সারাদেশে ১৫০ আসনে ভোট পুনর্গণনা হচ্ছে শীর্ষক ভুয়া দাবি টিকটকে ভাইরাল 

গত ১২-ই ফেব্রুয়ারির নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার সদস্যদের আনুষ্ঠানিকভাবে দপ্তর বণ্টন করা হয়েছে এবং গতকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নিয়েছেন। তার মধ্যে কিছু কিছু আসনে বিএনপি সমর্থনকারী এবং জামায়াত কর্তৃক আলাদা আলাদাভাবে ভোট পুনর্গণনার দাবি জানানো হয়েছে। এরই প্রেক্ষিতে, সারাদেশে ১৫০ আসনে ভোট ভোট পুনর্গণনা হচ্ছে দাবিতে একটি ভিডিও সামাজিক মাধ্যম টিকটকে প্রচার করা হয়েছে।

এই প্রতিবেদন প্রকাশ অবধি টিকটকে প্রচারিত ভিডিওটি ২০ লক্ষ বার দেখা হয়েছে।

উক্ত ভিডিওটি দেখুন: এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, নির্বাচন কমিশনকে উদ্ধৃত করে সারাদেশে ১৫০ আসনে ভোট ভোট পুনর্গণনা হচ্ছে শীর্ষক দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, কয়েকটি আসনে ভোট পুনর্গণনার দাবি জানানো হলেও কেবল আদালতের নির্দেশ পেলে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন খোদ নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। এছাড়া, প্রচারিত ভিডিওটিও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে, বিশ্বস্ত কোনো সূত্র বা প্রতিষ্ঠিত গণমাধ্যমে ১৫০ আসনে ভোট পুনর্গণনা হওয়ার আদেশ সংক্রান্ত দাবির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি।

বিষয়টি অধিকতর নিশ্চিতে নির্বাচন কমিশনে যোগাযোগ করা হলে ইসি থেকে রিউমর স্ক্যানারকে নিশ্চিত করা হয়েছে যে, আর নির্বাচন কমিশনে আপিল করার কোনো সুযোগ নেই। নির্বাচনের ফলাফল গেজেট হিসেবে প্রকাশিত হওয়ার পর প্রার্থীরা হাইকোর্টে আপিল করতে পারবেন।

এছাড়া, প্রচারিত ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সহায়তার নির্মিত কি না সে বিষয়ে জানতে ভিডিওটি ডিপফেক ও মিটারের বেশ কয়েকটি টুলে পরীক্ষা করা হলে, এটি এআই নির্মিত হওয়ার সম্ভবনা প্রায় শতভাগ বলে ফলাফল আসে।

উল্লেখ্য, দুই-তৃতীয়াংশের বেশি আসন পেয়ে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের নেতৃত্বে গতকাল (মঙ্গলবার) নতুন সরকার গঠন করেছে বিএনপি।

সুতরাং, নির্বাচন কমিশনকে উদ্ধৃত করে সারাদেশে ১৫০ আসনে ভোট পুনর্গণনা হচ্ছে বলে দাবি করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: