নির্বাচন বাতিলের দাবিতে আ.লীগপন্থী আইনজীবীদের বিক্ষোভ মিছিলের দাবিটি ভুয়া

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এমন পরিস্থিতে সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা নির্বাচন বাতিলের দাবিতে আদালত বর্জন করে বিক্ষোভ মিছিল করেছে দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ইউটিউবে প্রচারিত একই ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
একই দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, নির্বাচন বাতিলের দাবিতে আদালত বর্জন করে আওয়ামী লীগপন্থী আইনজীবীদের বিক্ষোভ মিছিল করার দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, আলোচিত ভিডিওটি ২০২৩ সালের এবং বিএনপিপন্থী আইনজীবীদের। সেসময় সুপ্রিম কোর্টসহ সব আদালত প্রাঙ্গণে কোনো ধরনের মিছিল বা সমাবেশ না করার বিষয়ে হাইকোর্টের দেওয়া রায় অনুসরণের জন্য আইনজীবীদের নির্দেশ দেয় আপিল বিভাগ। যার প্রতিবাদে তখন বিএনপিপন্থী আইনজীবীরা কালো পতাকা মিছিল করেন।
এ বিষয়ে অনুসন্ধানে গণমাধ্যম কিংবা কোনো নির্ভরযোগ্য সূত্রে সাম্প্রতিক সময়ে নির্বাচন বাতিলের দাবিতে আদালত বর্জন করে আওয়ামী লীগপন্থী আইনজীবীদের বিক্ষোভ মিছিল করার কোনো তথ্য পাওয়া যায়নি।
পরবর্তীতে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে অনলাইন গণমাধ্যম ঢাকা পোস্টের ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ৩০ আগস্ট বিএনপির আইনজীবীদের কালো পতাকা মিছিল | Supreme Court | BNP Lawyers শিরোনামে প্রচারিত একটি ভিডিওর সন্ধান পাওয়া যায়। প্রাপ্ত ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, এর সাথে আলোচিত দাবিতে প্রচারিত বিক্ষোভ মিছিলের মিল রয়েছে।

উক্ত ভিডিওটির বিস্তারিত বিবরণী থেকে প্রাপ্ত ঢাকা পোস্টের মূল প্রতিবেদন থেকে জানা যায়, সেবছরের ২৯ আগস্ট আপিল বিভাগের দুই বিচারপতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও মিছিল সমাবেশ করায় বিএনপিপন্থী সাত আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন দায়ের করা হয়। এরপর
৩০ আগস্ট ততকালীন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বিভাগ সুপ্রিম কোর্টসহ সব আদালত প্রাঙ্গণে কোনো ধরনের মিছিল বা সমাবেশ না করার বিষয়ে হাইকোর্টের রায় কঠোরভাবে অনুসরণের জন্য আইনজীবীদের নির্দেশ দেয়। যার প্রতিবাদে ও আপিল বিভাগের দুই বিচারপতির পদত্যাগের দাবিতে সেদিন দুপুরে বিএনপিপন্থী আইনজীবীরা কালো পতাকা মিছিল করেন।
উল্লেখ্য, ২০০৫ সালে বিচারপতি আব্দুল মতিন ও বিচারপতি এ এফ এম আব্দুর রহমানের হাইকোর্ট বেঞ্চ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আইনজীবীদের মিছিল সমাবেশ না করার নির্দেশ দিয়েছিলেন।
সুতরাং, নির্বাচন বাতিলের দাবিতে আদালত বর্জন করে আওয়ামী লীগপন্থী আইনজীবীদের বিক্ষোভ মিছিল করার দাবিটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Dhaka Post Youtube Channel: বিএনপির আইনজীবীদের কালো পতাকা মিছিল | Supreme Court | BNP Lawyers
- Dhaka Post Website: সুপ্রিম কোর্টের বাইরে বিএনপির আইনজীবীদের কালো পতাকা মিছিল
- Rumor Scanner’s Analysis

