দাবি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।
ফ্যাক্ট: প্রকৃতিপক্ষে, আজ সকালে হান্নান মাসুদ একটি পোস্ট করেন। তবে, তিনি সেখানে নিহতের কথা উল্লেখ করেনি। পরবর্তীতে নোয়াখালীর একাধিক এনসিপি ও ছাত্রশক্তির নেতাদের সাথে যোগাযোগ করে জানা যায়, প্রচারিত ছবিটি জাহাজমারা ইউনিয়ন জাতীয় ছাত্রশক্তির সদস্য সচিব ইয়াসিন আরাফাত শান্তর। তিনি মারা যাননি বরং গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন।
ফ্যাক্টচেক ৩০: সকাল ১১ টা ৩০ মিনিট

দাবি: ঢাকা-১ আসনের ছোট মৈমন্দী এলাকায় টাকার বিনিময়ে ভোট কিনছে বিএনপি (যমুনা টিভি ফটোকার্ড)
ফ্যাক্ট: যমুনা টিভি এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। গণমাধ্যম সূত্রেও এমন তথ্য মেলেনি।
ফ্যাক্টচেক ৩১ : ১১ টা ৫৫ মিনিট

দাবি: “শেষ বেলায় নির্বাচন বর্জনের ঘোষণা ড. রেজা কিবরিয়ার” শিরোনামে একটি ফেস দ্যা পিপলের একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। উক্ত ফটোকার্ডটি ড. রেজা কিবরিয়া নিজ অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছেন এমন একটি স্ক্রিনশটও প্রচার হতে দেখা যায়।
ফ্যাক্ট: অনুসন্ধানে দেখা যায়, রেজা কিবরিয়ার অ্যাকাউন্ট থেকে থেকে এমন কোনো পোস্ট করা হয়নি। এমনকি প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করেও এমন কোনো তথ্য পাওয়া যায়নি। পাশাপাশি, ফেস দ্যা পিপল এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি বলে নিশ্চিত করেছেন ফেস দ্যা পিপলের স্টাফ রিপোর্টার রাকিবুল ইসলাম রইস।
ফ্যাক্টচেক ৩২ : দুপুর ১২ টা ০৫ মিনিট

দাবি: চট্টগ্রাম-১৪ আসনের বিএনপির প্রার্থী জসিমের প্রার্থিতা বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
ফ্যাক্ট: দাবিটি ভুয়া। ইসি এমন কোনো সিদ্ধান্ত জানায়নি।
ফ্যাক্টচেক ৩৩ : ১২ টা ২৯ মিনিট

দাবি: ডিবিসি নিউজের লোগো সংবলিত একটি ফটোকার্ডে আসিফ মাহমুদকে উদ্ধৃত করে দাবি করা হয়েছে, তিনি বলেছেন, ‘জামাত ভোট চুরি করলে আমরা তা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো না’।
ফ্যাক্ট: দাবিটি ভুয়া। ডিবিসি নিউজ এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি এবং আসিফ মাহমুদও এ ধরনের কোনো মন্তব্য করেননি। গণমাধ্যমটির একটি ফটোকার্ড সম্পাদনা করে এটি তৈরি করা হয়েছে।
ফ্যাক্টচেক ৩৪: দুপুর ১২ টা ৩২ মিনিট

দাবি: সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোলে জাল ভোট দিতে গিয়ে সেনাবাহিনীর হাতে বিএনপি নেতার আটক হওয়া ও মারধরের শিকার হওয়ার ভিডিও।
ফ্যাক্ট: দাবিটি সত্য নয়। ভিডিওটি ২০২৪ সালের আগস্টে লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতি ভবন থেকে আটক ছিনতাইকারীকে মারধরের ঘটনার।
ফ্যাক্টচেক ৩৫: দুপুর ১২টা ৩৮ মিনিট

দাবি: ‘ধানের শীষের সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সড়ে গেলেন টাঙ্গাইল ০৩ আসনের স্বতন্ত্র প্রার্থী’ শিরোনামে বাংলাভিশনের একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে।
ফ্যাক্ট: অনুসন্ধানে জানা যায়, বাংলাভিশনের ফেসবুক পেজে এমন কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, আলোচিত দাবিটি মিথ্যা বলে লাইভে এসে বলেছেন প্রার্থী নিজে।
ফ্যাক্টচেক ৩৬: দুপুর ১২ টা ৫২ মিনিট

দাবি: নির্বাচনের আগের রাতে ভোট দেওয়ার দৃশ্য।
ফ্যাক্ট: ভিডিওটি এআই-তৈরি। ভিডিওর পেছনে থাকা বাংলা লেখায় এআই-জনিত বিকৃতি রয়েছে। এছাড়া, একজনকে ব্যালটের পরিবর্তে টেবিলে সিল দিতে দেখা যায়। আরেকজন কালি নেওয়ার ভঙ্গি করলেও কোনো কালি ছাড়াই টেবিলেই সিল মারছেন। ব্যালট পেপারগুলোর ধরনও আসল ব্যালটের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। পুরো ভিডিওতেই কৃত্রিমতার ছাপ দেখা যায়।
ফ্যাক্টচেক ৩৭ : দুপুর ১২ টা ৫৭ মিনিট

দাবি: ৫ কোটি টাকাসহ লক্ষ্মীপুর-৩ আসনে জামায়াতের প্রার্থী রেজাউল করিমের গাড়ি আটকের ছবি।
ফ্যাক্ট: এটি লক্ষ্মীপুর-৩ আসনে জামায়াতের প্রার্থী রেজাউল করিমের গাড়ি আটকের ছবি নয়। প্রকৃতপক্ষে, লক্ষ্মীপুর–৩ আসনে বিএনপির প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির নির্বাচনী কাজে ব্যবহৃত টাকাসহ একটি আটক গাড়ির ছবিকে জামায়াত প্রার্থীর গাড়ি বলে দাবি করা হয়েছে।
ফ্যাক্টচেক ৩৮ : দুপুর ১ টা ২ মিনিট

দাবি: সেনা সদরদপ্তর উত্তাল, সেনা জওয়ানদেন হাতে অবরুদ্ধ ৩৭ জন অফিসার, বিদ্রোহ করেছে সেনাবাহিনীর একাংশ।
ফ্যাক্ট: দাবিটি ভুয়া। এমন কিছুই ঘটেনি। রিউমর স্ক্যানারকে নিশ্চিত করেছে আইএসপিআর কর্তৃপক্ষ।
ফ্যাক্টচেক ৩৯: দুপুর ১ টা ৯ মিনিট

দাবি: জাল ভোট দেওয়া নিয়ে কেন্দ্রে বিশৃঙ্খলার ভিডিও
ফ্যাক্ট: দাবিটি মিথ্যা। প্রচারিত ভিডিওটি খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার রসিক নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত একটি নির্বাচনী মহড়ার ভিডিও।
ফ্যাক্টচেক ৪০ : দুপুর ১ টা ১৫ মিনিট

দাবি: মিডিয়ার অভ্যন্তরীণ দ্বন্দ্বে জামায়াত নেতাদের বিরুদ্ধে গুজব ছড়ানোর জন্য জাতির কাছে দুঃখ প্রকাশ করেছে যমুনা টিভি।
ফ্যাক্ট: দাবিটি ভুয়া। যমুনা টিভি এমন কোনো সংবাদ বা ফটোকার্ড প্রকাশ করেনি। ফটোকার্ডটি ভুয়া বলে গণমাধ্যমটির নিউ মিডিয়া বিভাগের সম্পাদক রুবেল মাহমুদ রিউমর স্ক্যানারকে নিশ্চিত করেছেন।
ফ্যাক্টচেক ৪১ : দুপুর ১ টা ২১ মিনিট

দাবি: জামায়াত-শিবিরের দুর্বৃত্তরা ছাত্রদল নেত্রী মানসুরা আলমের বাড়িতে আগুন দিয়েছে।
ফ্যাক্ট: দাবিটি ভুয়া। যমুনা টিভি এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। ফেসবুকে নিয়মিত সক্রিয় মানসুরা আলমও এ ধরনের কোনো ঘটনার কথা জানাননি।
ফ্যাক্টচেক ৪২ : দুপুর ১ টা ২৬ মিনিট

দাবি: সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে দাবি করা হচ্ছে যে, নির্বাচন স্থগিত করে জাতির উদ্দেশ্যে জরুরী ঘোষণা দিচ্ছেন সেনাপ্রধান।
ফ্যাক্ট: সেনাপ্রধান নির্বাচন স্থগিত করেননি বরং, কিছুক্ষণ আগে তিনি নিজে ভোট দিয়ে সবাইকে ভোট দেওয়ার আহবান জানিয়েছেন। উল্লেখ্য, একই দাবি গত রাতেও প্রচার করা হয়েছিল।
ফ্যাক্টচেক ৪৩: দুপুর ১ টা ৩০ মিনিট

দাবি: ভোট কেন্দ্রে সেনাবাহিনীর উপর হামলা
ফ্যাক্ট: দাবিটি সত্য নয়। ভিডিওটি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজার সময় সেনাসদস্যের মানুষের চাপ সামাল দিতে হিমশিম খাওয়ার ঘটনার।
ফ্যাক্টচেক ৪৪ : দুপুর ১ টা ৩৪ মিনিট

দাবি: মূলধারার সংবাদমাধ্যম ‘চ্যানেল ২৪’ এর লোগো ঔ ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড প্রচার করে দাবি করা হচ্ছে, “৫০ লাখ টাকা সহ আটক জামায়াত নেতা।”
ফ্যাক্ট: “৫০ লাখ টাকা সহ আটক জামায়াত নেতা” শিরোনামে চ্যানেল ২৪ কোনো ফটোকার্ড কিংবা সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ৫০ লাখ টাকা সহ স্বেচ্ছাসেবক দলের নেতা আটকের ঘটনায় প্রকাশিত চ্যানেল ২৪ এর একটি ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তায় শিরোনাম পরিবর্তন করে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
ফ্যাক্টচেক ৪৫ : দুপুর ১ টা ৪৪ মিনিট

দাবি: সামাজিক যোগাযোগমাধ্যমের “দিনাজপুর-১ বুথফেরত জরিপ ৩৪ শতাংশ ভোট পড়েছে ধানের শীষে ৬০ শতাংশ ভোট দাঁড়িপাল্লায়” শিরোনামে জাতীয় দৈনিক ইনকিলাবের একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে।
ফ্যাক্ট: এমন কোনো ফটোকার্ড ইনকিলাবের ফেসবুক পেজে পাওয়া যায়নি। এছাড়া, এমন কোনো ফটোকার্ড ইনকিলাব প্রকাশ করেনি বলে নিশ্চিত করেছেন ইনকিলাবের এসিস্ট্যান্ট এডিটর মেহেদী হাসান পলাশ।
ফ্যাক্টচেক ৪৬ : দুপুর ১ টা ৪৫ মিনিট

দাবি: ভোটকেন্দ্রে যেতে বাধ্য করার পরের ফলাফল।
ফ্যাক্ট: প্রচারিত ব্যালটের ছবিটি পোস্টাল ব্যালটের। পোস্টাল ব্যালটে প্রতীকের পাশে টিক চিহ্ন দেওয়ার জন্য আলাদা বক্স থাকে, যা সাধারণ ব্যালটে থাকে না। এ ধরনের ব্যালট ভোটারদের কাছে আগেই ডাকযোগে পাঠানো হয় এবং ভোটাররা ভোট দেওয়ার পর সেটি ডাক বিভাগের মাধ্যমে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠান। তাই এই ব্যালটের ছবির মাধ্যমে ভোটকেন্দ্রে যেতে বাধ্য করার পরের ফলাফল হিসেবে দাবি করা সঠিক নয়।
ফ্যাক্টচেক ৪৭ : দুপুর ১ টা ৪৭ মিনিট

দাবি: সামাজিক যোগাযোগমাধ্যমে “জয়নুল আবেদীন ফারুক নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে! ধন্যবাদ জানাইচেন: জয়নুল আবদিন ফারুক” শিরোনামে যমুনার টিভির ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে।
ফ্যাক্ট: এমন কোনো ফটোকার্ড যমুনার টিভির ফেসবুক পেজে পাওয়া যায়নি। এছাড়া, এটি ফেইক বলে নিশ্চিত করেছেন যমুনা টিভির নিউ মিডিয়া এডিটর রুবেল মাহমুদ।
ফ্যাক্টচেক ৪৮: দুপুর ১ টা ৫১ মিনিট

দাবি: শেরপুরে ব্যালট বক্স ছিনতাইয়ের ভিডিও
ফ্যাক্ট: দাবিটি মিথ্যা। ভিডিওটি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারী কলেজে অনুষ্ঠিত সেনাবাহিনীর নির্বাচনী মহড়ার ঘটনার।
ফ্যাক্টচেক ৪৯ : দুপুর ১ টা ৫৫ মিনিট

দাবি: সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদমাধ্যম ‘আমার দেশ’ এর লোগো সংবলিত চারটি ফটোকার্ড প্রচার করা হচ্ছে।
একটি ফটোকার্ডে দাবি করা হয়েছে, ‘ডানে চাদাবাজ বামে মামলাবাজ নিয়ে ভোট দিলেন শামা ওবায়েদ’।
আরেক ফটোকার্ডে দাবি করা হয়েছে, ‘ফরিদপুর ২ আওয়ামী কালো টাকা বউয়ের নির্বাচনে ব্যয় শামার স্বামী’।
অপর আরেক ফটোকার্ডে দাবি করা হয়েছে ‘১৫ বছর পরিবারের সঙ্গে যোগাযোগ নেই শামার, মা শাহেদার অভিযোগ’।
এছাড়াও ভিন্ন আরেক ফটোকার্ডে দাবি করা হয়েছে, ‘আওয়ামী লীগের যারা ভোট দিবেন ধানের শীষের বিপরীত ভোট দিবেন, নিক্সন চৌধুরী’।
ফ্যাক্ট: এমন কোনো ফটোকার্ড ‘আমার দেশ’ এর ফেসবুক পেজে পাওয়া যায়নি। পাশাপাশি, আমার দেশের প্রচলিত ফটোকার্ডের ফন্টের সাথেও আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডগুলোর ফন্টের পার্থক্য লক্ষ্য করা যায়।
ফ্যাক্টচেক ৫০ : দুপুর ২ টা ২ মিনিট

দাবি: সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘নৌকা ছাড়া কিসের ভোট জামাত রাজাকার বিএনপি চোর’ শিরোনামে সংবাদমাধ্যম ‘জনকণ্ঠ’ এর লোগো সংবলিত একটি ফটোকার্ড প্রচার করা হচ্ছে।
ফ্যাক্ট: এমন কোনো ফটোকার্ড ‘জনকণ্ঠ’ এর ফেসবুক পেজে পাওয়া যায়নি। পাশাপাশি, ‘জনকণ্ঠ’ এর প্রচলিত ফটোকার্ডের ফন্টের সাথেও আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের ফন্টের পার্থক্য লক্ষ্য করা যায়।
ফ্যাক্টচেক ৫১ : দুপুর ২ টা ৩৭ মিনিট

দাবি: নির্বাচনের আগের রাতে ভোট দেওয়ার দৃশ্য।
ফ্যাক্ট: ভিডিওটিতে কয়েকজনকে ব্যালট পেপার গুনতে দেখা যায়। ব্যালটে থাকা প্রতীকগুলো পর্যবেক্ষণ করলে নৌকা প্রতীকও দেখা যায়। তবে এবারের নির্বাচনে নৌকা প্রতীক নেই। ফলে এটি পুরোনো কোনো নির্বাচনের ভোট গণনার ভিডিও, যা এবারের ‘ভোট ডাকাতি’র দাবিতে প্রচার করা হচ্ছে।
ফ্যাক্টচেক ৫২ : দুপুর ২ টা ৫৩ মিনিট

দাবি: নাসীরুদ্দীন পাটওয়ারী ভোটারের গলা চেপে ধরেছেন।
ফ্যাক্ট: দাবিটি সঠিক নয়। ঘটনাটির ভিডিও পর্যালোচনায় দেখা যায়, নাসীরুদ্দীন পাটওয়ারী নয়; তার পাশে থাকা একজন ব্যক্তি অপর এক ব্যক্তির গলা চেপে ধরেছেন।
ফ্যাক্টচেক ৫৩: দুপুর ২ টা ৫৮ মিনিট

দাবি: ‘ব্যালট বাক্স চিন্তাইকালে পৌর ছাত্রদল নেতা আটক। সাংবাদিক দের প্রশ্নের জবাবে ছাত্রদল নেতা বলেন- তারেক রহমান এর নির্দেশ।’ শিরোনামে মূলধারার গণমাধ্যম ইত্তেফাকের লোগো সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
ফ্যাক্ট: দাবিটি ভুয়া। ইত্তেফাক এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ইত্তেফাকের ফেসবুক পেজে প্রকাশিত ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনা করে আলোচিত দাবিটি প্রচার করা হচ্ছে।
ফ্যাক্টচেক ৫৪: দুপুর ৩ টা

দাবি: সামাজিক যোগাযোগমাধ্যমে নোয়াখালী-২ আসনের ১১ দলীয় প্রার্থী সুলতান মাহমুদ জাকারিয়া স্বতন্ত্র প্রার্থী কাজী মোহাম্মদ মফিজুর রহমানকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন শীর্ষক একটি দাবি ছড়িয়ে পড়েছে।
ফ্যাক্ট: দাবিটি মিথ্যা বলে নিশ্চিত করেছেন একাধিক গণমাধ্যকর্মী। এছাড়া, সুলতান মাহমুদ জাকারিয়া ফেসবুক অ্যাকাউন্ট বিশ্লেষণ করে দেখা যায়, ভোটকেন্দ্র সহ একাধিক পোস্ট (১, ২, ৩, ৪, ৫) করেছেন তিনি এবং তার বরাদ্দকৃত প্রতীক শাপলা কলি নিয়েও পোস্ট করেছেন।
ফ্যাক্টচেক ৫৫: দুপুর ৩ টা ০২ মিনিট

দাবি: ‘দুই এক জায়গায় আমার কর্মীরা ব্যালট বাক্স চিন্তাই করলেও সুস্থ নির্বাচন হচ্ছে’ – তারেক রহমান।
ফ্যাক্ট: দাবিটি সঠিক নয়। আমার দেশ এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি এবং তারেক রহমানও এ ধরনের মন্তব্য করেননি। গণমাধ্যমটিতে প্রকাশিত ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনা করে প্রচার করা হচ্ছে।
ফ্যাক্টচেক ৫৬: দুপুর ৩ টা ৬ মিনিট

দাবি: কুমিল্লার মুরাদনগর ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা দেখে হাসনাত আবদুল্লাহর উত্তেজিত হয়ে যাওয়ার ভিডিও।
ফ্যাক্ট: দাবিটি মিথ্যা। ভিডিওটি ২০২৪ সালের ১৭ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত গায়েবানা জানাজায় পুলিশের হামলার ঘটনায় হাসনাত আবদুল্লাহর উত্তেজিত হয়ে যাওয়ার ঘটনার।
ফ্যাক্টচেক ৫৭: দুপুর ৩ টা ১৬ মিনিট

দাবি: “হাইকমান্ডের নির্দেশে নির্বাচন থেকে সরে দাড়ালেন শেখ সুজাত মিয়া” শিরোনামে একটি ফেস দ্যা পিপলের একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ফ্যাক্ট: অনুসন্ধানে দেখা যায়, ফেস দ্যা পিপলের ফেসবুক পেজে এ সংক্রান্ত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এমনকি শেখ সুজাত মিয়ার ফেসবুক অ্যাকাউন্ট বিশ্লেষণ করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কোনো তথ্য নয় বরং, ভোটের আহবান করেন। এছাড়া, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করেও আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি। পাশাপাশি, ফেস দ্যা পিপল এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি বলে নিশ্চিত করেছেন ফেস দ্যা পিপলের স্টাফ রিপোর্টার রাকিবুল ইসলাম রইস।
ফ্যাক্টচেক ৫৮: দুপুর ৩ টা ৩০ মিনিট

দাবি: সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্য দাবিতে ‘আমাকে ভুলে যাইয়েন না আমার জন্য কেউ কান্না করবেন না’ শিরোনামে মূলধারার সংবাদমাধ্যম ‘কালের কণ্ঠ’ এর লোগো সংবলিত একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে।
ফ্যাক্ট: এমন কোনো ফটোকার্ড ‘কালের কণ্ঠ’ এর ফেসবুক পেজে পাওয়া যায়নি। কালের কণ্ঠের ফেসবুক পেজে ‘ভয় নয়, সাহস নিয়ে ভোটকেন্দ্রে যান : প্রধান উপদেষ্টা’ শিরোনামে প্রকাশিত ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। পাশাপাশি, ফটোকার্ডের ফন্টেও পার্থক্য লক্ষ্য করা যায়।
ফ্যাক্টচেক ৫৯: দুপুর ৩ টা ৪৭ মিনিট

দাবি: চ্যানেল২৪-এর লোগো সংবলিত একটি ফটোকার্ডে ঠাকুরগাঁও-১ আসনের কথিত বুথফেরত জরিপ দেখিয়ে দাবি করা হচ্ছে, ধানের শীষে ৩৩ শতাংশ এবং দাঁড়িপাল্লায় ৬১ শতাংশ ভোট পড়েছে।
ফ্যাক্ট: দাবিটি ভুয়া। চ্যানেল২৪ এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি বলে গণমাধ্যমটির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। এ ধরনের তথ্য অন্য কোনো গণমাধ্যমেও প্রকাশিত হয়নি। পাশাপাশি, এখনো ভোটগ্রহণ চলছে; বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
ফ্যাক্টচেক ৬০: দুপুর ৩ টা ৪৮ মিনিট

দাবি: “২ শতাধিক জাল ভোটের বাক্স নিয়ে সেনাবাহিনীর হাতে ধরা পড়ছে ইউনিয়ন ছাত্রদল।
ধরা খেয়ে বললেন তারেক রহমানের নির্দেশে করছেন।” শিরোনামে চ্যানেল২৪ এর একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ফ্যাক্ট: অনুসন্ধানে দেখা যায়, চ্যানেল২৪ এর ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
ফ্যাক্টচেক ৬১: বিকাল ৪ টা ৩৪ মিনিট

দাবি: “ভোটের ফলাফল মেনে নেয়া হবে না” নারী পুরুষ সবাই একযোগে রাজাকারদের ভোট দিচ্ছে। একটা দেশ এভাবে রাজাকার হয়ে যাবে ভাবতেও কষ্ট হচ্ছে। ১২ ফেব্রুয়ারি ২০২৬ -তারেক রহমান” শিরোনামে নাগরিক টিভির একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ফ্যাক্ট: উক্ত ফটোকার্ডটি সম্পাদিত। অনুসন্ধানে দেখা যায়, নাগরিক টিভির ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
ফ্যাক্টচেক ৬২: বিকাল ৪ টা ৩৬ মিনিট

দাবি: তারেক রহমান প্রার্থী হওয়া বগুড়া-৬ আসনের এক যুবদল নেতা গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ায় বহিষ্কার হয়েছেন।
ফ্যাক্ট: দাবিটি ভুয়া। যমুনা টিভির ডিজাইন সংবলিত ফটোকার্ডটি আসল নয়। এমন কোনো তথ্যও পাওয়া যায়নি। ফটোকার্ডটি ভুয়া বলে গণমাধ্যমটির নিউ মিডিয়া বিভাগের সম্পাদক রুবেল মাহমুদ রিউমর স্ক্যানারকে নিশ্চিত করেছেন।
ফ্যাক্টচেক ৬৩: বিকাল ৪ টা ৩৮ মিনিট

দাবি: ‘ভোটকেন্দ্র দখলের চেষ্টায় সেনাবাহিনীর অ্যাকশন’ দাবিতে আজকে একটি ভিডিও প্রচার করা হচ্ছে।
ফ্যাক্ট: ভিডিওটি আজকের কোনো বাস্তব ঘটনা নয়। প্রকৃতপক্ষে, নির্বাচনকে সামনে রেখে গত ০৩ ফেব্রুয়ারি করা একটি মহড়ার ভিডিও এটি।
ফ্যাক্টচেক ৬৪: বিকাল ৫ টা ১৭ মিনিট

দাবি : ‘chtnews.com’ নামক ফেসবুক পেজের ফটোকার্ড সংবাদ দাবিতে ‘ভোটের শেষ মুহূর্তে প্রার্থীতা প্রত্যাহার করে বাবু সমীরণ দেওয়ানকে সমর্থন দিলেন ধর্ম জ্যোতি চাকমা’ শীর্ষক দাবি প্রচার করা হয়েছে।
ফ্যাক্ট: chtnews.com’ ফেসবুক পেজ থেকে আলোচিত ফটোকার্ডটি নকল ও সংবাদটি ভুয়া বলে জানানো হয়েছে। ধর্মজ্যোতি চাকমাও আলোচিত দাবি গুজব বলে জানিয়েছেন।
ফ্যাক্টচেক ৬৫: বিকাল ৫ টা ১৯ মিনিট

দাবি: “শাহবাগ মেট্রোরেলে পাঞ্জাবী টুপি পরে শাহবাগ থানা ছাত্রদল অস্ত্রহাতে গ্রেফতার।” শিরোনামে মাছরাঙা টিভির একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ফ্যাক্ট: উক্ত ফটোকার্ডটি সম্পাদিত। অনুসন্ধানে দেখা যায়, মাছরাঙা টিভির ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
ফ্যাক্টচেক ৬৬: বিকাল ৫ টা ২২ মিনিট

দাবি : সামাজিক যোগাযোগ মাধ্যমে মির্জা আব্বাসের বক্তব্য দাবিতে ‘জয়ের ব্যাপারে এখনো আশাবাদী, নির্বাচন বয়কট করবো কিনা রেজাল্টের পর সিদ্ধান্ত নিবো’ শিরোনামে মূলধারার সংবাদমাধ্যম ‘চ্যানেল২৪’ এর লোগো সংবলিত একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে।
ফ্যাক্ট: এমন কোনো ফটোকার্ড ‘চ্যানেল২৪’ এর ফেসবুক পেজে পাওয়া যায়নি। পাশাপাশি, ‘চ্যানেল২৪’ এর প্রচলিত ফটোকার্ডের ফন্টের সাথেও আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের ফন্টের ও ডিজাইনের পার্থক্য লক্ষ্য করা যায়।
ফ্যাক্টচেক ৬৭: বিকাল ৫ টা ২৪ মিনিট

দাবি: ভোট কেন্দ্রে সশস্ত্র হামলা
ফ্যাক্ট: দাবিটি সত্য নয়। ভিডিওটি নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত যৌথ বাহিনীর মহড়ার।
ফ্যাক্টচেক ৬৮: বিকাল ৫ টা ২৬ মিনিট

দাবি : সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘সালাহউদ্দিন পেয়েছেন ৩৯ শতাংশ, ৫৪ শতাংশ পেয়ে এগিয়ে জামায়াতের ফারুক | ভোট দেওয়া শেষে বুথফেরতদের উপর চালানো জরিপ’ শিরোনামে মূলধারার সংবাদমাধ্যম ‘যমুনা টিভি’ এর লোগো সংবলিত একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে।
ফ্যাক্ট: এমন কোনো ফটোকার্ড ‘যমুনা টিভি’ এর ফেসবুক পেজে পাওয়া যায়নি। পাশাপাশি, ‘যমুনা টিভি’ এর প্রচলিত ফটোকার্ডের ফন্টের সাথেও আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের ফন্টের পার্থক্য লক্ষ্য করা যায়।
ফ্যাক্টচেক ৬৮: বিকাল ৫ টা ২৭ মিনিট

দাবি: “ফলাফল দাঁড়িপাল্লার দিকে ঝুঁকছে! আমার মা বেগম খালেদা জিয়ার সম্মানার্থে আমার দল বিএনপিকে সরকার গঠনে ঘোষণা দিতে হবে সেনাবাহিনীকে।: তারেক রহমান” শিরোনামে প্রথম আলোর একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ফ্যাক্ট: উক্ত ফটোকার্ডটি সম্পাদিত। অনুসন্ধানে দেখা যায়, প্রথম আলোর ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
ফ্যাক্টচেক ৬৯ : সন্ধ্যা ৬ টা ২৪ মিনিট

দাবি : সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘খাগড়াছড়িতে স্বতন্ত্র প্রার্থী ধর্ম জ্যোতি চাকমা পক্ষে জাল ভোট দিতে গিয়ে আটক ১’ শিরোনামে মূলধারার সংবাদমাধ্যম ‘আরটিভি’ এর লোগো সংবলিত একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে।
ফ্যাক্ট: এমন কোনো ফটোকার্ড ‘আরটিভি’ এর ফেসবুক পেজে পাওয়া যায়নি। পাশাপাশি, ‘আরটিভি’ এর প্রচলিত ফটোকার্ডের ফন্টের সাথেও আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের ফন্টের পার্থক্য লক্ষ্য করা যায়। প্রচারিত ফটোকার্ডে সংযুক্ত ছবির বিষয়ে অনুসন্ধানে সংবাদমাধ্যম ‘সারাবাংলা’ সূত্রে জানা যায়, ছবিটি ২০২৪ সালের নভেম্বরে বান্দরবানে আটক মোটরসাইকেল চোর চক্রের সদস্য রাহুল তংঞ্চঙ্গ্যার ছবি। সেসময় তার কাছ থেকে সাতটি সিম, তিনটি মোবাইল ও দুইটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
ফ্যাক্টচেক ৭০: সন্ধ্যা ৬ টা ২৮ মিনিট

দাবি: লক্ষ্মীপুর-১ আসনে ভোটকেন্দ্র দখল চেষ্টায় ককটেল বিস্ফোরণ এবং সংঘর্ষের ঘটনার ভিডিও
ফ্যাক্ট: দাবিটি সঠিক নয়। ভিডিওটি ২০২১ সালের জানুয়ারিতে আনুষ্ঠিত লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভার নির্বাচনে একটি ভোটকেন্দ্রের বাইরে গোলাগুলির ঘটনার।
ফ্যাক্টচেক ৭১: সন্ধ্যা ৬ টা ৩৫ মিনিট

দাবি: সুষ্ঠু ভোটের পরিবেশ নেই, প্রহসনের নির্বাচন বর্জনের ডাক সুজনের
ফ্যাক্ট: দাবিটি মিথ্যা। সুজন সংক্রান্ত এমন কোনো খবর মূলধারার গণমাধ্যম সূত্রে পাওয়া যায়নি।
ফ্যাক্টচেক ৭২ : রাত ৭ টা ৪ মিনিট

দাবি : সামাজিক যোগাযোগ মাধ্যমে মূলধারার সংবাদমাধ্যম ‘চ্যানেল২৪’ এর লোগো সংবলিত আরো দুইটি ফটোকার্ড প্রচার করা হচ্ছে।
একটি ফটোকার্ডে দাবি করা হয়েছে,‘ঠাকুরগাঁও-৩ বুথফেরত জরিপ | ২৩ শতাংশ ভোট পড়েছে ধানের শীষে | ৪৮ শতাংশ ভোট দাঁড়িপাল্লা ও | ১৮ শতাংশ ভোট লাঙল মার্কায়’।
আরেক ফটোকার্ডে দাবি করা হয়েছে, ‘বুথফেরত জরিপ: গাইবান্ধা ৩ | ১৩ শতাংশ ভোটে পিছিয়ে ধানের শীষ’।
ফ্যাক্ট: এমন কোনো ফটোকার্ড ‘চ্যানেল২৪’ এর ফেসবুক পেজে পাওয়া যায়নি। পাশাপাশি, ‘চ্যানেল২৪’ প্রচলিত ফটোকার্ডের ফন্টের সাথেও আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডগুলোর ফন্টের পার্থক্য লক্ষ্য করা যায়।
ফ্যাক্টচেক ৭৩: সন্ধ্যা ৭ টা ২৭ মিনিট

দাবি: “নির্বাচন বর্জনের সিদ্ধান্ত; বিএনপির জরুরি সংবাদ সম্মেলন” শিরোনামে চ্যানেল ২৪ এর একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ফ্যাক্ট: উক্ত ফটোকার্ডটি ভুয়া। চ্যানেল ২৪ এর ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে এমন কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি।
ফ্যাক্টচেক ৭৪: সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট

দাবি: ডিএমপি কমিশনার এসএম সাজ্জাত আলী অভিযোগ করেন তার ভোট ভিন্ন ব্যক্তি দিয়ে দিয়েছেন।
ফ্যাক্ট: দাবিটি সঠিক নয়। মূলত, ডিএমপি কমিশনার গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলার সময় ২০১৮ সালের নির্বাচনের স্মৃতিচারণ করে জানান, সেসময় তিনি ভোট প্রদান করতে এসে শোনেন তার ভোট ভিন্ন ব্যক্তি দিয়ে দিয়েছেন।
ফ্যাক্টচেক ৭৫ : সন্ধ্যা ৭ টা ৩৮ মিনিট

দাবি: এক ব্যক্তির দ্রুত সিল মারার একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে- এটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন বিএনপির নেতা কর্তৃক ব্যালট পেপারে সিল মারার দৃশ্য।
ফ্যাক্ট: দাবিটি মিথ্যা। ভিডিওটি পাকিস্তানের ২০১৭ সালের ভিডিও।
ফ্যাক্টচেক ৭৬ : সন্ধ্যা ৭ টা ৪২ মিনিট

দাবি: জামালপুরে ভোট দিতে কেন্দ্রে না যাওয়ায় পুলিশের পাহারায় সংখ্যালঘু সম্প্রদায়ের ঘর-বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালিয়েছে জামায়াতে ইসলামীর লোকজন।
ফ্যাক্ট: প্রচারিত ভিডিওটির অস্তিত্ব গত ০৪ ফেব্রুয়ারি (১, ২) থেকেই ইন্টারনেটে পাওয়া যায়। তবে ভিডিওর প্রেক্ষাপট নিশ্চিত করা যায়নি।
ফ্যাক্টচেক ৭৭ : রাত ৭ টা ৪৮ মিনিট

দাবি : সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি প্রচার করা হচ্ছে, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘হেরে গেলেও এবার আর দেশ ছেড়ে পালাবো না’।
ফ্যাক্ট: এরূপ কোনো মন্তব্য করেননি তারেক রহমান। প্রকৃতপক্ষে ‘আশার আলো’ নামক একটি সার্কাজম পেজ থেকে ব্যাঙ্গাত্মক উদ্দেশ্যে ছড়ানো পোস্টকে আসল খবর দাবিতে প্রচার করা হয়েছে।
ফ্যাক্টচেক ৭৮ : রাত ৭ টা ৫৯ মিনিট

দাবি : ঝিনাইদহে দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্টের স্বাক্ষরিত ২৩টি রেজাল্ট শীট উদ্ধার।
ফ্যাক্ট: শুধু দাঁড়িপাল্লা নয় বরং ধানের শীষের এজেন্টরাও ফাঁকা ফলাফল শীটে আগাম স্বাক্ষর করেছিলেন। পরবর্তীতে সেগুলো বাতিল করা হয়েছে।
ফ্যাক্টচেক ৭৯ : রাত ৮ টা ০১ মিনিট

দাবি : স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘রাতের বেলা কেউই বেশি ভোট দিতে পারে নাই’।
ফ্যাক্ট: এরূপ কোনো মন্তব্য করেননি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। প্রকৃতপক্ষে ‘গরম টিভি’ নামক একটি সার্কাজম পেজ থেকে ব্যাঙ্গাত্মক উদ্দেশ্যে ছড়ানো পোস্টকে আসল খবর দাবিতে প্রচার করা হয়েছে।
ফ্যাক্টচেক ৮০: রাত ৮ টা ৪৪ মিনিট

দাবি: নির্বাচনের ভোট গণনার ফল ইলেকশন ওয়াচ বাংলাদেশ নামে একটি সরকারি ওয়েবসাইটে প্রকাশ করা হচ্ছে।
ফ্যাক্ট: ইসি আনুষ্ঠানিকভাবে অনলাইনে কোথাও ফল বা হালনাগাদ তথ্য প্রকাশ করছে না। ইসি ভবনে উপস্থিত সাংবাদিকরা রিউমর স্ক্যানারকে বিষয়টি নিশ্চিত করেছে।
ফ্যাক্টচেক ৮১: রাত ১১ টা ০১ মিনিট

দাবি: নির্বাচনকে কেন্দ্র করে নুরুল হক নূরের পাঞ্জাবি খুলে নিয়েছে জামায়াত-শিবির।
ফ্যাক্ট: দাবিটি ভুয়া। প্রচারিত ভিডিওটি ২০২৩ সালের। গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে মালিকপক্ষ তালা দিলে সেখানে প্রবেশের চেষ্টা করতে গিয়ে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির সময় নুরুল হক নূরের পাঞ্জাবি ও গেঞ্জি ছিঁড়ে যায়। ভিডিওটি ওই ঘটনারই দৃশ্য, নির্বাচনের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।
ফ্যাক্টচেক ৮২: রাত ১১ টা ১১ মিনিট

দাবি: বরিশাল-৫ আসনের প্রার্থী ডা. মনীষা চক্রবর্তী বিজয়ী হয়েছেন।
ফ্যাক্ট: দাবিটি ভুয়া। মনীষা নিজেই এক ফেসবুক পোস্টে জানিয়েছেন, বরিশাল-৫ আসনে সংসদ সদস্য পদে নির্বাচনে তিনি বিজয়ী হননি। পোস্টে তার এজেন্টদের কাছ থেকে প্রাপ্ত তথ্যও উল্লেখ করেছেন তিনি।
ফ্যাক্টচেক ৮৩: রাত ১১ টা ৫৫ মিনিট

দাবি: ভুল করে মির্জা ফখরুল দাঁড়িপাল্লায় ভোট দিয়েছেন। টিকটক, ফেসবুক পোস্ট।
ফ্যাক্ট: এমন তথ্য গণমাধ্যম সূত্রে পাওয়া যায়নি। Mohammad Marjan নামের একটি ফেসবুক প্রোফাইল থেকে ফটোকার্ডটি বানিয়ে প্রচার করা হয়েছে, যাতে কোনো তথ্যসূত্র বা প্রমাণাদি উপস্থাপন করা হয়নি।


